আল কুরআন


সূরা আর-রাদ (আয়াত: 25)

সূরা আর-রাদ (আয়াত: 25)



হরকত ছাড়া:

والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار ﴿٢٥﴾




হরকত সহ:

وَ الَّذِیْنَ یَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مِیْثَاقِهٖ وَ یَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَ یُفْسِدُوْنَ فِی الْاَرْضِ ۙ اُولٰٓئِکَ لَهُمُ اللَّعْنَۃُ وَ لَهُمْ سُوْٓءُ الدَّارِ ﴿۲۵﴾




উচ্চারণ: ওয়াল্লাযীনা ইয়ানকুদূ না ‘আহদাল্লা-হি মিম বা‘দি মীছা-কিহী ওয়া ইয়াকাতা‘ঊনা মাআমারাল্লা-হু বিহীআইঁ ইঊসালা ওয়াইউফছিদূ না ফিল আরদি উলাইকা লাহুমুল লা‘নাতুওয়া লাহুম ছূূউদ্দা-র।




আল বায়ান: আর যারা আল্লাহর সাথে দৃঢ়ভাবে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং যমীনে ফাসাদ সৃষ্টি করে, তাদের জন্যই লা‘নত আর তাদের জন্যই রয়েছ আখিরাতের মন্দ আবাস।




আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ২৫. পক্ষান্তরে যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুন্ন রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং যমীনে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্যই রয়েছে লা’নত এবং তাদের জন্য রয়েছে আখেরাতের মন্দ আবাস।(১)




তাইসীরুল ক্বুরআন: আর যারা আল্লাহর সাথে শক্ত ও‘য়াদা করার পর তা ভঙ্গ করে, আল্লাহ যা বহাল রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে, আর যমীনে অশান্তি সৃষ্টি করে, তাদের প্রতি অভিশাপ, তাদের জন্য আছে অতিশয় মন্দ আবাসস্থল।




আহসানুল বায়ান: (২৫) যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ´ রাখতে আল্লাহ আদেশ করেছেন, তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্য আছে অভিসম্পাত এবং তাদের জন্য আছে মন্দ আবাস। [1]



মুজিবুর রহমান: যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুন্ন রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্য আছে অভিসম্পাত এবং আছে মন্দ আবাস।



ফযলুর রহমান: আর যারা আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যা সংযুক্ত রাখার (আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার) নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীতে অশান্তি সৃস্টি করে তাদের জন্যই অভিসম্পাত; আর তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস (জাহান্নাম)।



মুহিউদ্দিন খান: এবং যারা আল্লাহর অঙ্গীকারকে দৃঢ় ও পাকা-পোক্ত করার পর তা ভঙ্গ করে, আল্লাহ যে, সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন, তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, ওরা ঐ সমস্ত লোক যাদের জন্যে রয়েছে অভিসম্পাত এবং ওদের জন্যে রয়েছে কঠিন আযাব।



জহুরুল হক: আর যারা আল্লাহ্‌র সাথের অংগীকার ভঙ্গ করে সেটির সুদৃঢ়ীকরণের পরে, আর ছিন্ন করে যা অক্ষুন্ন রাখতে আল্লাহ্ আদেশ করেছেন, আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, এরাই -- এদের জন্যেই রয়েছে ধিক্কার, আর এদেরই জন্যে আছে নিকৃষ্ট আবাস।



Sahih International: But those who break the covenant of Allah after contracting it and sever that which Allah has ordered to be joined and spread corruption on earth - for them is the curse, and they will have the worst home.



তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।


তাফসীরে যাকারিয়া

অনুবাদ: ২৫. পক্ষান্তরে যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুন্ন রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং যমীনে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্যই রয়েছে লা’নত এবং তাদের জন্য রয়েছে আখেরাতের মন্দ আবাস।(১)


তাফসীর:

(১) এ আয়াতে সে সমস্ত অপরিণামদর্শী লোকদের আলোচনা করা হচ্ছে, যারা পূর্ববর্তী গুণগুলোর বিপরীত কাজ করে। তাদের জন্য কি শাস্তি রয়েছে তাও বর্ণনা করা হয়েছে। [ফাতহুল কাদীর] এ সমস্ত অবাধ্য বান্দাদের স্বভাব হলো যে, তারা আল্লাহ তা'আলার অঙ্গীকারকে পাকাপোক্ত করার পর তা ভংগ করে থাকে। হাদীসে অঙ্গীকার ভঙ্গ করাকে মুনাফিকের একটি আলামত হিসেবে বর্ণনা করা হয়েছে। [ইবন কাসীর] অবাধ্য বান্দাদের দ্বিতীয় স্বভাব এরূপ বর্ণিত হয়েছে যে, তারা ঐসব সম্পর্ক ছিন্ন করে, যেগুলো বজায় রাখতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আত্মীয়তার সম্পর্কও আয়াতের অন্তর্ভুক্ত। তাছাড়া সমস্ত নবী-রাসূলদের উপর ঈমান আনাও এর অন্তর্ভুক্ত। [কুরতুবী]

তৃতীয় স্বভাব এই যে, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। তারা কুফরি ও গোনাহ করে যমীনে ফাসাদ সৃষ্টি করে। [কুরতুবী] যারা আল্লাহ্ তা'আলা ও মানুষের অঙ্গীকারের পরওয়া করে না এবং কারো অধিকার ও সম্পর্কের প্রতি লক্ষ্য করে না, তাদের কর্মকাণ্ড যে অপরাপর লোকদের ক্ষতি ও কষ্টের কারণ হবে, তা বলাই বাহুল্য। ঝগড়া-বিবাদ ও মারামারি-কাটাকাটির বাজার গরম হবে। এটা এক বিরাট ফাসাদ।

আবুল আলীয়া রাহেমাহুল্লাহ বলেন, মুনাফিক শ্রেণীর লোক যখন মানুষের উপর কর্তৃত্ব করে তখন ছয়টি খারাপ অভ্যাস ও কর্ম করে থাকেঃ কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তার বিপরীত কাজ করে, তাদের কাছে আমানত রাখা হলে তা খেয়ানত করে, আল্লাহর নেয়া অঙ্গীকারকে ভঙ্গ করে, আল্লাহ যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে নির্দেশ দিয়েছেন তা কর্তন করে এবং যমীনের মধ্যে বিপর্যয় ও ফেতনা-ফাসাদ সৃষ্টি করে। আর যখন তারা কর্তৃত্বে থাকে না বা অন্যরা তাদের উপর কর্তৃত্ব করে তখন তারা তিনটি কাজ করেঃ কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তার বিপরীত করে এবং আমানতের খেয়ানত করে। [ইবন কাসীর] হাদীসেও তাদের কর্মকাণ্ডের কথা বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত তিনটি, যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে তার বিপরীত করবে এবং যখন আমানত রাখা হবে তখন তার খেয়ানত করবে। [বুখারীঃ ৩৩, মুসলিমঃ ৫৯] অন্য বর্ণনায় এসেছে, যখন অঙ্গীকার করবে তা ভঙ্গ করবে, যখন ঝগড়া করবে গালি-গালাজ করবে। [বুখারীঃ ৩৪, মুসলিমঃ ৫৮]

অবাধ্য বান্দাদের এই সমস্ত স্বভাব বর্ণনা করার পর তাদের শাস্তি উল্লেখ করে বলা হয়েছে যে, তাদের জন্য লা'নত ও মন্দ আবাস রয়েছে। লানতের অর্থ আল্লাহর রহমত থেকে দূরে থাকা এবং বঞ্ছিত হওয়া। [কুরতুবী] বলাবাহুল্য, আল্লাহর রহমত থেকে দূরে থাকাই সর্বাপেক্ষা বড় আযাব এবং সব বিপদের বড় বিপদ। পূর্ববর্তী আয়াতসমূহে যেমন অনুগত বান্দাদের প্রতিদান উল্লেখ করে বলা হয়েছিল যে, তাদের স্থান হবে জান্নাতে, ফিরিশতারা তাদেরকে সালাম করে বলবে যে, এসব নেয়ামত তোমাদের সবর ও আনুগত্যের ফলশ্রুতি, তেমনিভাবে এ আয়াতে অবাধ্যদের অশুভ পরিণতি বর্ণনা করে বলা হয়েছে যে, তাদের উপর আল্লাহর লা'নত অর্থাৎ তারা আল্লাহর রহমত থেকে দূরে এবং তাদের জন্য জাহান্নামের আবাস অবধারিত। এতে বুঝা যায় যে, অঙ্গীকার ভঙ্গ করা এবং আত্মীয় ও স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করা অভিসম্পাত ও জাহান্নামের কারণ।


