আল কুরআন


সূরা আন-নাহাল (আয়াত: 113)

সূরা আন-নাহাল (আয়াত: 113)



হরকত ছাড়া:

ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون ﴿١١٣﴾




হরকত সহ:

وَ لَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْهُمْ فَکَذَّبُوْهُ فَاَخَذَهُمُ الْعَذَابُ وَ هُمْ ظٰلِمُوْنَ ﴿۱۱۳﴾




উচ্চারণ: ওয়া লাকাদ জাআহুম রাছূলুম মিনহুম ফাকাযযাবূহু ফাআখাযাহুমুল‘আযা-বুওয়া হুম জা-লিমূন।




আল বায়ান: আর অবশ্যই তাদের কাছে, তাদের মধ্য থেকে একজন রাসূল এসেছিল। তারপর তারা তাকে অস্বীকার করেছিল। ফলে আযাব তাদের পাকড়াও করেছিল এমতাবস্থায় যে, তারা ছিল যুলমকারী।




আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ১১৩. আর অবশ্যই তাদের কাছে এসেছিলেন এক রাসূল তাদেরই মধ্য থেকে(১), কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করেছিল। ফলে শাস্তি তাদেরকে গ্রাস করল এমতাবস্থায় যে, তারা ছিল যুলুমকারী।




তাইসীরুল ক্বুরআন: তাদের কাছে তাদের মধ্য হতেই রসূল এসেছিল কিন্তু তারা তাকে মিথ্যা মনে ক’রে প্রত্যাখ্যান করল, তখন শাস্তি তাদেরকে পাকড়াও করল যখন তারা ছিল সীমালঙ্ঘনে লিপ্ত।




আহসানুল বায়ান: (১১৩) তাদের নিকট তো এসেছিল এক রসূল তাদের মধ্য হতে, কিন্তু তারা তাকে মিথ্যাজ্ঞান করেছিল; ফলে সীমালংঘন করা অবস্থায় শাস্তি[1] তাদেরকে গ্রাস করল।



মুজিবুর রহমান: তাদের নিকট এসেছিল এক রাসূল তাদেরই মধ্য হতে, কিন্তু তারা তাকে অস্বীকার করেছিল; ফলে সীমা লংঘন করা অবস্থায় শাস্তি তাদেরকে গ্রাস করল।



ফযলুর রহমান: তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন রসূল এল। তারা তাকে অস্বীকার করল। ফলে আজাব ওদেরকে পাকড়াও করল। আর ওরা ছিল জালেম।



মুহিউদ্দিন খান: তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন রাসূল আগমন করেছিলেন। অনন্তর ওরা তাঁর প্রতি মিথ্যারোপ করল। তখন আযাব এসে তাদরকে পাকড়াও করল এবং নিশ্চিতই ওরা ছিল পাপাচারী।



জহুরুল হক: আর আলবৎ তাদের কাছে তাদের মধ্যে থেকে একজন রসূল এসেছিলেন, কিন্তু তারা তাঁর প্রতি মিথ্যারোপ করল, সুতরাং শাস্তি তাদের পাকড়াও করল যখন তারা ছিল অন্যায়কারী।



Sahih International: And there had certainly come to them a Messenger from among themselves, but they denied him; so punishment overtook them while they were wrongdoers.



তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।


তাফসীরে যাকারিয়া

অনুবাদ: ১১৩. আর অবশ্যই তাদের কাছে এসেছিলেন এক রাসূল তাদেরই মধ্য থেকে(১), কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করেছিল। ফলে শাস্তি তাদেরকে গ্রাস করল এমতাবস্থায় যে, তারা ছিল যুলুমকারী।


তাফসীর:

(১) এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই উদ্দেশ্য করা হয়েছে। তাদের রাসূল ছিল তাদের মধ্য থেকে অত্যন্ত পরিচিত জন। এমন নয় যে, তারা তাকে চিনত না বা তার সম্পর্কে কিছু জানে না। [ফাতহুল কাদীর] এ বিষয়টি পবিত্র কুরআনের আরো বিভিন্ন আয়াতে বর্ণনা করা হয়েছে। [দেখুনঃ সূরা আলে ইমরানঃ ১৬৪, সূরা আত-তালাকঃ ১০–১১, সূরা আল-মু'মিনূনঃ ৬৯]


