সূরা আন-নাহাল (আয়াত: 27)
হরকত ছাড়া:
ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين ﴿٢٧﴾
হরকত সহ:
ثُمَّ یَوْمَ الْقِیٰمَۃِ یُخْزِیْهِمْ وَ یَقُوْلُ اَیْنَ شُرَکَآءِیَ الَّذِیْنَ کُنْتُمْ تُشَآقُّوْنَ فِیْهِمْ ؕ قَالَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ اِنَّ الْخِزْیَ الْیَوْمَ وَ السُّوْٓءَ عَلَی الْکٰفِرِیْنَ ﴿ۙ۲۷﴾
উচ্চারণ: ছু ম্মা ইয়াওমাল কিয়া-মাতি ইউখযীহিম ওয়া ইয়াকূলুআইনা শুরাকাই ইয়াল্লাযীনা কুনতুম তুশাক্কূনা ফীহিম কা-লাল্লাযীনা ঊতুল ‘ইলমা ইন্নাল খিযইয়াল ইয়াওমা ওয়াছছূআ ‘আলাল কা-ফিরীন।
আল বায়ান: অতঃপর কিয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন, ‘কোথায় আমার শরীকরা, যাদের ব্যাপারে তোমরা (মুমিনদের) বিরোধীতা করতে’? যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তারা বলবে, ‘নিশ্চয় লাঞ্ছনা ও দুর্গতি আজ কাফিরদের উপর।’
আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ২৭. পরে কিয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন(১) এবং তিনি বলবেন, কোথায় আমার সেসব শরীক(২) যাদের সম্বন্ধে তোমরা ঘোর বিতণ্ডা করতে? যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল তারা বলবে(৩), আজ লাঞ্ছনা ও অমঙ্গল কাফিরদের উপর–
তাইসীরুল ক্বুরআন: অতঃপর ক্বিয়ামাত দিনে তিনি তাদেরকে অপমানিত করবেন আর বলবেন, ‘আমার অংশীদাররা কোথায় যাদের সম্পর্কে তোমরা (ঈমানদারদের সঙ্গে) বাক-বিতন্ডা করতে?’ যাদেরকে (দুনিয়ায়) জ্ঞান দেয়া হয়েছিল তারা বলবে, ‘আজ অপমান আর দুর্ভাগ্য তো কাফিরদের জন্য
আহসানুল বায়ান: (২৭) পরে কিয়ামতের দিনে তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন, ‘কোথায় আমার সে সব অংশী যাদের সম্বন্ধে তোমরা বিতন্ডা করতে?’[1] যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল[2] তারা বলবে, ‘নিশ্চয় আজ লাঞ্ছনা ও অমঙ্গল অবিশ্বাসীদের জন্য।’
মুজিবুর রহমান: পরে কিয়ামাত দিবসে তিনি তাদের লাঞ্ছিত করবেন এবং বলবেনঃ কোথায় আমার সেই সব শরীক যাদের সম্বন্ধে তোমরা বিতন্ডা করতে? যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল তারা বলবেঃ নিশ্চয়ই আজ লাঞ্ছনা ও অমঙ্গল কাফিরদের জন্য।
ফযলুর রহমান: এরপর কেয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন আর বলবেন, “কোথায় আমার সেই শরীকেরা, যাদের নিয়ে তোমরা (ঈমানদারদের সাথে) বিরোধ করতে?” (তখন) যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল তারা বলবে, “আজকের দিনে লাঞ্ছনা আর দুরবস্থা কাফেরদের জন্যই।”
মুহিউদ্দিন খান: অতঃপর কেয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেনঃ আমার অংশীদাররা কোথায়, যাদের ব্যাপারে তোমরা খুব হঠকারিতা করতে ? যারা জ্ঞানপ্রাপ্ত হয়েছিল তারা বলবেঃ নিশ্চয়ই আজকের দিনে লাঞ্ছনা ও দুর্গতি কাফেরদের জন্যে,
জহুরুল হক: তারপর কিয়ামতের দিনে তিনি তাদের লাঞ্ছিত করবেন, আর তিনি বলবেন -- "কোথায় রয়েছে আমার অংশীরা যাদের সন্বন্ধে তোমরা বাক্বিতন্ডা করতে?" যাদের জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলবেন -- "নিঃসন্দেহ আজকের দিনে লাঞ্ছনা ও অমঙ্গল অবিশ্বাসীদের উপরেই" --
