সূরা আল-হজ্জ (আয়াত: 15)
হরকত ছাড়া:
من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ ﴿١٥﴾
হরকত সহ:
مَنْ کَانَ یَظُنُّ اَنْ لَّنْ یَّنْصُرَهُ اللّٰهُ فِی الدُّنْیَا وَ الْاٰخِرَۃِ فَلْیَمْدُدْ بِسَبَبٍ اِلَی السَّمَآءِ ثُمَّ لْیَقْطَعْ فَلْیَنْظُرْ هَلْ یُذْهِبَنَّ کَیْدُهٗ مَا یَغِیْظُ ﴿۱۵﴾
উচ্চারণ: মান কা-না ইয়াজু ন্নুআল্লাইঁ ইয়ানসুরাহুল্লা-হুফিদদুনইয়া-ওয়াল আ-খিরাতি ফালইয়ামদুদ বিছাবাবিন ইলাছ ছামাইছু ম্মাল ইয়াকতা‘ ফালইয়ানজু র হাল ইউযহিবান্না কাইদুহূমাইয়াগীজ।
আল বায়ান: যে ধারণা করে যে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে কখনো তাকে (রাসূলকে) সাহায্য করবেন না, সে আসমানের দিকে একটি রশি প্রসারিত করুক, এরপর তা কেটে দিক, অতঃপর দেখুক তার কৌশল তার আক্রোশ দূর করে কিনা।
আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ১৫. যে কেউ মনে করে, আল্লাহ তাকে কখনই দুনিয়া ও আখেরাতে সাহায্য করবেন না, সে আকাশের দিকে একটি রশি বিলম্বিত করার পর কেটে দিক, তারপর দেখুক তার এ কৌশল তার আক্রোশের হেতু দূর করে কি না।(১)
তাইসীরুল ক্বুরআন: যে কেউ ধারণা করে যে আল্লাহ তাকে (অর্থাৎ তাঁর রসূলকে) কক্ষনো দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেন না, তাহলে সে আকাশ পর্যন্ত একটা দড়ি ঝুলিয়ে নিক, অতঃপর তা কেটে দিক, অতঃপর সে দেখুক তার কলা-কৌশল তার রাগের কারণ দূর করে কিনা। (রসূলের দুশমন নিজের ঝুলানো দড়িটাই কাটুক, কেননা সে তো রসূলের প্রতি আল্লাহর সাহায্যের দড়িটা কক্ষনো কাটতে পারবে না।)
আহসানুল বায়ান: (১৫) যে মনে করে, আল্লাহ তাঁকে (রসূলকে) কখনই ইহকালে ও পরকালে সাহায্য করবেন না, সে আকাশের দিকে একটি রশি বিলম্বিত করুক, পরে তা বিচ্ছিন্ন করুক; অতঃপর দেখুক তার কৌশল তার আক্রোশের হেতু দূর করে কি না। [1]
মুজিবুর রহমান: যে মনে করে, আল্লাহ কখনই দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেননা, সে আকাশের দিকে রজ্জু প্রলম্বিত করুক এবং এরপর কেটে দিক; অতঃপর দেখুক তার প্রচেষ্টা তাঁর আক্রোশের হেতু দূর করে কি না!