তাফসীরে আহসানুল বায়ান

অনুবাদ: (১১৩) তাদের নিকট তো এসেছিল এক রসূল তাদের মধ্য হতে, কিন্তু তারা তাকে মিথ্যাজ্ঞান করেছিল; ফলে সীমালংঘন করা অবস্থায় শাস্তি[1] তাদেরকে গ্রাস করল।


তাফসীর:

[1] এই শাস্তি বা আযাব বলতে ক্ষুধা ও নিরাপত্তাহীনতার আযাব যা পূর্বের আয়াতে বর্ণিত হয়েছে। অথবা এর অর্থ মুসলিমদের হাতে বদরপ্রান্তে কাফেরদের হত্যা হওয়া।


তাফসীরে ফাতহুল মাজীদ


তাফসীর: ১১০-১১৩ নং আয়াতের তাফসীর:



(ثُمَّ اِنَّ رَبَّکَ لِلَّذِیْنَ ھَاجَرُوْا... وَھُمْ لَا یُظْلَمُوْنَ)



আল্লাহ তা‘আলা এখানে ঘোষণা করেন যে, যদি কেউ হিজরত করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় এবং নির্যাতিত হয় ও পরে আবার হিজরত করে মুসলিমদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তা‘আলা তাকে ক্ষমা করে দেবেন।



উক্ত আয়াতগুলোতে তাদের কথাই আলোচনা করা হয়েছে যারা তাদের ঘর-বাড়ি, সম্পদ ছেড়ে আল্লাহ তা‘আলার পথে তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করেছে। আর হিজরত করার পর পুনরায় ইসলাম ত্যাগ করে কুফরী ধর্ম গ্রহণ করার জন্য কাফিরদের হাতে অত্যাচারিত হয়েছে তথাপি ইসলাম ত্যাগ করেনি। বরং তাদের ঈমান আরও মজবুত হয়েছে। প্রচণ্ড কষ্টের সময় ধৈর্য ধারণ করেছে এবং আল্লাহ তা‘আলার পথে তাঁর শত্র“দের সাথে যুদ্ধ করেছে এখানে তাদের কথাই বলা হয়েছে।



অতঃপর আল্লাহ তা‘আলা বলেন, কিয়ামতের দিন মানুষ তাদের নিজেদের কৃতকর্মের পক্ষে যুক্তি পেশ করবে। আর আল্লাহ তা‘আলা প্রত্যেককে তাদের কৃতকর্মের ফলাফল দান করবেন। কারো ওপর বিন্দু পরিমাণ জুলুম করবেন না।



(وَضَرَبَ اللہُ مَثَلًا قَرْیَةً کَانَتْ اٰمِنَةً... وَھُمْ ظٰلِمُوْنَ)



এখানে قرية বা জনপদ বলে মক্কা নগরীকে বুঝানো হয়েছে। তারা তথায় নিরাপদে ও শান্তিতে বসবাস করছিল। আল্লাহ তা‘আলা তাদেরকে সেখানে বিভিন্ন স্থান হতে জীবিকা দানসহ তাদের ওপর আরো অসংখ্য নেয়ামত দান করলেন।



যেমন ইবরাহীম (عليه السلام)-এর কথা:



(وَإِذْ قَالَ إِبْرَاهِيْمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ أَهْلَه۫مِنَ الثَّمَرٰتِ)



“আর স্মরণ কর! যখন ইবরাহীম বললেন: হে আমার রব! এ স্থানকে তুমি নিরাপত্তাময় শহরে পরিণত কর এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে জীবিকার জন্য ফল-শস্য প্রদান কর।” (সূরা বাকারাহ ২:১২৬)



আল্লাহ তা‘আলা আরো বলেন:



(لِاِیْلٰفِ قُرَیْشٍﭐﺫ ا۪لٰفِھِمْ رِحْلَةَ الشِّتَا۬ئِ وَالصَّیْفِﭑﺆ فَلْیَعْبُدُوْا رَبَّ ھٰذَا الْبَیْتِﭒﺫ الَّذِیْٓ اَطْعَمَھُمْ مِّنْ جُوْعٍﺃ وَّاٰمَنَھُمْ مِّنْ خَوْفٍﭓﺟ)



“কুরাইশদের অনুকূল (ও নিরাপদ) হওয়ার কারণে। শীত ও গ্রীষ্ম কালের (ব্যবসায়িক) সফরে অভ্যস্ত হওয়ার কারণে। অতএব তাদের এ ঘরের প্রতিপালকেরই ইবাদত করা উচিত। যিনি ক্ষুধায় তাদের খাবার দান করেছেন এবং তাদেরকে ভয়-ভীতি থেকে নিরাপদ রেখেছেন।” (সূরা কুরাইশ ১০৬:১-৪)