Sahih International: Then on the Day of Resurrection He will disgrace them and say, "Where are My 'partners' for whom you used to oppose [the believers]?" Those who were given knowledge will say, "Indeed disgrace, this Day, and evil are upon the disbelievers" -
তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।
তাফসীরে যাকারিয়া
অনুবাদ: ২৭. পরে কিয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন(১) এবং তিনি বলবেন, কোথায় আমার সেসব শরীক(২) যাদের সম্বন্ধে তোমরা ঘোর বিতণ্ডা করতে? যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল তারা বলবে(৩), আজ লাঞ্ছনা ও অমঙ্গল কাফিরদের উপর–
তাফসীর:
(১) তাদের গোপন ষড়যন্ত্রসমূহ ফাঁস করে দিয়ে তাদেরকে লজ্জিত করবেন। অনুরূপ কথা সূরা আত-তারেক এর ৯ নং আয়াতে উল্লেখ করে বলা হয়েছে যে, “যে দিন গোপন তথ্যসমূহ ফাঁস করে দেয়া হবে সেদিন তাদের কোন শক্তি বা সাহায্যকারী থাকবে না”। অথচ তারা দুনিয়াতে এ শক্তি-সামর্থ্য ও সাহায্যকারীর কারণে গর্ব ও অহংকার করে বেড়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “কিয়ামতের দিন প্রত্যেক গাদ্দার তথা বিশ্বাসঘাতকের পিছনের অংশে তার বিশ্বাসঘাতকতার পরিমাণ একটি পতাকা লাগিয়ে দেয়া হবে। তাতে বলা থাকবেঃ এটা অমুকের পুত্র অমুকের গাদ্দারীর প্রমাণপত্ৰ”। [বুখারী: ৩১৮৭; মুসলিম: ১৭৩৬] এভাবে আল্লাহ তা'আলা প্রত্যেক ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী ও ধোঁকাবাজের যাবতীয় গোপন তথ্য ফাঁস করে দিয়ে তাকে অপমানিত করবেন।
(২) এখানে শরীকদেরকে আল্লাহ তা'আলা তার নিজের দিকে সম্পর্কযুক্ত করার মূল কারণ হচ্ছে ধমকি প্রদান। কারণ, সেদিন আল্লাহ তা'আলার সম্মান, প্রতিপত্তি ও মর্যাদা সবাই সঠিকভাবে উপলব্ধি করতে পারবে। আর তখন প্রত্যেকেই বুঝতে পারবে যে, আল্লাহর সাথে যে শরীক নির্ধারণ করেছিলাম তা ছিল বোকামী। [আততাহরীর ওয়াত তানওয়ীর]
(৩) এখানে আল্লাহর দ্বীনের জ্ঞানীদের সম্মানিত করা হয়েছে। যখন কাফেরদের বিরুদ্ধে সমস্ত দলীল-প্রমাণাদি স্থাপন করা শেষ হবে এবং তাদের বিরুদ্ধে আল্লাহর আযাবের বাণী প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর কাফেররা ওজর আপত্তি করার সুযোগ থেকে বঞ্চিত হবে, তখন জানবে যে, তাদের পালানোর কোন জায়গা নেই। তখন দ্বীনের জ্ঞানীরা এ কথা বলবে। তারা বলবে, আজ লাঞ্ছনা ও অমঙ্গল কাফিরদের উপর– [ইবন কাসীর] তারা হলো আল্লাহর দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞানী। যারা দুনিয়াতে হক্ক কথা বলতে কখনো পিছপা হতো না তারা আখেরাতেও হক্ক কথা বলার সুযোগ পাবে। এটা তাদের জন্য বড় সম্মানের বিষয়। [ইবন কাসীর]
তাফসীরে আহসানুল বায়ান
অনুবাদ: (২৭) পরে কিয়ামতের দিনে তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন, ‘কোথায় আমার সে সব অংশী যাদের সম্বন্ধে তোমরা বিতন্ডা করতে?’[1] যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল[2] তারা বলবে, ‘নিশ্চয় আজ লাঞ্ছনা ও অমঙ্গল অবিশ্বাসীদের জন্য।’
তাফসীর:
[1] এ ছিল পৃথিবীর আযাব। আর কিয়ামতে মহান আল্লাহ এমনভাবে লাঞ্ছিত ও অপমানিত করবেন যে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, যাদেরকে আমার সাথে শরীক করতে এবং যাদের জন্য তোমরা মু’মিনদের সঙ্গে ঝগড়া করতে, তারা আজ কোথায়?