তাফসীরে আহসানুল বায়ান

অনুবাদ: (২৫) যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুন্ন রাখতে আল্লাহ আদেশ করেছেন, তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্য আছে অভিসম্পাত এবং তাদের জন্য আছে মন্দ আবাস। [1]


তাফসীর:

[1] এখানে সৎকর্মশীলদের সাথে অসৎকর্মশীলদের পরিণাম বর্ণনা করেছেন, যেন মানুষ এই পরিণাম থেকে বাঁচার চেষ্টা করে।


তাফসীরে ফাতহুল মাজীদ


তাফসীর: ২৫-২৬ নং আয়াতের তাফসীর:



(وَالَّذِیْنَ یَنْقُضُوْنَ عَھْدَ اللہِ...)



পূর্ববর্তী আয়াতগুলোতে মু’মিনদের অন্যতম একটি গুণ উল্লেখ করা হয়েছে যে, আল্লাহ তা‘আলা যাদের সাথে সম্পর্ক বজায় রাখতে নির্দেশ দিয়েছেন তারা তাদের সাথে সম্পর্ক বজায় রাখে। এখানে বিপরীত দোষের অধিকারী ব্যক্তির কথা বলা হয়েছে। তারা আল্লাহ তা‘আলার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, তাদেরকে যে সম্পর্ক বজায় রাখার জন্য নিদের্শ দেয়া হয়েছে তা তারা বজায় রাখে না। এবং তারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়। অথচ তারা নিজেদের ব্যাপারে মনে করে যে, তারা ভাল কাজ করছে। মূলত তারা হল মুনাফিক, আর এদের সম্পর্কে সূরা বাক্বারার প্রথম দিকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরা অভিশপ্ত সম্প্রদায়, আল্লাহ তা‘আলার রহমত থেকে বঞ্চিত। ফলে তাদের জন্য আখিরাতে রয়েছে নিকৃষ্ট আবাসস্থল। তারা তথায় চিরকাল থাকবে। সেখান থেকে নিষ্কৃতি লাভ করবে না।



(اَللہُ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَا۬ئُ وَیَقْدِرُ....)



অত্র আয়াতে বলা হচ্ছে যে, আল্লাহ তা‘আলা যাকে ইচ্ছা রিযিক বৃদ্ধি করে দেন আবার যাকে ইচ্ছা সঙ্কীর্ণ করে দেন। পূর্বের আয়াতে বলা হয়েছে; যারা আল্লাহ তা‘আলার সাথে কৃত অঙ্গীকার পূরণ করে না তথা তাঁর প্রতি ঈমান ও সৎআমলের অঙ্গীকার পূরণ না করে কুফরী করে তাদের জন্য রয়েছে নিকৃষ্টতম স্থান জাহান্নাম। প্রশ্ন হতে পারে, দুনিয়াতে তো কাফের মুশরিকরাই সুখ-স্বাচ্ছন্দ্যে রয়েছে, তাদের পার্থিব রিযিকের অভাব নেই। তাহলে কি তারাই আল্লাহ তা‘আলার প্রিয়পাত্র? প্রকৃত ব্যাপার তা নয়, এরূপ চিন্তা-চেতনাকে খণ্ডনের জন্য আল্লাহ তা‘আলা বলছেন, পার্থিব উপায় উপকরণ একমাত্র আমার হাতে। আমি যাকে ইচ্ছা যত পরিমাণ রিযিক দিয়ে থাকি। দুনিয়াতে কাউকে সম্পদের প্রাচুর্য দান করা বা ক্ষমতা ও সুখ-শান্তি দান করা এটা প্রমাণ করে না আমি তাদেরকে ভালবাসি। বরং তাদেরকে দুনিয়ার সুখ-সাচ্ছন্দ্য দান করার পিছনে হিকমত রয়েছে। তা হল (১) দুনিয়ার এসব সুখ-সাচ্ছন্দ ক্ষণস্থায়ী, তাই তাদের জন্য দুনিয়ার আরাম-আয়েশ দিয়েই শেষ, আখিরাতে তাদের জন্য জাহান্নাম ছাড়া কিছুই থাকবে না।