ফযলুর রহমান: যে মনে করে যে, আল্লাহ তাকে (রসূলকে) দুনিয়া ও আখেরাতে সাহায্য করবেন না, সে যেন আকাশের দিকে একটি রশি প্রসারিত করে (ঘরের ছাদের সাথে একটি রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে নিজের শ্বাসরোধ করে), তারপর তা কেটে দেয় এবং দেখে, তার এই কৌশল তার ক্রোধ দূর করে কিনা।
মুহিউদ্দিন খান: সে ধারণা করে যে, আল্লাহ কখনই ইহকালে ও পরকালে রাসূলকে সাহায্য করবেন না, সে একটি রশি আকাশ পর্যন্ত ঝুলিয়ে নিক; এরপর কেটে দিক; অতঃপর দেখুক তার এই কৌশল তার আক্রোশ দূর করে কিনা।
জহুরুল হক: যেজন ভাবে যে আল্লাহ্ তাঁকে ইহলোকে ও পরলোকে কখনই সাহায্য করবেন না, সে তবে আকাশের দিকে তোলার উপায় খুঁজুক, তারপর সে কেটে ফেলুক, তখন সে দেখুক তার পরিকল্পনা তা বিদূরিত করে কি না যাতে সে আক্রোশ বোধ করে।
Sahih International: Whoever should think that Allah will not support [Prophet Muhammad] in this world and the Hereafter - let him extend a rope to the ceiling, then cut off [his breath], and let him see: will his effort remove that which enrages [him]?
তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।
তাফসীরে যাকারিয়া
অনুবাদ: ১৫. যে কেউ মনে করে, আল্লাহ তাকে কখনই দুনিয়া ও আখেরাতে সাহায্য করবেন না, সে আকাশের দিকে একটি রশি বিলম্বিত করার পর কেটে দিক, তারপর দেখুক তার এ কৌশল তার আক্রোশের হেতু দূর করে কি না।(১)
তাফসীর:
(১) এ আয়াতের ব্যাখ্যায় বহু মত হয়েছে। বিভিন্ন তাফসীরকার এর ব্যাখ্যায় যা বলেছেন তার সংক্ষিপ্ত সার হচ্ছেঃ
একঃ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এর অর্থ, যে মনে করে আল্লাহ তাকে (অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে) সাহায্য করবেন না সে ছাদের গায়ে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করুক। [ইবন কাসীর]
দুইঃ আব্দুর রহমান ইবন যায়দ ইবন আসলাম বলেন, এর অর্থ, যে মনে করে আল্লাহ তাকে (অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে) সাহায্য করবেন না সে কোন দড়ির সাহায্যে আকাশে যাবার ও সাহায্য বন্ধ করার চেষ্টা করে দেখুক। [ইবন কাসীর]
তিনঃ যে মনে করে আল্লাহ তাকে (অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে) সাহায্য করবেন না সে আকাশে গিয়ে অহীর সূত্র কেটে দেবার ব্যবস্থা করুক। [আদওয়াউল বায়ান]
চারঃ যে মনে করে আল্লাহ তাকে (অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে) সাহায্য করবেন না সে আকাশে গিয়ে তার রিযিক বন্ধ করার চেষ্টা করে দেখুক। [তাবারী, মুজাহিদ থেকে]
পাঁচঃ যে মনে করে আল্লাহ তাকে (অর্থাৎ যে নিজেই এ ধরনের চিন্তা করে তাকে) সাহায্য করবেন না সে নিজের গৃহের সাথে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করুক। কারণ, যে জীবনে আল্লাহর সাহায্য নেই সে জীবনে কল্যাণ নেই। [তাবারী; কুরতুবী]
তাফসীরে আহসানুল বায়ান