[2] অর্থাৎ, যাদের দ্বীনী জ্ঞান ছিল, যারা দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিল, তারা উত্তর দেবে।
তাফসীরে ফাতহুল মাজীদ
তাফসীর: ২৪-২৯ নং আয়াতের তাফসীর:
(وَإِذَا قِيلَ لَهُمْ....)
অত্র আয়াতে কাফির-মুশরিকদের চরম মিথ্যা প্রতিপন্নতার বর্ণনা দিয়ে আল্লাহ তা‘আলা বলেন: যদি তাদেরকে বলা হয় নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ওপর কী নাযিল করা হয়েছে? তারা বলে কিছুই নাযিল করা হয়নি। সে পূর্ববর্তী কিতাবে লিখিত মিথ্যা কাহিনী ব্যক্ত করে। اَسَاطِیْرُ শব্দটি اسطور এর বহুবচন, অর্থ হল পূর্ববর্তীদের কিতাবে লিখিত মিথ্যা ও বাতিল কাহিনী। আল্লাহ তা‘আলা বলেন:
(وَقَالُوْآ أَسَاطِيْرُ الْأَوَّلِيْنَ اكْتَتَبَهَا فَهِيَ تُمْلٰي عَلَيْهِ بُكْرَةً وَّأَصِيْلًا)
“তারা বলে: ‘এগুলো তো সেকালের উপকথা, যা সে লিখিয়ে নিয়েছে; এগুলো সকাল-সন্ধ্যা তার নিকট পাঠ করা হয়।’’ (সূরা ফুরকান ২৫:৫)
আল্লাহ তা‘আলা আরো বলেন:
(وَإِذَا تُتْلٰي عَلَيْهِمْ اٰيٰتُنَا قَالُوْا قَدْ سَمِعْنَا لَوْ نَشَا۬ءُ لَقُلْنَا مِثْلَ هٰذَآ لا إِنْ هٰذَآ إِلَّآ أَسَاطِيْرُ الْأَوَّلِيْنَ)
“যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয় তারা তখন বলে, ‘আমরা তো শ্রবণ করলাম, ইচ্ছা করলে আমরাও এর অনুরূপ বলতে পারি; এগুলো সেকালের লোকদের উপকথা ছাড়া কিছুই না।’’ (সূরা আনফাল ৮:৩১)
মূলত তারা আল্লাহ তা‘আলার অবতীর্ণ বিধানের প্রতি ঈমান আনয়ন করত না।
অতঃপর আল্লাহ তা‘আলা বলছেন: কাফিররা এসব কথা বলে নিজেরা ঈমান আনা থেকে বিরত থাকত এবং অন্যদেরকেও ঈমান আনতে বাধা দিত। তাদের এসব কার্যকলাপের কারণে কিয়ামতের দিন নিজেদের পাপের বোঝা পূর্ণরূপে তো বহন করবেই সেই সাথে যাদেরকে এসব কথা বলে পথভ্রষ্ট করেছে তাদের পাপের বোঝাও বহন করবে। যেহেতু দাওয়াতে তাদের বাধা দেয়াতে এবং তাদের কারণে এসব লোকেরা ঈমান আনতে পারেনি।
আল্লাহ তা‘আলা বলেন:
(وَلَيَحْمِلُنَّ أَثْقَالَهُمْ وَأَثْقَالًا مَّعَ أَثْقَالِهِمْ ز وَلَيُسْأَلُنَّ يَوْمَ الْقِيٰمَةِ عَمَّا كَانُوْا يَفْتَرُوْنَ)
“তারা অবশ্যই নিজেদের পাপের ভার বহন করবে এবং নিজেদের বোঝার সাথে আরও কিছু বোঝা; আর তারা যে মিথ্যা উদ্ভাবন করত সে সম্পর্কে কিয়ামাত দিবসে অবশ্যই তাদেরকে প্রশ্ন করা হবে।” (সূরা আনকাবুত ২৯:১৩)
হাদীসে এসেছে আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে ব্যক্তি মানুষকে হিদায়াতের দিকে আহ্বান করে তার জন্য সে পরিমাণ প্রতিদান রয়েছে যে পরিমাণ অনুসারী ব্যক্তি পায়, তবে কারো প্রতিদান কম করা হবে না। আর যদি মানুষকে গোমরাহ ও পাপ কাজের দিকে আহ্বান করে তার জন্য সে পরিমাণ পাপ হয় যে পরিমাণ পাপ অনুসারীর হয়, তবে কারো পাপ কমবে না। (সহীহ মুসলিম হা: ২৬৭৪)