(২) দুনিয়ার এসব সুখ-সাচ্ছন্দ্য দ্বারা তাদেরকে অপরাধের অবকাশ দেয়া হয়, আখিরাতে তাদেরকে জাহান্নামে অপমানের সাথে প্রবেশ করানো হবে।



(৩) দুনিয়াটা মু’মিনদের জন্য পরীক্ষাগার, এখানে তারা আরাম আয়েশ ও সুখ-সাচ্ছন্দে বাস করবে, এটা আগমনের উদ্দেশ্য নয়। বরং তারা সকল আরাম আয়েশ ও সুখ-সাচ্ছন্দ্য বর্জন করে এমনকি নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহ তা‘আলার সন্তুষ্টি হাসিল করতঃ জান্নাতে স্থান করে নিবে।



(৪) আল্লাহ তা‘আলা সকলকে যদি সমান পরিমাণ রিযিক দিতেন তাহলে জমিনে ফাসাদ সৃষ্টি হত। কেউ কাউকে পরোয়া করতো না। আল্লাহ তা‘আলা বলেন:



(وَلَوْ بَسَطَ اللّٰهُ الرِّزْقَ لِعِبَادِه۪ لَبَغَوْا فِي الْأَرْضِ وَلٰكِنْ يُّنَزِّلُ بِقَدَرٍ مَّا يَشَا۬ءُ ط إِنَّه۫ بِعِبَادِه۪ خَبِيْرٌۭبَصِيْرٌ)‏



“আল্লাহ তাঁর (সকল) বান্দাদের রুযী বাড়িয়ে দিলে তারা পৃথিবীতে অবশ্যই সীমালঙ্ঘন করত; কিন্তু তিনি তাঁর ইচ্ছামত পরিমাণেই দিয়ে থাকেন। তিনি তাঁর বান্দাদের সম্পর্কে সম্যক জানেন ও দেখেন।” (সূরা শুরা ৪২:২৭)



সুতরাং আল্লাহ তা‘আলা যার জন্য যতটুকু পরিমাণ রিযিক উপযুক্ত মনে করেন তাকে ততটুকুই রিযিক দিয়ে থাকেন।



কিন্তু যারা কাফের তারা পার্থিব জীবন ও সুখ-সাচ্ছন্দ্য নিয়েই সন্তুষ্ট। তারা আখিরাতের কথা চিন্তাই করে না। অথচ এ দুনিয়া অতি নগণ্য, যা আখিরাতের তুলনায় কিছুই না।



আল্লাহ তা‘আলা অন্যত্র বলেন:



(قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيْلٌ ج وَالْاٰخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقٰي قف وَلَا تُظْلَمُوْنَ فَتِيْلًا)



“বল: ‘পার্থিব ভোগ সামান্য এবং যে মুত্তাকী তার জন্য আখিরাতই উত্তম। তোমাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না।’’ (সূরা নিসা ৪:৭৭) এমনকি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একদা ছোট কানবিশিষ্ট একটি মৃত ছাগলের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন। যখন তারা এ ছাগলটিকে ফেলে দিল তখন তিনি বললেন: আল্লাহ তা‘আলার কসম এই বকরীর বাচ্চার মালিকের কাছে তার যতটুকু মূল্য রয়েছে আল্লাহ তা‘আলার কাছে দুনিয়ার মূল্য তার চেয়েও নগণ্য। (সহীহ মুসলিম হা: ২২৭৪)



অনুরূপ অন্য একটি হাদীসে বলা হয়েছে, “আখিরাতের তুলনায় দুনিয়া এরূপ সমুদ্রের পানির তুলনায় আঙ্গুলের পানি যেরূপ।” (সহীহ মুসলিম হা: ২১৯৩)



