সূরা ত্ব-হা (আয়াত: 101)
হরকত ছাড়া:
خالدين فيه وساء لهم يوم القيامة حملا ﴿١٠١﴾
হরকত সহ:
خٰلِدِیْنَ فِیْهِ ؕ وَ سَآءَ لَهُمْ یَوْمَ الْقِیٰمَۃِ حِمْلًا ﴿۱۰۱﴾ۙ
উচ্চারণ: খা-লিদীনা ফীহি ওয়া ছাআ লাহুম ইয়াওমাল কিয়া-মাতি হিম লা-।
আল বায়ান: সেখানে তারা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন এটা তাদের জন্য বোঝা হিসেবে কতই না মন্দ হবে!
আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ১০১. সেটাতে তারা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন তাদের জন্য এ বোঝা হবে কত মন্দ!
তাইসীরুল ক্বুরআন: তারা এ অবস্থাতেই স্থায়ীভাবে থাকবে, কিয়ামাতের দিন এ বোঝা তাদের জন্য কতই না মন্দ হবে!
আহসানুল বায়ান: (১০১) ঐ (পাপের শাস্তি)তে ওরা স্থায়ী হবে[1] এবং কিয়ামতের দিন এই বোঝা ওদের জন্য কত মন্দ হবে।
মুজিবুর রহমান: তাতে তারা স্থায়ী হবে এবং কিয়ামাত দিবসে এই বোঝা তাদের জন্য কত মন্দ!
ফযলুর রহমান: তারা তাতে (তার অপরিহার্য পরিণতি জাহান্নামে) চিরকাল থাকবে। কেয়ামতের দিন এটা তাদের জন্য খুব খারাপ একটা বোঝা হবে;
মুহিউদ্দিন খান: তারা তাতে চিরকাল থাকবে এবং কেয়ামতের দিন এই বোঝা তাদের জন্যে মন্দ হবে।
জহুরুল হক: এর তলায় সে অবস্থান করে রইবে। আর কিয়ামতের দিনে তাদের জন্য এ বোঝা বড়ই মন্দ!
Sahih International: [Abiding] eternally therein, and evil it is for them on the Day of Resurrection as a load -
তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।
তাফসীরে যাকারিয়া
অনুবাদ: ১০১. সেটাতে তারা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন তাদের জন্য এ বোঝা হবে কত মন্দ!
তাফসীর:
-
তাফসীরে আহসানুল বায়ান
অনুবাদ: (১০১) ঐ (পাপের শাস্তি)তে ওরা স্থায়ী হবে[1] এবং কিয়ামতের দিন এই বোঝা ওদের জন্য কত মন্দ হবে।
তাফসীর:
[1] না ওরা তা হতে বাঁচতে পারবে আর না পালাতে।
তাফসীরে ফাতহুল মাজীদ
তাফসীর: ৯৯-১০১ নং আয়াতের তাফসীর:
অত্র আয়াতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি আল্লাহ তা‘আলার অনুগ্রহের বর্ণনা দিয়ে বলছেন; আমি তোমার কাছে পূর্ববর্তীদের ঘটনা ও সংবাদ সেভাবে বর্ণনা করি যেভাবে মূসা, হারূন, ফির‘আউন ও সামিরীর ঘটনা সত্যসহ বর্ণনা করেছি। তুমি এসকল ঘটনা জানতে না, পড়নি এবং যারা পড়েছে তাদের কাছ থেকে শিক্ষাও নাওনি। আর আহলে কিতাবরা এ সব ঘটনার সত্যতা অস্বীকার করতে পারবে না। সুতরাং তুমি তাদের কাছে এসব ঘটনা সঠিকভাবে বর্ণনা করে দিচ্ছো। এতেই প্রমাণিত হয়, তুমি একজন আল্লাহ তা‘আলা প্রেরিত রাসূল, তুমি যা নিয়ে এসেছ তা সত্য। এজন্য আল্লাহ তা‘আলা বলেছেন: ‘আমি আমার পক্ষ থেকে তোমাকে দান করেছি উপদেশ’ তা হল কুরআন।
