আল কুরআন


সূরা লুকমান (আয়াত: 24)

সূরা লুকমান (আয়াত: 24)



হরকত ছাড়া:

نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ ﴿٢٤﴾




হরকত সহ:

نُمَتِّعُهُمْ قَلِیْلًا ثُمَّ نَضْطَرُّهُمْ اِلٰی عَذَابٍ غَلِیْظٍ ﴿۲۴﴾




উচ্চারণ: নুমাত্তি‘উহুম কালীলান ছুম্মা নাদতাররুহুম ইলা-‘আযা-বিন গালীজ।




আল বায়ান: আমি তাদেরকে অল্প ভোগ করতে দেই, তারপর তাদেরকে কঠোর আযাব ভোগ করতে বাধ্য করব।




আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ২৪. আমরা তাদেরকে ভোগ করতে দেব স্বল্প(১)। তারপর আমরা তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব।




তাইসীরুল ক্বুরআন: অল্প সময়ের জন্য তাদেরকে ভোগ করতে দেব, অবশেষে তাদেরকে গুরুতর শাস্তিতে (প্রবেশ করতে) বাধ্য করব।




আহসানুল বায়ান: (২৪) আমি স্বল্পকালের জন্য ওদেরকে উপভোগ করতে দেব। অতঃপর ওদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব। [1]



মুজিবুর রহমান: আমি তাদেরকে জীবনোপকরণ ভোগ করতে দিব স্বল্পকালের জন্য। অতঃপর তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব।



ফযলুর রহমান: আমি তাদেরকে অল্পকালের জন্য (দুনিয়ার সুখ) উপভোগ করতে দেব। তারপর তাদেরকে এক কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব।



মুহিউদ্দিন খান: আমি তাদেরকে স্বল্পকালের জন্যে ভোগবিলাস করতে দেব, অতঃপর তাদেরকে বাধ্য করব গুরুতর শাস্তি ভোগ করতে।



জহুরুল হক: আমরা তাদের অল্পসময়ের জন্য উপভোগ করতে দেব, তাদের তাড়িয়ে নেব প্রচন্ড শাস্তির দিকে।



Sahih International: We grant them enjoyment for a little; then We will force them to a massive punishment.



তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।


তাফসীরে যাকারিয়া

অনুবাদ: ২৪. আমরা তাদেরকে ভোগ করতে দেব স্বল্প(১)। তারপর আমরা তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব।


তাফসীর:

(১) স্বল্প পরিমানও হতে পারে। আবার স্বল্প সময়ের জন্যও উদ্দেশ্য হতে পারে। দুনিয়ায় কাফেররা যা-ই পায় তা আখেরাতের তুলনায় পরিমানে স্বল্প আবার আখেরাতের তুলনায় স্বল্প সময়ের জন্যেই পেয়ে থাকে। [তাবারী, কুরতুবী, বাগভী]


তাফসীরে আহসানুল বায়ান

অনুবাদ: (২৪) আমি স্বল্পকালের জন্য ওদেরকে উপভোগ করতে দেব। অতঃপর ওদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব। [1]


তাফসীর:

[1] অর্থাৎ, আর কতদিন পৃথিবীর সংসার অবশিষ্ট থাকবে এবং তার বিলাস-সামগ্রী ও নিয়ামত উপভোগ করতে থাকবে? এই সংসার ও তার সুখসামগ্রী তো কিছু দিনের জন্য মাত্র। তার পরে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আর শাস্তি।


তাফসীরে ফাতহুল মাজীদ


তাফসীর: ২২-২৪ নং আয়াতের তাফসীর:



যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহ তা‘আলার ইবাদত করে ও তাঁর আনুগত্য করে এবং যাবতীয় আদেশ পালন ও নিষেধাজ্ঞা সম্বলিত বিষয় থেকে বিরত থেকে নিজেকে আল্লাহ তা‘আলার কাছে আত্মসমর্পণ করে সে ব্যক্তি আল্লাহ তা‘আলার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করল যা কখনো ছিঁড়ে জাহান্নামে পড়ে যাবে না। আল্লাহ তা‘আলাকে পাওয়ার জন্য এ রজ্জুই যথেষ্ট।



এরপর আল্লাহ তা‘আলা তাঁর রাসূলকে সান্ত্বনা প্রদান করে বলছেন: তোমার আহ্বান শোনার পর যদি কেউ কুফরী করে তাতে তুমি দুঃখ প্রকাশ কর না। তারা এ দুনিয়াতে কুফরী করার পর অবশেষে আমার নিকটই তাদেরকে ফিরে আসতে হবে। তাদের দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। সুতরাং তখন তাদেরকে কুফরীর শাস্তি প্রদান করা হবে। আল্লাহ তা‘আলা বলেন:



(قُلْ إِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَي اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَ ط مَتَاعٌ فِي الدُّنْيَا ثُمَّ إِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِيْقُهُمُ الْعَذَابَ الشَّدِيْدَ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ)‏



“বল: ‘যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তারা সফলকাম হবে না।’ পৃথিবীতে তাদের জন্য আছে কিছু সুখ-সম্ভোগ; পরে আমারই নিকট তাদের প্রত্যাবর্তন। অতঃপর কুফরীর কারণে তাদেরকে আমি কঠোর শাস্তির আস্বাদ গ্রহণ করাব।” (সূরা ইউনূস ১০:৬৯-৭০)



আয়াত হতে শিক্ষণীয় বিষয়:



১. একনিষ্ঠভাবে আল্লাহ তা‘আলার ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে কোন প্রকার একনিষ্ঠতার ঘাটতি থাকলে চলবে না।

২. দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। আর তখন মানুষকে আল্লাহ তা‘আলার নিকটেই ফিরে যেতে হবে।


তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)


তাফসীর: ২২-২৪ নং আয়াতের তাফসীর

আল্লাহ তা'আলা বলেনঃ যে ব্যক্তি বিশুদ্ধ চিত্তে আমল করে, যে সত্যভাবে আল্লাহর অনুগত হয়, যে শরীয়তের অনুসারী হয়, আল্লাহর আদেশের উপর আমল করে এবং তার নিষিদ্ধ কাজ হতে বিরত থাকে সে দৃঢ় রঞ্জুকে ধারণ করলো, সে যেন আল্লাহর ওয়াদা নিয়েছে যে, সে আল্লাহর আযাব হতে রক্ষা পাবে। কাজের শেষ পরিণতি আল্লাহরই অধিকারে রয়েছে।

এরপর মহান আল্লাহ স্বীয় নবী (সঃ)-কে সম্বোধন করে বলেনঃ তুমি কাফিরদের কুফরীর কারণে মোটেই চিন্তিত হয়ো না। তাদেরকে আমারই কাছে প্রত্যাবর্তন করতে হবে। সে সময় আমি তাদেরকে তাদের আমলের পূর্ণ প্রতিফল প্রদান করবো। আমার কাছে তাদের কোন আমলই গোপন নেই। আমি স্বল্পকালের জন্যে তাদেরকে জীবনোপকরণ ভোগ করতে দিবো। অতঃপর তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করবো। যেমন আল্লাহ তা'আলা অন্য আয়াতে বলেনঃ (আরবি)

অর্থাৎ “নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তারা সফলকাম হবে না, পার্থিব সুখ-সম্ভোগ তো এদের জন্য রয়েছে, পরে আমারই নিকট এদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তাদেরকে তাদের কুফরীর কারণে কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাববা।” (১০:৬৯-৭০)





সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।