এর দ্বারা বুঝো যায় যে, তারা তাদের অনুসারীদের বোঝা বহন করবে বটে কিন্তু অনুসারীদের বোঝা একটুও হালকা হবে না। আর এটা তাদের জন্য খুবই নিকৃষ্ট ও অপমানকর একটি বিষয়। সুতরাং নিজে অন্যায় করা তো যাবেই না, অন্য কাউকে অন্যায় কাজ করার প্রতি উৎসাহও প্রদান করা যাবে না। বস্তুত সকলকেই খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে।
(بِغَيْرِ عِلْمٍ) এ কথা প্রমাণ করে যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দাওয়াত পৌঁছনোর পর কাফিররা ওজর পেশ করতে পারবে না। কেননা আল্লাহ তা‘আলা নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাধ্যমে দীনকে পূর্ণ করে দেয়ার পর অজ্ঞতা বলতে কোন কিছু নেই।
(قَدْ مَكَرَ الَّذِينَ....)
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত, এ চক্রান্তকারী দ্বারা নমরূদকে বুঝানো হয়েছে। সে একটি বিরাট প্রাসাদ নির্মাণ করেছিল। জমিনে সর্বপ্রথম সবচেয়ে বড় ঔদ্ধত্যপনা সেই দেখিয়েছিল। তাকে ধ্বংস করার জন্য আল্লাহ তা‘আলা একটা মশাকে প্রেরণ করেছিলেন, যে তার নাকের ছিদ্র দিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করে এবং চারশ বছর পর্যন্ত তার মস্তিষ্ক চাটতে থাকে। এ সুদীর্ঘ সময়কালে ঐ সময় সে কিছুটা শান্তি লাভ করত যখন তার মস্তকে হাতুড়ি দিয়ে আঘাত করা হত। চারশ বছর পর্যন্ত সে রাজ্য শাসন করেছিল। কেউ বলেছেন: এর দ্বারা উদ্দেশ্য বখতে নসর। তার চক্রান্তও এত কঠিন ছিল যে, মনে হয় যেন তার চক্রান্তে পাহাড় এক স্থান থেকে অন্যস্থানে চলে যাবে।
যেমন সূরা ইবরাহীমে বলা হয়েছে:
(وَقَدْ مَكَرُوْا مَكْرَهُمْ وَعِنْدَ اللّٰهِ مَكْرُهُمْ ط وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُوْلَ مِنْهُ الْجِبَالُ)
“তারা ভীষণ চক্রান্ত করেছিল, কিন্তু তাদের চক্রান্ত আল্লাহর সামনেই ছিল যদিও তাদের চক্রান্ত এমন ছিল, যাতে পর্বত টলে যেত।” (সূরা ইবরাহীম ১৪:৪৬)
কেউ বলেছেন: কাফির-মুশরিকরা যে আল্লাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে এটা তাদের আমল নষ্ট হওয়ার দৃষ্টান্ত। যেমন নূহ (عليه السلام) বলেছিলেন:
(وَمَكَرُوْا مَكْرًا كُبَّارًا)
“আর তারা ভয়ানক ষড়যন্ত্র করেছে।” (সূরা নূহ ৭১:২২)
মানুষকে পথভ্রষ্ট করার জন্য যত রকম চক্রান্ত করা দরকার সব চক্রান্ত তারা করেছে। যেমন তাদের অনুসারীরা কিয়ামতের দিন বলবে:
