সূরা আল-আ‘রাফ (আয়াত: 188)
হরকত ছাড়া:
قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون ﴿١٨٨﴾
হরকত সহ:
قُلْ لَّاۤ اَمْلِکُ لِنَفْسِیْ نَفْعًا وَّ لَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ وَ لَوْ کُنْتُ اَعْلَمُ الْغَیْبَ لَاسْتَکْثَرْتُ مِنَ الْخَیْرِۚۖۛ وَ مَا مَسَّنِیَ السُّوْٓءُ ۚۛ اِنْ اَنَا اِلَّا نَذِیْرٌ وَّ بَشِیْرٌ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ﴿۱۸۸﴾
উচ্চারণ: কুল লাআমলিকুলিনাফছী নাফ‘আওঁ ওয়ালা-দাররান ইল্লা-মা-শাআল্লা-হু ওয়া লাও কুনতুআ‘লামূল গাইবা লাছতাকছারতুমিনাল খাইরি ওয়ামা-মাছছানিয়াছ ছূউ ইন আনা ইল্লা-নাযীরুওঁ ওয়া বাশীরুল লিকাওমিইঁ ইউ’মিনূন।
আল বায়ান: বল, ‘আমি আমার নিজের কোন উপকার ও ক্ষতির ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যা চান। আর আমি যদি গায়েব জানতাম তাহলে অধিক কল্যাণ লাভ করতাম এবং আমাকে কোন ক্ষতি স্পর্শ করত না। আমিতো একজন সতর্ককারী ও সুসংবাদদাতা এমন কওমের জন্য, যারা বিশ্বাস করে’।
আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ১৮৮. বলুন, আল্লাহ যা ইচ্ছে করেন তা ছাড়া আমার নিজের ভাল-মন্দের উপরও আমার কোন অধিকার নেই। আমি যদি গায়েবের খবর জানতাম তবে তো আমি অনেক কল্যাণই লাভ করতাম এবং কোন অকল্যাণই আমাকে স্পর্শ করত না। ঈমানদার সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া আমি তো আর কিছুই নই।(১)
তাইসীরুল ক্বুরআন: বল, আল্লাহ যা ইচ্ছে করেন তা ছাড়া আমার নিজের ভাল বা মন্দ করার কোন ক্ষমতা আমার নেই। আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে নিজের জন্য অনেক বেশি ফায়দা হাসিল করে নিতাম, আর কোন প্রকার অকল্যাণই আমাকে স্পর্শ করত না। যারা ঈমান আনবে আমি সেই সম্প্রদায়ের প্রতি সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া অন্য কিছু নই।
আহসানুল বায়ান: (১৮৮) বল, ‘আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমার নিজের ভাল-মন্দের উপরই আমার কোন অধিকার নেই। আমি যদি অদৃশ্যের খবর জানতাম, তাহলে তো আমি প্রভূত কল্যাণ লাভ করতাম এবং কোন অকল্যাণই আমাকে স্পর্শ করত না। আমি তো শুধু বিশ্বাসী সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদবাহী।’[1]
মুজিবুর রহমান: তুমি বলঃ আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া আমার নিজের ভাল-মন্দ বিষয়ে আমার কোন অধিকার নেই। আমি যদি অদৃশ্য তত্ত্ব ও খবর জানতাম তাহলে আমি রবের কল্যাণ লাভ করতে পারতাম, আর কোন অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারতনা, আমিতো শুধু মু’মিন সম্প্রদায়ের জন্য একজন ভয় প্রদর্শনকারী ও সুসংবাদবাহী।