আর তাদের ওপর সবচেয়ে বড় নেয়ামত ছিল, তাদের স্বগোত্র থেকে আল্লাহ তা‘আলা তাদের নিকট একজন রাসূল প্রেরণ করেছেন। অতঃপর তারা যখন আল্লাহ তা‘আলার এই নেয়মাত তথা মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে অস্বীকার করল তখন আল্লাহ তা‘আলা তাদেরকে আস্বাদন করালেন ক্ষুধা ও ভীতির স্বাদ। এমনকি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বদ দু‘আর ফলে তাদের অবস্থা এমন হয়েছিল যে, তারা হাড় ও গাছের পাতা খেয়ে জীবন ধারণ করত।



যেমন হাদীসে এসেছে: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে অভিশাপ করে বলেছিলেন:



(اللّٰهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَي مُضَرَ وَاجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ)



হে আল্লাহ! মুযার গোত্রকে কঠিনভাবে ধর এবং তাদের ওপর এমন অনাববৃষ্টি দাও যেমন ইউসুফ (عليه السلام)-এর যুগে মিসরে হয়েছিল। (সহীহ বুখারী হা: ৪৮২১, সহীহ মুসলিম হা: ২১৫৩)



সুতরাং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মিথ্যা প্রতিপন্ন করা এবং তাঁর দাওয়াতকে বর্জন করে তাঁকে কষ্ট দেয়ার ফলে তাদের প্রতি এ শাস্তি নেমে এসেছিল।



আয়াত হতে শিক্ষণীয় বিষয়:



১. মক্কার মর্যাদা সম্পর্কে জানা গেল।

২. নেয়ামতসমূহের শুকরিয়া আদায় করতে হবে।

৩. নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে অস্বীকার করার ফলে তৎকালীন মক্কার মুযার গোত্র যে কঠিন শাস্তির মুখোমুখি হয়েছিল তা জানতে পারলাম।


তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)


তাফসীর: ১১২-১১৩ নং আয়াতের তাফসীর

এই দৃষ্টান্ত দ্বারা মক্কাবাসীকে বুঝানো হয়েছে। তারা খুবই নিরাপদ ও নিশ্চিন্তভাবে বসবাস করছিল। আশে পাশে যুদ্ধ ও বিগ্রহ চলতো। কিন্তু মক্কাবাসীকে কেউই চোখ দেখাতে সাহস করতো না। যে কেউ এখানে আসতো তাকে নিরাপদ মনে করা হতো। যেমন মহান আল্লাহ বলেনঃ “তারা বলেঃ আমরা যদি হিদায়াতের অনুসরণ করি, তবে আমাদেরকে আমাদের যমীন হতে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে;” (আল্লাহ পাক বলেনঃ) “আমি কি তাদেরকে শান্তি ও নিরাপত্তার হারাম (শরীফ) দান করি নাই? যেখানে চারদিক থেকে আমার দেয়া জীবনোপকরণ বিভিন্ন প্রকারের ফলের আকারে এসে থাকে?”

এখানেও মহান আল্লাহ বলেনঃ “সেখানে আসতো সর্বদিক হতে প্রচুর জীবনোপকরণ; কিন্তু এর পরেও তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করলো। সবচেয়ে বড় নিয়ামত ছিল তাদের কাছে মুহাম্মদকে (সঃ) নবীরূপে প্রেরণ।” যেমন আল্লাহ তাআলা বলেনঃ “তুমি কি তাদেরকে দেখ নাই? যারা আল্লাহর নিয়ামতকে কুফরী দ্বারা পরিবর্তন করে দিয়েছে, আর নিজেদের কওমকে ধ্বংসের ঘরে পৌঁছিয়ে দিয়েছে, যা হচ্ছে জাহান্নাম, যেখানে তারা প্রবেশ করবে এবং ওটা কতই না নিকৃষ্ট স্থান।”