অনুবাদ: (১৫) যে মনে করে, আল্লাহ তাঁকে (রসূলকে) কখনই ইহকালে ও পরকালে সাহায্য করবেন না, সে আকাশের দিকে একটি রশি বিলম্বিত করুক, পরে তা বিচ্ছিন্ন করুক; অতঃপর দেখুক তার কৌশল তার আক্রোশের হেতু দূর করে কি না। [1]
তাফসীর:
[1] এর একটি অর্থ এই করা হয়েছে যে, এমন ব্যক্তি যে মনে করে আল্লাহ তাঁর নবীকে সাহায্য না করুন, কারণ তাঁর বিজয়লাভে তার বড় কষ্ট হয়, সে যেন ঘরের ছাদ হতে একটি রশি ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করুক, হয়তো বা আত্মহত্যা তাকে সেই ক্ষোভ ও রাগ হতে রক্ষা করবে, যা সে আল্লাহর রসূলের বর্ধমান প্রভাব-প্রতিপত্তি দেখে অন্তরে অনুভব করে। এই অর্থ নিলে السَّمَاء বলতে ঘরের ছাদ বুঝাবে। আর দ্বিতীয় অর্থ হল এই যে, সে একটি রশি নিয়ে আকাশে চড়ুক ও আকাশ হতে অহী ও সাহায্য আসা বন্ধ করে দিক (যদি সে তা করতে পারে)। অতঃপর সে লক্ষ্য করুক যে, এতে তার কলিজা ঠান্ডা হল কি না? ইমাম ইবনে কাসীর প্রথম ও ইমাম শাওকানী দ্বিতীয় তাৎপর্যকে বেশি পছন্দ করেছেন। অবশ্য পূর্বাপর আলোচনা হতে দ্বিতীয় তাৎপর্যই সঠিকতার বেশি নিকটতর মনে হয়।
তাফসীরে ফাতহুল মাজীদ
তাফসীর: ১১-১৬ নং আয়াতের তাফসীর:
এক শ্রেণির মানুষ রয়েছে যাদের ঈমান খুব দুর্বল, অন্তরে ঈমান প্রবেশ করেনি, ঈমানের সজীবতা ও স্বাদ পায়নি বরং হয়তো কোন ভয়ের কারণে ইসলাম গ্রহণ করেছে বা কোন কিছু পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছে। এসকল ব্যক্তিরা আল্লাহ তা‘আলার ইবাদত করে عَلٰي حَرْفٍ বা এক কিনারে দাঁড়িয়ে। حَرْفٍ অর্থ কিনারা, প্রান্ত। অর্থাৎ কিনারায় দাঁড়িয়ে মানুষ যেমন স্থিতিশীল ও অটল থাকতে পারে না, যে কোন মুহূর্তে গর্তে পড়ে যেতে পারে, ঠিক এসকল ব্যক্তিরা ইসলাম নিয়ে সংশয় ও সন্দেহে পতিত। নিভু নিভু ঈমান নিয়ে আমল করতে থাকে, যখন কোন ভাল কিছু পায় তখন খুব খুশি থাকে, মনে মনে বলে ঈমান এনে লাভই হয়েছে। পক্ষান্তরে যদি কোন বিপদাপদ আক্রান্ত করে, জিহাদে আঘাতপ্রাপ্ত হয় বা কোন অভাব-অনটনে পড়ে, তখন মনে মনে বলে, ইসলাম গ্রহণ করার কারণে আমাদের এ বেহাল দশা। তখন তারা আবার কুফরীতে ফিরে যায়। আল্লাহ তা‘আলা বলছেন, এদের দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখেরাতও ক্ষতিগ্রস্ত।
ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন: কোন ব্যক্তি মদীনায় আগমন করত, অতঃপর তার যদি স্ত্রী, পুত্র-সন্তান প্রসব করত এবং তার ঘোড়া বাচ্চা দিত তখন বলত, এ দীন ভাল। আর যদি তার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান না জন্মাতো এবং তার ঘোড়া বাচ্চা না দিত তখন বলত, এটা মন্দ দীন। গৃহপালিত পশুর মধ্যে যদি বরকত হত তখন সে বলত, ইসলাম ভাল ধর্ম। আর যদি এমনটি না হত তাহলে সে বলত যে, ইসলাম হল মন্দ ধর্ম। তখন এ আয়াত অবতীর্ণ হয়। (সহীহ বুখারী হা: ৪৭৪২)