(وَقَالَ الَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْا بَلْ مَكْرُ اللَّيْلِ وَالنَّهَارِ إِذْ تَأْمُرُوْنَنَآ أَنْ نَّكْفُرَ بِاللّٰهِ وَنَجْعَلَ لَه۫ٓ أَنْدَادًا ط وَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ)
“যাদেরকে দুর্বল মনে করা হত তারা অহঙ্কারীদেরকে বলবে: প্রকৃতপক্ষে তোমরাই তো দিবা-রাত্র চক্রান্তে লিপ্ত ছিলে, আমাদেরকে নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তাঁর শরীক স্থাপন করি, যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা অনুতাপ গোপন রাখবে।” (সূরা সাবা ৩৪:৩৩)
কিন্তু সঠিক কথা হল ঐ সকল জাতির পরিণতির দিকে ইঙ্গিত করা, যারা নাবীদের মিথ্যা মনে করে। আর শেষ পর্যন্ত আল্লাহ তা‘আলার আযাবে তারা তাদের ঘরসহ ধ্বংস হয়ে যায়। যেমন ‘আদ জাতি, লূত সম্প্রদায়, ইত্যাদি।
(بُنْيَانَهُمْ مِّنَ الْقَوَاعِدِ)
অর্থাৎ ইমারতগুলো খুঁটি থেকে আলাদা করে উলটিয়ে ছাদ তাদের ওপর নিপতিত করা হয়েছিল। নমরূদসহ সকল যুগের কাফিরদেরকে আল্লাহ তা‘আলা এমন শাস্তি দিয়েছেন।
অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন:
(وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُه۫ وَمَا كَانُوْا يَعْرِشُوْنَ)
“আর ফির‘আউন ও তার সম্প্রদায়ের শিল্প এবং যে সব প্রাসাদ তারা নির্মাণ করেছিল তা ধ্বংস করে দিয়েছি।” (সূরা আ‘রাফ ৭:১৩৭)
আল্লাহ তা‘আলা আরো বলেন:
(فَأَتَاهُمُ اللّٰهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوْا وَقَذَفَ فِيْ قُلُوْبِهِمُ الرُّعْبَ يُخْرِبُوْنَ بُيُوْتَهُمْ بِأَيْدِيْهِمْ وَأَيْدِي الْمُؤْمِنِيْنَ ق فَاعْتَبِرُوْا يٰٓأُولِي الْأَبْصَارِ)
“কিন্তু আল্লাহ এমন এক দিক হতে তাদের ওপর চড়াও হলেন যা ছিল তাদের ধারণাতীত এবং তিনি তাদের অন্তরে ভয় সঞ্চার করলেন। তারা ধ্বংস করে ফেলল তাদের বাড়ী-ঘর নিজেদের হাতে এবং মু’মিনদের হাতেও; অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ! তোমরা উপদেশ গ্রহণ কর।” (সূরা হাশর ৫৯:২)
ইতোপূর্বে আল্লাহ তা‘আলার সাথে শত্র“তা বা চক্রান্ত করে কেউ রেহাই পায়নি। অতএব এখনো যারা এরূপ চক্রান্ত করবে তাদের ব্যাপারেও আল্লাহ তা‘আলা এরূপ ব্যবস্থাই গ্রহণ করবেন। তাদের চক্রান্ত যত বড়ই হোক না কেন।
পরবর্তী আয়াতে আল্লাহ তা‘আলা বলছেন এদের শাস্তি দুনিয়াতেই শেষ নয় বরং আখিরাতে সকল মানুষের সামনে তাদেরকে অপমানিত করবেন এবং তিরস্কারের সাথে বলবেন: যে সকল মা‘বূদদেরকে নিয়ে আমার রাসূলদের সাথে বিতণ্ডা করতে তারা আজ কোথায়?