ফযলুর রহমান: বল, “আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমি আমার নিজেরও কোন উপকার কিংবা ক্ষতি করতে পারি না। আমি যদি অদৃশ্য বিষয় জানতাম তাহলে বেশি করে কল্যাণ লাভ করতাম এবং অকল্যাণ আমাকে স্পর্শ করত না। বস্তুত আমি ঈমানদার লোকদের জন্য একজন সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া আর কিছু নই।”
মুহিউদ্দিন খান: আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু যা আল্লাহ চান। আর আমি যদি গায়বের কথা জেনে নিতে পারতাম, তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম, ফলে আমার কোন অমঙ্গল কখনও হতে পারত না। আমি তো শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ঈমানদারদের জন্য।
জহুরুল হক: বলো -- "আমার কোনো অধিকার নেই আমার নিজেরই কোনো লাভ বা ক্ষতি করবার -- আল্লাহ্ যা চান তা-ব্যতীত। আর যদি আমি অদৃশ্যের সম্যক্ জ্ঞান রাখতাম তবে কল্যাণের প্রাচুর্য বানিয়ে নিতাম, আর কোনো অনিষ্ট আমাকে স্পর্শ করতো না। আমি তো একজন সতর্ককারী বই নই, আর একজন সুসংবাদদাতা সেই লোকদের জন্য যারা ঈমান এনেছে।
Sahih International: Say, "I hold not for myself [the power of] benefit or harm, except what Allah has willed. And if I knew the unseen, I could have acquired much wealth, and no harm would have touched me. I am not except a warner and a bringer of good tidings to a people who believe."
তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।
তাফসীরে যাকারিয়া
অনুবাদ: ১৮৮. বলুন, আল্লাহ যা ইচ্ছে করেন তা ছাড়া আমার নিজের ভাল-মন্দের উপরও আমার কোন অধিকার নেই। আমি যদি গায়েবের খবর জানতাম তবে তো আমি অনেক কল্যাণই লাভ করতাম এবং কোন অকল্যাণই আমাকে স্পর্শ করত না। ঈমানদার সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া আমি তো আর কিছুই নই।(১)
তাফসীর:
(১) এ আয়াতে মুশরিক ও সাধারণ মানুষের সেই ভ্রান্ত আকীদার খণ্ডন করা হয়েছে; যা তারা নবী-রাসূলগণের ব্যাপারে পোষণ করত যে, তারা গায়েবী বিষয়েও অবগত রয়েছেন। তাদের এই শির্কী আকীদার খণ্ডন উপলক্ষে বলা হয়েছে যে, ইলমে-গায়েব এবং সমগ্র বিশ্বের প্রতিটি অণু-পরমাণুর ব্যাপক ইলম শুধুমাত্র আল্লাহ তা'আলারই রয়েছে। এটা তারই বিশেষ বৈশিষ্ট্য। এতে কোন সৃষ্টিকে অংশীদার সাব্যস্ত করা, তা ফিরিশতাই হোক আর নবী ও রাসূলগণই হোক, শির্ক এবং মহাপাপ। তেমনিভাবে প্রত্যেক লাভ-ক্ষতি কিংবা মঙ্গল-অমঙ্গলের মালিক হওয়াও এককভাবে আল্লাহ তা'আলারই গুণ। এতে কাউকে অংশীদার দাঁড় করানোও শির্ক।