সুতরাং ইসলামের কোন বিধানকে সন্দেহ করার কোন অবকাশ নেই। যারা ইসলামের কোন বিষয় নিয়ে সন্দেহ করবে সে মুসলিম থাকবে না, এমনকি ইসলামের সকল ইবাদত করার পরেও যদি কোন ইবাদত বা বিধানকে ঘৃণা করে তাহলেও সে মুসলিম থাকবে না। তাই আমাদের উচিত ইসলামের পথে অটল থাকা, কোন বিপদাপদ আসলে এ সন্দেহ না করা যে ইসলামের কারণে এ বিপদের সম্মুখীন হয়েছি। বরং তা আল্লাহ তা‘আলার দিকে সম্পৃক্ত করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে, এ বিপদ আল্লাহ তা‘আলার পক্ষ থেকে একটি পরীক্ষা এবং শেষ পর্যন্ত এতে মঙ্গল বিদ্যমান রয়েছে।
অতঃপর আল্লাহ তা‘আলা এসব লোকদের আরো বিবরণ তুলে ধরে বলেন: তারা আল্লাহ তা‘আলা ছাড়া এমন বাতিল মা‘বূদদেরকে কল্যাণ লাভের আশায় এবং অকল্যাণ থেকে বাঁচতে আহ্বান করে যারা তাদের কোন ক্ষতিও করতে পারে না এবং উপকারও করতে পারে না। আল্লাহ তা‘আলার বাণী:
(وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُوْلُوْنَ هٰٓؤُلَا۬ءِ شُفَعَا۬ؤُنَا عِنْدَ اللّٰهِ ط قُلْ أَتُنَبِّئُوْنَ اللّٰهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمٰوٰتِ وَلَا فِي الْأَرْضِ ط سُبْحٰنَه۫ وَتَعٰلٰي عَمَّا يُشْرِكُوْنَ)
“তারা আল্লাহ ব্যতীত যার ইবাদত করে তা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে, ‘এগুলো আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী।’ বল: ‘তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলী ও পৃথিবীর এমন কিছুর সংবাদ দিবে যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র’ এবং তারা যাকে শরীক করে তা হতে তিনি ঊর্ধ্বে।” (সূরা ইউনুস ১০:১৮) এ সম্পর্কে সূরা ইউনুসে আরো আলোচনা করা হয়েছে।
(مَنْ كَانَ يَظُنُّ أَنْ لَّنْ يَّنْصُرَهُ اللّٰهُ...)
উক্ত আয়াতের তাফসীরে ইবনে আব্বাস (رضي الله عنه) বলেন: যে ব্যক্তি মনে করে যে, আল্লাহ তা‘আলা তাঁর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সাহায্য করবেন না দুনিয়াতে ও আখিরাতে, আল্লাহ তা‘আলা তাকে বলেন, সে যেন তার ঘরের কাছে রশি লটকিয়ে দিয়ে নিজের গলায় ফাঁস লাগিয়ে দেয় এবং এভাবে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তথাপি আল্লাহ তা‘আলা তাঁর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সাহায্য করেই যাবেন। যেমন আল্লাহ তা‘আলার বাণী:
(اِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیَوْمَ یَقُوْمُ الْاَشْھَادُﮂﺫیَوْمَ لَا یَنْفَعُ الظّٰلِمِیْنَ مَعْذِرَتُھُمْ وَلَھُمُ اللَّعْنَةُ وَلَھُمْ سُوْ۬ئُ الدَّارِ)
“নিশ্চয়ই আমি আমার রাসূলদের ও মু’মিনদেরকে সাহায্য করব পার্থিব জীবনে ও যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে। যেদিন যালিমদের কোন আপত্তি কোন উপকারে আসবে না, তাদের জন্য রয়েছে লা‘নত এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস।” (সূরা মু’মিন ৪০:৫১-৫২)
তার এ সকল রাগের কারণে আল্লাহ তা‘আলা তাঁর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে কোন দিনও সাহায্য করা বন্ধ করবেন না। (ইবনু কাসীর ৫/৪১২) বরং আল্লাহ তাঁর রাসূলকে যথারীতি সাহায্য করেই যাবেন।
আয়াত হতে শিক্ষণীয় বিষয়:
১. দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহর ইবাদত করতে হবে। সন্দেহের ভিত্তিতে ইবাদত করা যাবে না।
২. আল্লাহ তা‘আলা ব্যতীত কারো ইবাদত করা যাবে না।
৩. আল্লাহ তা‘আলা তাঁর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মানুষের অহঙ্কারের কারণে যে সাহায্য করা বন্ধ করে দিয়েছেন এমনটি নয়। বরং সবর্দাই তাকে সাহায্য করবেন।
তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)
তাফসীর: ১৫-১৬ নং আয়াতের তাফসীর:
হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেনঃ যে এটা ধারণা করে নিয়েছে যে, আল্লাহ তাআলা স্বীয় নবীকে (সঃ) দুনিয়াতেও সাহায্য করবেন না এবং আখেরাতেও না তার এই বিশ্বাস রাখা উচিত যে, তার এটা শুধু ধারণা ছাড়া কিছুই নয়। তাঁকে আল্লাহ পাক সাহায্য করতেই থাকবেন, যদিও সে এর রাগে মৃত্যু বরণ করে। বরং তা তো উচিত যে, সে যেন তার ঘরের ছাদে রশি লটকিয়ে দিয়ে নিজের গলায় ফাঁস লাগিয়ে দেয় এবং এভাবে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। নবীর (সঃ) জন্যে মহান আল্লাহর পক্ষ থেকে সা হায্য আসবে না এটা কখনো সন্ত্র নয়, যদিও সে হিংসায় জ্বলে পুড়ে মরে যায়। ভাবার্থ এও হতে পারেঃ তার বুঝের উল্টোই হবে, অর্থাৎ বীর (সঃ) জন্যে আকাশ থেকে আল্লাহর পক্ষ হতে সাহায্য নাযিল হবেই। হাঁ, তবে যদি তার ক্ষমতা হয় তা হলে সে একটি রঞ্জু লটকিয়ে দিয়ে আকাশে চড়ে যাক এবং অবতারিত আসমানী সাহায্য কর্তন করে দিক। কিন্তু প্রথম অর্থটিই বেশী প্রকাশমান। এতেই তার পূর্ণ অপারগতা এবং উদ্দেশ্যের ব্যর্থতা প্রমাণিত হয় যে, আল্লাহ তাআলা স্বীয় দ্বীন, স্বীয় কিতাব এবং স্বীয় নবীর (সঃ) উন্নতি বিধান করবেনই। যেহেতু এসব লোক এটা দেখতে পারে না, এজন্যে তাদের উচিত যে, তারা যেন নিজে নিজে যায় এবং নিজেদেরকে ধ্বংস করে দেয়। যেমন মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ (আরবী) অর্থাৎ “নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে ও মু'মিনদেরকে সাহায্য করবো পার্থিব জীবনে এবং যে দিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে।” (৪০:৫১)
এখানে মহান আল্লাহ বলেনঃ তারা রঞ্জু লটকিয়ে দিয়ে গলায় ফাস লাগিয়ে দিক, পরে রঙ্কু বিচ্ছিন্ন করুক, অতঃপর দেখুক, তার প্রচেষ্টা তার আক্রোশের হেতু দূর করে কি না!
মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ এই কুরআনকে আমি অবতীর্ণ করেছি যার আয়াতগুলি শব্দ ও অর্থের দিক দিয়ে খুবই স্পষ্ট। তার পক্ষ হতে তার বান্দাদের উপর এটা হুজ্জত। পথ প্রদর্শন করা আল্লাহ তাআলারই হাতে।
তার হিকমত বা মাহাত্ম তিনিই জানেন। তিনি সবারই বিচারপতি। তিনি ন্যায় বিচারক, প্রবল প্রতাপান্বিত, বড়ই নিপুণ, শ্রেষ্ঠত্বের অধিকারী ও সর্বজ্ঞাতা। তাঁর কাজের উপর কেউ কোন অধিকার রাখে না। তিনি যা চান তা-ই করে থাকেন। সবারই কাছে তিনি হিসাব গ্রহণকারী এবং তা খুবই তাড়াতাড়ি।
সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।