সুতরাং মানুষ এ কুরআন থেকে উপদেশ গ্রহণ করে সতর্ক হবে, পূর্ববর্তীদের ন্যায় অবাধ্য হয়ে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেবে না।
وِزْرًا অর্থ বোঝা, অর্থাৎ যারা এসকল পূর্ববর্তী অবাধ্য লোকদের পরিণতি জানার পরও ঈমান আনবে না বরং মুখ ফিরিয়ে নেবে তারা কিয়ামতের দিন তাদের পাপের বোঝা বহন করবে। আর তা তাদের জন্য কতই না মন্দ।
আল্লাহ তা‘আলা বলেন:
(قَدْ خَسِرَ الَّذِیْنَ کَذَّبُوْا بِلِقَا۬ئِ اللہِﺚ حثج اِذَا جَا۬ءَتْھُمُ السَّاعَةُ بَغْتَةً قَالُوْا یٰحَسْرَتَنَا عَلٰی مَا فَرَّطْنَا فِیْھَاﺫ وَھُمْ یَحْمِلُوْنَ اَوْزَارَھُمْ عَلٰی ظُھُوْرِھِمْﺚ اَلَا سَا۬ئَ مَا یَزِرُوْنَ)
“যারা আল্লাহর সম্মুখীন হওয়াকে (পুনরুত্থান) মিথ্যা বলেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি অকস্মাৎ তাদের নিকট যখন কিয়ামত উপস্থিত হবে তখন তারা বলবে, ‘হায় আফসোস! একে যে আমরা অবহেলা করেছি।” তারা তাদের পিঠে নিজেদের পাপ বহন করবে; দেখ, তারা যা বহন করবে তা অতি নিকৃষ্ট!” (সূরা আন‘আম ৬:৩১)
তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)
তাফসীর: ৯৯-১০১ নং আয়াতের তাফসীর:
আল্লাহ তাআলা স্বীয় নবী হযরত মুহাম্মদকে (সঃ) বলছেনঃ যেমন আমি মূসার (আঃ) ঘটনাকে প্রকৃতরূপে তোমার সামনে বর্ণনা করে দিয়েছি, তেমনিভাবে আরো অনেক অতীতের ঘটনা তোমার সামনে আমি হুবহু বর্ণনা করেছি। আমি তোমাকে মহান কুরআন দান করেছি। ইতিপূর্বে কোন বীকে এর চেয়ে বেশী পূর্ণতা প্রাপ্ত, বেশী অর্থবহ এবং বেশী বরকতময় কিতাব প্রদান করা হয় নাই। এই কুরআন কারীমই হচ্ছে সবচেয়ে বেশী উন্নতমানের কিতাব। এর মধ্যে অতীতের ঘটনাবলী, ভবিষ্যতের কার্যাবলী এবং প্রতিটি কাজের পন্থা বর্ণিত হয়েছে। যারা এটাকে মানে না, এর থেকে বিমুখ হয়, এর আহকাম হতে পালিয়ে যায় এবং এটাকে বাদ দিয়ে অন্য কিছুতেই হিদায়াত অনুসন্ধান করে সে পথভ্রষ্ট এবং জাহান্নামী। কিয়ামতের দিন সে নিজের বোঝা নিজেই বহন করবে এবং ওটা হবে খুবই মন্দ বোঝা। যে এর সাথে কুফরী করবে সে জাহান্নামে যাবে। কিতাবী হোক বা গায়ের কিতাবী হোক, আরবী হোক বা আজমী হোক যেই এটাকে অস্বীকার করবে সেই জাহান্নামী হবে। যেমন ঘোষিত হয়েছেঃ (আরবী) অর্থাৎ “আমি এর দ্বারা তোমাদেরকে ভয় প্রদর্শন ও সতর্ক করছি এবং তাদেরকেও যাদের কাছে এটা পৌঁছবে।` (৬:১৯) সুতরাং এর অনুসরণকারী হিদায়াতপ্রাপ্ত এবং এর বিরোধিতাকারী পথভ্রষ্ট ও হতভাগ্য। দুনিয়াতেও সে ধ্বংস হলো এবং আখেরাতেও হবে সে জাহান্নামী। ঐ আযাব থেকে সে কখনো মুক্তি ও পরিত্রাণ ও পাবে না এবং সেখান থেকে পালিয়ে যেতেও সক্ষম হবে না। সেই দিন তারা যে বোঝা বহন করবে তা হবে খুবই মন্দ বোঝা।
সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।