বস্তুতঃ এই শির্ক বা আল্লাহ রাব্বুল আলামীনের সাথে কোন অংশীদারিত্বের আকীদাকে খণ্ডন করার জন্যই কুরআন নাযিল হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাব ঘটেছে। তাই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস ওয়াসাল্লামকে নির্দেশ দেয়া হয়েছে যে, আপনি ঘোষণা করে দিন যে, আমি আলেমুল-গায়েব নই যে, যাবতীয় পূর্ণ জ্ঞান আমার থাকা অনিবার্য হবে। তাছাড়া আমার যদি গায়বী জ্ঞান থাকতই, তবে আমি প্রত্যেকটি লাভজনক বস্তুই হাসিল করে নিতাম, কোন একটি লাভও আমার হাতছাড়া হতে পারত না। আর প্রতিটি ক্ষতিকর বিষয় থেকে সর্বদা রক্ষিত থাকতাম। কখনো কোন ক্ষতি আমার ধারে-কাছে পর্যন্ত পৌছাতে পারত না। অথচ এতদুভয় বিষয়ের কোনটিই বাস্তব নয়। বহু বিষয় রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ত্ত করতে চেয়েছেন, কিন্তু তা করতে পারেননি।
তাছাড়া বহু দুঃখ-কষ্ট রয়েছে যা থেকে আত্মরক্ষার জন্য তিনি ইচ্ছা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাতে পতিত হতে হয়েছে। হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বেঁধে সাহাবায়ে কেরামের সাথে উমরা করার উদ্দেশ্যে হারাম শরীফের সীমানা পর্যন্ত এগিয়ে যান, কিন্তু হারাম শরীফে প্রবেশ কিংবা উমরা করা তখনো সম্ভব হতে পারেনি; সবাইকে ইহরাম খুলে ফিরে আসতে হয়েছে। তেমনিভাবে ওহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আহত হন এবং মুসলিমদেরকে সাময়িক পরাজয় বরণ করতে হয়। এমনি আরো বহু অতি প্রসিদ্ধ ঘটনা রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংঘটিত হয়েছে। এ সবগুলো থেকেই প্রমাণিত হচ্ছে যে, তিনি গায়েবের জ্ঞান রাখেন না। শুধু ততটুকুই জানেন, যতটুকু আল্লাহ তাদের জানিয়েছেন। আর আল্লাহ তাদেরকে জানিয়ে দেয়ার পর সেটা জানাকে আর গায়েবের জ্ঞান বলা যাবে না।
তাফসীরে আহসানুল বায়ান
অনুবাদ: (১৮৮) বল, ‘আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমার নিজের ভাল-মন্দের উপরই আমার কোন অধিকার নেই। আমি যদি অদৃশ্যের খবর জানতাম, তাহলে তো আমি প্রভূত কল্যাণ লাভ করতাম এবং কোন অকল্যাণই আমাকে স্পর্শ করত না। আমি তো শুধু বিশ্বাসী সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদবাহী।’[1]
তাফসীর:
[1] এই আয়াত এ বিষয়টিকে কত স্পষ্ট করে যে, নবী (সাঃ) গায়বের খবর জানতেন না। গায়েবের জ্ঞান কেবল মহান আল্লাহর আছে। কিন্তু অন্যায় ও অজ্ঞতা এমন সীমা ছাড়িয়ে গেছে যে, এ সত্ত্বেও বিদআতীরা নবী (সাঃ)-কে গায়বের খবর জানতেন বলে মনে করে! যুদ্ধে তাঁর দাঁত মুবারক শহীদ হয়েছে, তাঁর মুখ মন্ডলও রক্তাক্ত হয়েছে। সে সময় তিনি বলেছিলেন যে, ‘‘সেই জাতি কিভাবে সফল হতে পারে, যে জাতি তার নবীর মাথা যখম করে দেয়!’’ (হাদীস গ্রন্থে উক্ত ঘটনা ও নিমেনর ঘটনাও বর্ণিত হয়েছে,) আয়েশা (রাঃ) র চরিত্রে যখন কলঙ্ক দেওয়া হয়, তখন পূর্ণ একমাস নবী (সাঃ) অত্যন্ত অস্থিরতা ও পেরেশানী ভোগ করেন। একটি ইয়াহুদী মহিলা তাঁকে দাওয়াত দিয়ে খাবারে বিষ মিশিয়ে দেয়; যা তিনি ও সাহাবাগণও খেয়ে ফেলেন। এমন কি ঐ বিষাক্ত খাবার খেয়ে একজন সাহাবীর মৃত্যুও ঘটে। আর খোদ নবী (সাঃ) জীবনভোর বিষের প্রতিক্রিয়া ভোগ করেন। এই ঘটনা ও অন্যান্য বহু ঘটনা প্রমাণ করে যে, গায়বের খবর না জানার ফলেই তাঁকে এরূপ কষ্ট যাতনা ভোগ করতে হয়েছিল। যাতে কুরআনের এই সত্যতাই প্রমাণিত হয় যে, ‘‘যদি আমি গায়ব জানতাম, তাহলে আমার কোন অমঙ্গল হত না।’’
তাফসীরে ফাতহুল মাজীদ
তাফসীর: ১৮৭-১৯২ নং আয়াতের তাফসীর:
কিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ (সাঃ)-কে জিজ্ঞাসা করলে আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ (সাঃ)-কে বলে দিচ্ছেন, বল: কিয়ামত কখন হবে সে জ্ঞান একমাত্র আল্লাহ তা‘আলার কাছে। তিনি তা যথাসময়ে ঘটাবেন।
অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন:
(إِنَّ اللّٰهَ عِنْدَه۫ عِلْمُ السَّاعَةِ ج وَيُنَزِّلُ الْغَيْثَ ج وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ ط وَمَا تَدْرِيْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ط وَمَا تَدْرِيْ نَفْسٌۭ بِأَيِّ أَرْضٍ تَمُوْتُ ط إِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ )
“নিশ্চয় আল্লাহরই কাছে রয়েছে কিয়ামত সম্পর্কে জ্ঞান এবং তিনিই বৃষ্টি বর্ষণ করেন, আর তিনিই জানেন যা কিছু আছে গর্ভাধারে। কেউ জানে না আগামীকাল সে কী আয় করবে এবং কেউ জানে না কোন্ স্থানে সে মারা যাবে। নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন, সব খবর রাখেন।” (সূরা লুকমান ৩১:৩৪)
(ثَقُلَتْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ)
‘সেটা হবে আকাশসমূহ ও পৃথিবীতে একটি ভয়ংকর ঘটনা।’ কাতাদাহ (রাঃ) বলেন: অর্থাৎ এ জ্ঞান আকাশ ও পৃথিবীবাসীদের কাছে অস্পষ্ট ও গোপনীয়। তারা তা জানতে পারবে না।
হাসান বাসরী (রাঃ) বলেন: যখন কিয়ামত আসবে তখন আকাশ ও পৃথিবীবাসীদের ওপর তা ভারী হয়ে যাবে। (ইবনু কাসীর, অত্র আয়াতের তাফসীর)
(كَأَنَّكَ حَفِيٌّ)
‘তুমি এ বিষয়ে সবিশেষ অবহিত মনে করে’ মুফাসসিরগণ এর অনেক অর্থ বর্ণনা করেছেন। তবে সঠিক কথা ইবনু আব্বাস (রাঃ) বলেন: যখন তারা নাবী (সাঃ)-কে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে তখন এমন ভঙ্গীতে জিজ্ঞাসা করে যেন তিনি কিয়ামত সংঘঠিত হবার তারিখ অবগত রয়েছেন। এ জন্য আল্লাহ তা‘আলা ওয়াহী করে বললেন, বলে দাও যে- এ জ্ঞান আল্লাহ তা‘আলা ছাড়া অন্য কারো নেই। (ইবনু কাসীর, অত্র আয়াতের তাফসীর)