অতএব, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন চিরস্থায়ী। সুতরাং আখিরাত ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়াটা বোকামী ব্যতীত আর কিছুই নয়। এই সমস্ত আয়াত ও সহীহ হাদীস দ্বারা প্রমাণীত হয় যে, যারা দুনিয়া ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে যায় তারা ভ্রান্ত। কারণ ইসলামে তা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ ব্যাপারে বলেন: ইসলামের মধ্যে কোন বৈরাগ্যবাদ নেই। (আবূ দাঊদ) অর্থাৎ যারা নিজেদেরকে মুসলিম বলে দাবী করবে তাদেরকে এই বৈরাগ্যবাদ পরিত্যাগ করতে হবে। অন্যথায় তারা মুসলিম বা ইসলাম থেকে বাহির হয়ে যাবে। তারা মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উম্মত হিসেবে আখিরাতে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না।



আয়াত হতে শিক্ষণীয় বিষয়:



১. পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা মু’মিনের কাজ নয়।

২. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, ক্ষুণত্ন করা যাবে না।

৩. দুনিয়া ছেড়ে আখিরাত এবং আখিরাত ছেড়ে দুনিয়া নিয়ে পড়ে থাকা যাবে না। বরং উভয়টাই চাইতে হবে, তবে সর্বক্ষেত্রে আখিরাতকে প্রাধান্য দিতে হবে।

৪. ইসলামে কোন বৈরাগ্যবাদ নেই। বৈরাগ্যবাদ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাতের খেলাফ।


তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)


তাফসীর: মুমিনমু’মিনদের গুণাবলী উপরে বর্ণনা করার পর এখানে ঐ হতভাগ্যদের বর্ণনা দেয়া হচ্ছে, যারা মুমিনমু’মিনদের বিপরীত স্বভাব বিশিষ্ট। তারা আল্লাহর সাথে কৃত ওয়াদার প্রতি না কোন ভ্রুক্ষেপ করতো, না তারা আত্মীয়তার সম্পর্ক যুক্ত রাখতো, না আল্লাহ তাআ’লার আদেশ নিষেধের প্রতি কোন খেয়াল রাখতো। এরা হচ্ছে অভিশপ্ত দল এবং এদের পরিণাম বড়ই মন্দ। যেমন হাদীসে এসেছেঃ “মুনাফিকের নিদর্শন তিনটি। যখন তারা কথা বলে মিথ্যা বলে, যখন কোন ওয়াদা করে তখন খেলাফ করে এবং যখন তাদের কাছে কোন আমানত রাখা হয় তখন তারা খেয়ানত করে।” আর একটি রিওয়াইয়াতে আছেঃ “যখন কোন চুক্তি করে তখন তা ভঙ্গ করে, যখন ঝগড়া করে তখন কটু ও অশ্লীল বাক্য প্রয়োগ করে।” এই শ্রেণীর লোক আল্লাহ তাআ’লার করুণা লাভ করবে না। এবং এদের পরিণাম হবে খুবই মন্দ। এরা হচ্ছে জাহান্নামী দল।

(আরবি) এই আয়াতের ব্যাপারে আবুল আ’লিয়া (রঃ) বলেন যে, মুনাফিকদের মধ্যে ছ'টি অভ্যাস প্রকাশ পায় যখন তারা বিজয়ী হয়। অভ্যাসগুলি হচ্ছেঃ মিথ্যা কথা বলা,ওয়াদা খেলাফ করা, আমানতের খিয়ানত করা, আল্লাহর সাথে কৃত চুক্তি ভঙ্গ করা, আল্লাহ তাআ’লা যে সম্পর্ক অক্ষুন্ন রাখতে আদেশ করেছেন তা অক্ষুন্ন না রাখা এবং ভূ-পৃষ্ঠে বিশৃংখলা ও অশান্তি ছড়িয়ে দেয়া। আর যখন তারা বিজিত হয় তখন তাদের তিনটি স্বভাব প্রকাশ পায়ঃ যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে এবং আমানত রাখা হলে খিয়ানত করে।





সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।