তাদের দুষ্টামি ও হঠকারিতার শাস্তি স্বরূপ তাদের দু’টি নিয়ামত দু'টি যহুমত বা দুঃখ বেদনায় পরিবর্তিত হয়। নিরাপত্তা ভয়ে এবং প্রশান্তি ক্ষুধা ও চিন্তায় রূপান্তরিত হয়। তারা আল্লাহর রাসূলকে (সঃ) স্বীকার করে নাই এবং তার বিরুদ্ধাচরণে উঠে পড়ে লেগে যায়। রাসূলুল্লাহ (সঃ) সাত বছরের দীর্ঘ মেয়াদী দুর্ভিক্ষের জন্যে বদ দুআ করেন, যেমন হযরত ইউসুফের (আঃ) যুগে দেখা দিয়েছিল। এই দুর্ভিক্ষের সময় তারা উটের রক্ত মিশ্রিত লোম পর্যন্ত খেয়েছিল। নিরাপত্তার পর আসলো ভয় ও সন্ত্রাস। সব সময় তারা রাসূলুল্লাহ (সঃ) ও তাঁর সেনাবাহিনীর ভয়ে ভীত থাকতো। তারা দিনের পর দিন তার উন্নতি এবং তার সেনাবাহিনীর শক্তি বৃদ্ধির খবর শুনতে ও বুঝতো। অবশেষে আল্লাহর রাসূল (সঃ) তাদের শহর মক্কার উপর আক্রমণ চালান এবং ওটা জয় করে ওর উপর নিজের অধিকার প্রতিষ্ঠিত করেন। এই ছিল তাদের দুষ্কার্যের ফল যে, তারা যুলুম ও বাড়াবাড়ির উপর লেগেই ছিল এবং আল্লাহর রাসূলকে (সঃ) মিথ্যা প্রতিপন্ন করতেই ছিল। অথচ তাঁকে আল্লাহ তাআলা তাদের মধ্যে স্বয়ং তাদের মধ্য থেকেই প্রেরণ করেছিলেন। এই অনুগ্রহের কথা তিনি নিম্নের আয়াতে বর্ণনা করেছেনঃ (আরবি) অর্থাৎ “আল্লাহ মুমিনদের উপর এইভাবে অনুগ্রহ করেছেন যে, তিনি তাদের মধ্যে তাদের মধ্য হতেই রাসূল প্রেরণ করেছেন।” (৩:১৬৪) অন্য আয়াতে রয়েছেঃ “হে জ্ঞানীরা! সুতরাং তোমরা আল্লাহকে ভয়কর। যারা ঈমান এনেছে, (জেনে রেখো যে,) আল্লাহ তোমাদের মধ্যে পুরুষ লোককে রাসূল করে পাঠিয়েছেন।” আল্লাহ তাআলার আরো উক্তিঃ “যেমন আমি তোমাদের মধ্যে রাসূল পাঠিয়েছি তোমাদের মধ্য হতেই, যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করে থাকে, তোমাদেরকে পবিত্র করে এবং তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিয়ে থাকে.....এবং তোমরা কুফরী করবে না।”

যেমন কুফরীর কারণে নিরাপত্তার পরে ভয় আসলো এবং স্বচ্ছলতার পরে আসলো ক্ষুধার তাড়না, অনুরূপভাবে ঈমানের কারণে ভয়ের পরে আসলো শান্তি ও নিরাপত্তা এবং ক্ষুধার পরে আসলো হুকুমত ও নেতৃত্ব। সুতরাং আল্লাহ কতই না মহান!

হযরত সুলাইম ইবনু নুমাইর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ “আমরা উম্মুল মু'মিনীন হযরত হাফসার (রাঃ) সাথে হজ্ব শেষে (মদীনার পথে) ফিরছিলাম। ঐ সময় খলীফাতুল মু'মিনীন হযরত উসমান (রাঃ) (বিদ্রোহীগণ কর্তৃক পরিবেষ্টিত ছিলেন। হযরত হাফসা (রাঃ) অধিকাংশ পথিককে পথিমধ্যে হযরত উসমান (রাঃ) সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিলেন। অবশেষে দু’জন উষ্ট্রারোহীকে দেখে তিনি তাদের কাছে লোক পাঠিয়ে হযরত উসমান (রাঃ) সম্পর্কে জানতে চান। তারা খবর দেয় যে, তিনি শহীদ হয়েছেন। তৎক্ষণাৎ তিনি বলেনঃ “আল্লাহর শপথ! ইনিই সেই শহীদ যার ব্যাপারে আল্লাহ তাআ'লা (আরবি) এই আয়াতটি অবতীর্ণ করেছেন।” (এটা ইমাম ইবনু জারীর (রঃ) বর্ণনা করেছেন) আবদুল্লাহ ইবনু মুগীরার (রঃ) শায়েখেরও এটাই উক্তি।





সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।