(قُلْ لَّا أَمْلِكُ لِنَفْسِيْ نَفْعًا)
‘নিজের ভাল-মন্দের ওপরও আমার কোন অধিকার নেই।’ আল্লাহ তা‘আলার রাসূল নিজের কোন কল্যাণ ও অকল্যাণের মালিক নন এবং তিনি গায়েবও জানেন না। যদি তা জানতেন তাহলে তিনি সকল কল্যাণ গ্রহণ করতেন, অকল্যাণ তাঁকে স্পর্শ করতে না। এ সম্পর্কে পূর্বের সূরাগুলোতে অনেক আলোচনা হয়েছে।
(وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا)
‘তা হতে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন যাতে সে তার নিকট শান্তি পায়।’ অর্থাৎ আদম (আঃ) থেকে হাওয়া (আলাইহাস সালাম)-কে সৃষ্টি করেছেন যাতে তিনি তার নিকট প্রশান্তি ও সুখ লাভ করেন। অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন:
(وَمِنْ اٰیٰتِھ۪ٓ اَنْ خَلَقَ لَکُمْ مِّنْ اَنْفُسِکُمْ اَزْوَاجًا لِّتَسْکُنُوْٓا اِلَیْھَا وَجَعَلَ بَیْنَکُمْ مَّوَدَّةً وَّرَحْمَةًﺚ اِنَّ فِیْ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَکَّرُوْنَﭤ)
“আর তার দৃষ্টান্তগুলোর মধ্যে একটি এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ কর এবং তিনি সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে ভালবাসা ও দয়া। নিশ্চয়ই এতে ঐসব লোকের জন্য নিদর্শন রয়েছে যারা গভীরভাবে চিন্তা করে।” (সূরা রূম ৩০:২১)
আল্লাহ তা‘আলা নারী-পুরুষের মাঝে পারস্পরিক ভালবাসা ও সম্প্রীতি সৃষ্টি করেছেন। এ চাহিদা তারজোড়া সৃষ্টির মাধ্যমে পূরণ হয় এবং এক অপরের নৈকট্য ও ভালবাসা অর্জন করে। সুতরাং বাস্তবতা এই যে, স্বামী-স্ত্রীর মাঝে যে ভালবাসা ও আন্তরিকতা দেখা যায় তা পৃথিবীর আর কারো মাঝে দেখা যায় না।
(فَلَمَّا تَغَشَّاهَا)
‘অতঃপর যখন সে তার সাথে মিলিত হয়’ অর্থাৎ যখন হাওয়া (আঃ)-এর সাথে আদম (আঃ) দৈহিক সম্পর্ক করলেন।
(حَمْلًا خَفِيْفًا فَمَرَّتْ بِهِ)
‘তখন সে এক হালকা গর্ভধারণ করে’ অর্থাৎ গর্ভ ধারণের শুরুর দিনগুলোতে প্রথমত স্ত্রীর গর্ভে স্বামীর বীর্য স্থির হয়, অতঃপর বীর্য থেকে শুক্র, তারপর রক্তপিণ্ড এবং তা হতে মাংস পিণ্ডে পরিণত হয় যা স্ত্রীগর্ভে ধারণ করে চলাফেরা করতে কোন কষ্ট হয় না।
(فَلَمَّا أَثْقَلَتْ دَعَوَا اللّٰهَ)
‘গর্ভ যখন ভারী হয়ে যায় তখন তারা (স্বামী-স্ত্রী) উভয়ে তাদের প্রতিপালক আল্লাহর নিকট প্রার্থনা করে’ অর্থাৎ যখন পেটে বাচ্চার আকার ধারণ করল তখন উভয়ে আল্লাহ তা‘আলার কাছে দু‘আ করল: হে আল্লাহ! আমাদেরকে একটি নিখুঁত ও সুন্দর সন্তান দিলে অবশ্যই আমরা শুকরিয়া আদায় করব।
কারণ পিতা-মাতার ভয় থাকে, না জানি সন্তানের কোন অঙ্গহানি বা বিকৃত অঙ্গ হয় কিনা।
(جَعَلَا لَه۫ شُرَكَا۬ءَ)