আল্লাহ তা‘আলা বলেন:
(وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَقُوْلُ أَيْنَ شُرَكَا۬ئِيَ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ)
“এবং সেদিন তিনি তাদেরকে আহ্বান করে বলবেন: ‘তোমরা যাদেরকে আমার শরীক গণ্য করতে, তারা কোথায়?’’ (সূরা ক্বাসাস ২৮:৬২)
আল্লাহ তা‘আলা আরো বলেন:
(وَقِيْلَ لَهُمْ أَيْنَ مَا كُنْتُمْ تَعْبُدُوْنَ لا - مِنْ دُوْنِ اللّٰهِ ط هَلْ يَنْصُرُوْنَكُمْ أَوْ يَنْتَصِرُوْنَ)
“তাদেরকে বলা হবে: ‘তারা কোথায়, তোমরা যাদের ইবাদত করতে আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম?’’ (সূরা শুআরা ২৬:৯২-৯৩)
এ কথার উত্তরে তারা বলবে যে, ঐ সমস্ত শরীকরা আমাদের থেকে উধাও হয়ে গেছে।
যেমন তাদের সম্পর্কে আল্লাহ তা‘আলার বাণী:
(ثُمَّ قِیْلَ لَھُمْ اَیْنَمَا کُنْتُمْ تُشْرِکُوْنَﮘﺫمِنْ دُوْنِ اللہِﺚ قَالُوْا ضَلُّوْا عَنَّا بَلْ لَّمْ نَکُنْ نَّدْعُوْا مِنْ قَبْلُ شَیْئًاﺚ کَذٰلِکَ یُضِلُّ اللہُ الْکٰفِرِیْنَﮙ)
“পরে তাদেরকে বলা হবে: কোথায় তারা যাদেরকে তোমরা (তাঁর) শরীক করতে; আল্লাহ ব্যতীত? তারা বলবে: তারা তো আমাদের নিকট হতে অদৃশ্য হয়েছে; বন্তুতঃ পূর্বে আমরা এমন কিছুকেই আহ্বান করিনি। এভাবে আল্লাহ কাফিরদেরকে বিভ্রান্ত করেন।” (সূরা মু’মিন ৪০:৭৩-৭৪)
সুতরাং কিয়ামতের দিন মুশরিকদের অবস্থা কত অপমানজনক হবে এবং তারা কত কঠিন বিপদে পড়বে তা সহজেই অনুমেয়।
(الَّذِيْنَ تَتَوَفَّاهُمُ....)
এখানে মুশরিক জালিমদের মৃত্যুর সময়ের অবস্থা বর্ণনা করা হচ্ছে। যখন ফেরেশতারা তাদের রূহ ছিনিয়ে নিতে আসবে তখন তারা السَّلَمَ তথা আত্মসমর্পণ করে মিনতি সহকারে বলবে: আমরা কোন মন্দ কাজ করিনি। আমরা মুশরিক ছিলাম না। যেমন তারা হাশরের ময়দানে শপথ করে বলবে আল্লাহ তা‘আলা বলেন:
(ثُمَّ لَمْ تَکُنْ فِتْنَتُھُمْ اِلَّآ اَنْ قَالُوْا وَاللہِ رَبِّنَا مَا کُنَّا مُشْرِکِیْنَﭦاُنْظُرْ کَیْفَ کَذَبُوْا عَلٰٓی اَنْفُسِھِمْ وَضَلَّ عَنْھُمْ مَّا کَانُوْا یَفْتَرُوْنَﭧ)
“অতঃপর (যখন তাদের শরীকদের সম্পর্কে প্রশ্নের সম্মুখীন করা হবে তখন) তাদের এটা ছাড়া বলার অন্য কোন অজুহাত থাকবে না ‘আমাদের প্রতিপালক আল্লাহর শপথ! আমরা তো মুশরিকই ছিলাম না।’ দেখ, তারা নিজেদের প্রতি কেমন মিথ্যারোপ করে এবং যে মিথ্যা তারা রচনা করত তা কিভাবে তাদের হতে উধাও হয়ে গেল।” (সূরা আনয়াম ৬:২৩-২৪)
অন্যত্র আল্লাহ তা‘আলা আরো বলেন:
(یَوْمَ یَبْعَثُھُمُ اللہُ جَمِیْعًا فَیَحْلِفُوْنَ لَھ۫ کَمَا یَحْلِفُوْنَ لَکُمْ وَیَحْسَبُوْنَ اَنَّھُمْ عَلٰی شَیْءٍﺚ اَلَآ اِنَّھُمْ ھُمُ الْکٰذِبُوْنَﭡ)
“যেদিন আল্লাহ তাদের সবাইকে পুনরুত্থিত করবেন, যেদিন তারা আল্লাহর সামনে শপথ করবে, যেমন তোমাদের সামনে শপথ করে থাকে এবং তারা এরূপ ধারণা করে যে, তারা সঠিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত আছে। শুনে রাখ, তারা তো বড়ই মিথ্যাবাদী।” (সূরা মুজাদালাহ ৫৮:১৮)
(بَلٰٓي إِنَّ اللّٰهَ عَلِيْمٌ)
ফেরেশতারা উত্তরে বলবে: কেন নয়? অবশ্যই তোমরা মন্দ কাজ করেছ। তোমরা মিথ্যা বলছ। আল্লাহ তা‘আলা তোমাদের সকল আমল সম্পর্কে অবগত রয়েছেন। তিনি ফেরেশতাদের দ্বারা লিখিয়ে রেখেছেন। অতএব তোমরা অস্বীকার করলেও কোন লাভ নেই। তাদের এই সমস্ত অপরাধের কারণে তাদেরকে জাহান্নামে প্রবেশ করার নির্দেশ দেয়া হবে। আর এটা বড়ই নিকৃষ্ট স্থান।
ইবনু কাসীর (রহঃ) বলেন: তাদের মৃত্যুর পর পরই তাদের রূহগুলো জাহান্নামে চলে যাবে। আর তাদের দেহগুলো কবরে পড়ে থাকবে। যেখানে আল্লাহ তা‘আলা নিজ কুদরতে শরীর ও রূহের মধ্যে দূরত্ব থাকা সত্ত্বেও এক ধরনের সম্পর্ক সৃষ্টি করে শাস্তি দেন। সকাল-সন্ধ্যা তাদের সামনে আগুন পেশ করা হয়। অতঃপর যখন কিয়ামত সংঘটিত হবে, তখন তাদের রূহগুলো তাদের নিজ নিজ নতুন দেহে ফিরে আসবে এবং চিরকালের জন্য তারা জাহান্নামে প্রবেশ করবে। (ইবনু কাসীর, অত্র আয়াতের তাফসীর)
আয়াত হতে শিক্ষণীয় বিষয়:
১. কেউ মানুষকে সৎ পথ দেখালে, অনুসারী ব্যক্তি সৎ কাজ করে যত নেকী পাবে সে ব্যক্তিও তত নেকী পাবে, কারো নেকীর কোন কমতি হবে না। পক্ষান্তরে কেউ অসৎ পথ দেখালে অনুসারী অসৎ কাজ করলে যে পরিমাণ গুনাহ করবে সে গুনাহ তারও হবে।
২. আল্লাহ তা‘আলার বিধানের বিরুদ্ধে চক্রান্ত করা যাবে না।
৩. দুনিয়ায় আল্লাহ তা‘আলাকে ছেড়ে যাদের উপাসনা করা হয় তারা আখিরাতে তাদের মুরীদদের থেকে উধাও হয়ে যাবে।
৪. আখিরাতে কোন আমল অস্বীকার করার কোনই সুযোগ থাকবে না।
তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)
তাফসীর: ২৬-২৭ নং আয়াতের তাফসীর
আওফী (রঃ) হযরত ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, চক্রান্তকারী দ্বারা নমরূদকে বুঝানো হয়েছে, যে একটি বিরাট প্রাসাদ নির্মাণ করেছিল। যমীনে সর্বপ্রথম সবচেয়ে বড় ঔদ্ধত্যপনা সেই দেখিয়েছিল। তাকে। ধ্বংস করার জন্যে আল্লাহ তাআলা একটা মশাকে পাঠিয়েছিলেন, যে তার নাকের ছিদ্র দিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করে এবং চারশ’ বছর পর্যন্ত তার মস্তিষ্ক চাটতে থাকে। এই সুদীর্ঘ সময়কালে এ সময় সে কিছুটা শান্তি লাভ করতো যখন তার মস্তকে হাতুড়ি দ্বারা আঘাত করা হতো। চারশ’ বছর পর্যন্ত সে রাজ্য শাসনও করেছিল। ভূ-পৃষ্ঠে সে ফাসাদ ও বিশৃংখলা সৃষ্টি করেছিল। অন্যেরা বলেন, এর দ্বারা বুখতে নাসারকে বুঝানো হয়েছে। সেও বড় চক্রান্তকারী ছিল। কিন্তু তার চক্রান্ত যদি পাহাড়কেও ওর স্থান থেকে সরিয়ে দিতে সক্ষম হয় তবুও মহাপ্রতাপান্বিত আল্লাহর তাতে কি আসে যায়? তার ক্ষতি সাধনের ক্ষমতা কারো নাই। কেউ কেউ বলেন, কাফির ও মুশরিকরা যে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করছে, এটা তাদের আমল বিনষ্ট হওয়ারই দৃষ্টান্ত। যেমন হযরত