‘তারা আল্লাহর সাথে শরীক করে’ এ আয়াতের দু’টি তাফসীর আলেমদের কাছে সুপরিচিত। কুরআন তার একটিকে সমর্থন করে।
১. বলা হয়: হাওয়া (আলাইহাস সালাম)-এর যত সন্তান হত সবই ভূমিষ্টের পর মারা যেত। একদা তিনি গর্ভবতী হলেন। এ সুযোগে শয়তান এসে বলল: এবার যে সন্তান হবে তার নাম “আবদুল হারেস” রাখ তাহলে মারা যাবে না। হারেস ছিল শয়তানের একটি নাম। সন্তান ভূমিষ্ট হবার পর তিনি তাই করলেন। তাই আল্লাহ তা‘আলা বললেন, যখন সুসন্তান দিলাম তখন তারা শির্ক করল। (হাদীসটি যঈফ, সিলসিলা যঈফাহ হা: ৩৪২) এরূপ আরো মিথ্যা কাহিনী বর্ণনা করা হয়।
২. আয়াতের অর্থ: আল্লাহ তা‘আলা আদম ও হাওয়া (আলাইহিমাস সালাম)-কে যখন সৎ সন্তান দান করলেন তখন তার পরবর্তী বংশধর কুফরী করল।
মূলত আদম ও হাওয়ার দিকে সম্বোধন করে তাদের বংশধরকে বুঝানো হয়েছে। যেমন আল্লাহ তা‘আলা বলেন:
(وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ)
“আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের আকৃতি দান করেছি।” (সূরা আ‘রাফ ৭:১১)
দ্বিতীয় মতের ওপর প্রমাণ বহন করে আয়াতের পরের অংশ। আল্লাহ তা‘আলা বলেছেন:
(فَلَمَّآ اٰتٰهُمَا صَالِحًا جَعَلَا لَه۫ شُرَكَا۬ءَ فِيْمَآ اٰتٰهُمَا ج فَتَعٰلَي اللّٰهُ عَمَّا يُشْرِكُوْنَ أَيُشْرِكُوْنَ مَا لَا يَخْلُقُ شَيْئًا وَّهُمْ يُخْلَقُوْنَ )
“তিনি যখন তাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করলেন, তখন তাদেরকে যা দেয়া হল সে সম্বন্ধে তারা আল্লাহর সাথে শরীক করে, আর তারা যাকে শরীক করে আল্লাহ তা অপেক্ষা অনেক ঊর্ধ্বে। তারা কি এমন বস্তুকে শরীক করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না? বরং তারা নিজেরাই সৃষ্ট।”
এটাই কুরআনের দলীল যে, এখানে মুশরিক বলতে বানী আদমকে বুঝানো হয়েছে আদম ও হাওয়া (আঃ)-কে নয়। এ মত পোষণ করেছেন- হাসান বসরী ও ইমাম ইবনু কাসীর (রাঃ)। (আযউয়াউল বায়ান, ২/২২৬) কারণ একজন নাবী কখনো শির্ক করতে পারেন না।
সুতরাং সকল নাবীদের ইমাম সর্বশেষ নাবী মুহাম্মাদ (সাঃ) যদি কোন কল্যাণ ও অকল্যাণের মালিক না হন তাহলে তথাকথিত পীর, গাউস, কুতুব ও মাযারে শায়িত ব্যক্তিরা কিভাবে কল্যাণের মালিক হতে পারে? তাই সকল প্রকার কল্যাণ ও অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ তা‘আলা। অতএব শুধু তাঁর কাছেই আমাদের চাওয়া উচিত।
আয়াত হতে শিক্ষণীয় বিষয়:
১. কিয়ামত কখন হবে তা একমাত্র আল্লাহ তা‘আলা ভাল জানেন।
২. কিয়ামত হঠাৎ করে আসবে।
৩. রাসূলুল্লাহ (সাঃ) নিজেই নিজের ভাল-মন্দের মালিক না তাহলে কি করে তিনি অন্যের জন্য ভাল বা মন্দ করবেন।
৪. রাসূলুল্লাহ (সাঃ) গায়েব জানেন না; কেবল আল্লাহ তা‘আলাই জানেন।
৫. স্ত্রী সৃষ্টির লক্ষ ও উদ্দেশ্যের অন্যতম একটি হল তার নিকট প্রশান্তি লাভ।