নূহ (আঃ) বলেছিলেনঃ (আরবি) অর্থাৎ “তারা ভয়ানক ও বড় রকমের ষড়যন্ত্র করেছিল।” (৭১:২২) তারা সর্বপ্রকারের কৌশল অবলম্বন করে জনগণকে পথ ভ্রষ্ট করেছিল এবং তাদেরকে শিরকের কাজে উত্তেজিত করেছিল। তাই, কিয়ামতের দিন তাদের অনুসারীরা তাদেরকে বলবেঃ “বরং তোমাদের দিন রাতের চক্রান্ত (আমাদেরকে পথভ্রষ্ট করেছিল), যখন তোমরা আমাদেরকে নির্দেশ দিতে যে, আমরা যেন আল্লাহর সাথে কুফরী করি এবং তার জন্যে শরীক স্থাপন করি।”
মহান আল্লাহ বলেনঃ “আল্লাহ তাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন। ফলে, ইমারাতের ছাদ তাদের উপর ধ্বসে পড়লো। যেমন আল্লাহ তাআলার উক্তিঃ (আরবি) অর্থাৎ “যখনই তারা যুদ্ধের অগ্নি প্রজ্জ্বলিত করার ইচ্ছা করে তখনই আল্লাহ তা নিবিয়ে দেন।” (৫:৬৪) আল্লাহপাক আর এক জায়গায় বলেনঃ (আরবি) অর্থাৎ তাদের উপর শাস্তি এমন এক দিক হতে আসলো যা ছিল তাদের ধারণাতীত এবং তাদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করলো; ওরা ধ্বংস করে ফেলল নিজেদের বাড়ী-ঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও অতএব, হে চক্ষুষ্মন ব্যক্তিগণ! তোমরা উপদেশ গ্রহণ কর।” (৫৯:২) আর এখানে। মহান আল্লাহ বলেনঃ “আল্লাহ তাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করলেন, ফলে ইমারতের ছাদ তাদের উপর ধ্বসে পড়লো এবং তাদের উপর শাস্তি আসলো এমন দিক হতে যা ছিল তাদের ধারণার অতীত। .
কিয়ামতের দিনের লাঞ্ছনা ও অপমান এখনও বাকী রয়েছে। ঐ সময় গোপনীয় সবকিছু প্রকাশিত হয়ে পড়বে এবং ভিতরের সবকিছু বের হয়ে যাবে। সেইদিন সমস্ত ব্যাপার উদঘাটিত হয়ে পড়বে।
হযরত ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ)। বলেছেনঃ “কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্যে তার পার্শ্বে তার বিশ্বাসঘাতকতা অনুযায়ী একটি পতাকা স্থাপন করা হবে এবং ঘোষণা করে দেয়া হবেঃ ‘এটা হচ্ছে অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতা।” (এই হাদীসটি সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে)
অনুরূপভাবে এই লোকদেরকেও হাশরের ময়দানে সকলের সামনে অপদস্থ করা হবে। তাদেরকে তাদের প্রতিপালক ধমকের সুরে জিজ্ঞেস করবেনঃ “আজ কোথায় আমার সেই সব শরীক যাদের সম্বন্ধে তোমরা বাক বিতণ্ডা করতে? তারা আজ তোমাদের সাহায্য করছেন না কেন? আজ তোমরা বন্ধুও সহায়কহীন অবস্থায় রয়েছো কেন?” তারা এই প্রশ্নের উত্তরে নীরব হয়ে যাবে। তারা হয়ে যাবে সেই দিন সম্পূর্ণরূপে নিরোত্তর ও অসহায়। কি মিথ্যা দলীল তারা উপস্থাপন করবে। এ সময় যে সব আলেম দুনিয়া ও আখেরাতে আল্লাহ এবং তাঁর সৃষ্টজীবের কাছে সম্মানের পাত্র, তাঁরা বলবেনঃ “লাঞ্ছনা ও শাস্তি আজ কাফিরদেরকে পরিবেষ্টন করে রয়েছে এবং তাদের বাতিল উপাস্যরা তাদের থেকে মুখ ফিরিয়ে রয়েছে।”
সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।