৬. আল্লাহ তা‘আলার কাছে সৎ সন্তান কামনা করা দরকার।
তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)
তাফসীর: এখানে আল্লাহ তাআলা স্বীয় রাসূল (সঃ)-কে নির্দেশ দিচ্ছেন- হে নবী (সঃ)! তুমি সমস্ত বিষয়ের সম্পর্ক আল্লাহর দিকে ফিরিয়ে দাও। নিজের সম্পর্কে তুমি বলে দাও-ভবিষ্যতের জ্ঞান আমারও নেই। হ্যা, তবে আল্লাহ যেটা বলে দেন একমাত্র সেটাই আমি বলতে পারি। যেমন আল্লাহ পাক বলেনঃ (আরবী) অর্থাৎ “তিনি (আল্লাহ) অদৃশ্যের সংবাদ জ্ঞাত, তাঁর অদৃশ্য বিষয় কারো উপর প্রকাশিত হয় না (তার অদৃশ্য বিষয় কেউ জানতে পারে না)।” (৭২:২৬)
আল্লাহ পাকের উক্তিঃ হে নবী (সঃ)! তুমি বলে দাও আমি যদি অদৃশ্যের বিষয় জানতাম তবে আমি নিজের জন্যে অনেক কিছু কল্যাণ জমা করে নিতাম। অর্থাৎ যদি আমি আমার মত্যর সংবাদ অবগত হতাম যে, কোন তারিখে আমি মারা যাবো, তবে তাড়াহুড়া করে অনেক সকাজ করে ফেলার চেষ্টা করতাম। এটা হচ্ছে মুজাহিদ (রঃ)-এর উক্তি। ইবনে জুরাইহও এটাই বলেন। কিন্তু এ কথায় চিন্তা ভাবনার অবকাশ রয়েছে। কেননা, রাসূলুল্লাহ (সঃ)-এর সমস্ত কাজ ভালই ছিল এবং তিনি যে কাজই করতেন তা স্থায়ীভাবেই করতেন। তাঁর সমস্ত কাজ একই রকমের ছিল। প্রত্যেক আমলের সময় তার দৃষ্টি আল্লাহর দিকেই থাকতো। মোটকথা, তাঁর কোন আমলই ভাল ছাড়া মন্দ হতো না। হ্যাঁ, ভাবার্থ এরূপ হতে পারে- আমি যদি অদৃশ্যের সংবাদ জানতাম যে, জনগণের কোন্ ধরনের মঙ্গল কোন্ কাজে রয়েছে, তবে আমি তাদেরকে তা অবহিত করতাম। হযরত ইবনে আব্বাস (রাঃ) (আরবী) -এর অর্থ সম্পদ নিয়েছেন এবং এটাই উত্তমও বটে। অথবা ভাবার্থ হবে- যে জিনিস ক্রয়ে লাভ বা উপকার রয়েছে তা আমার জানা থাকলে ওটা অবশ্যই ক্রয় করতাম। আর কোন জিনিস বিক্রয় করতাম না যে পর্যন্ত না ওর লাভ জানতাম। মোটকথা, ব্যবসায়ে কখনও ক্ষতিগ্রস্ত হতাম না বা কাউকেও ক্ষতিগ্রস্ত হতে দিতাম না। অথবা দারিদ্র বা সংকীর্ণতা আমাকে কখনো স্পর্শ করতো না। কেউ কেউ এ অর্থও নিয়েছেন- দুর্ভিক্ষ আসার খবর জানলে পূর্বেই বহু খাদ্য জমা করে রাখতাম। সস্তার সময় কিনতাম এবং দুর্মূল্যের সময় বিক্রী করতাম। ফলে আমাকে দারিদ্র স্পর্শ করতে পারতো না। কেননা, আমার ক্ষতিগ্রস্ত হওয়ার কোন সম্ভাবনাই থাকতো না।
(আরবী) আমি শুধু (জাহান্নাম হতে) ভয় প্রদর্শনকারী এবং (জান্নাতের) সুসংবাদদাতা। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “আমি কুরআনকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি, যেন এর মাধ্যমে মুত্তাকীদেরকে (জান্নাতের) সুসংবাদ দাও এবং বিবাদী ও ঝগড়াটে লোকদেরকে (জাহান্নাম হতে) ভয় প্রদর্শন কর।”
সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।