সূরা আয-যুমার (আয়াত: 75)
হরকত ছাড়া:
وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين ﴿٧٥﴾
হরকত সহ:
وَ تَرَی الْمَلٰٓئِکَۃَ حَآفِّیْنَ مِنْ حَوْلِ الْعَرْشِ یُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ ۚ وَ قُضِیَ بَیْنَهُمْ بِالْحَقِّ وَ قِیْلَ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ﴿۷۵﴾
উচ্চারণ: ওয়া তারাল মালাইকাতা হাফফীনা মিন হাওলিল ‘আরশি ইউছাববিহূ না বিহামদি রাব্বিহিম, ওয়া কুদিয়া বাইনাহুম বিলহাক্কি ওয়াকীলাল হামদুলিল্লা-হি রাব্বিল ‘আলামীন।
আল বায়ান: আর তুমি ফেরেশতাদেরকে আরশের চারপাশ ঘিরে তাদের রবের প্রশংসায় তাসবীহ পাঠ করতে দেখতে পাবে। আর তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে বিচার করে দেয়া হবে এবং বলা হবে ‘সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য’।
আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ৭৫. আর আপনি ফেরেশতাদেরকে দেখতে পাবেন যে, তারা আরাশের চারপাশে ঘিরে তাদের রবের সপ্ৰশংস পবিত্ৰতা ও মহিমা ঘোষণা করছে। আর তাদের মধ্যে বিচার করা হবে ন্যায়ের সাথে এবং বলা হবে, সকল প্ৰশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর প্রাপ্য।
তাইসীরুল ক্বুরআন: তুমি ফেরেশতাদেরকে ‘আরশের চারপাশ ঘিরে তাদের প্রতিপালকের মাহাত্ম্য ঘোষণা ও প্রশংসা করতে দেখতে পাবে। মানুষের মাঝে ন্যায়নিষ্ঠার সঙ্গে বিচার-ফয়সালা করা হবে। আর ঘোষণা দেয়া হবে যে, যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য।
আহসানুল বায়ান: (৭৫) তুমি ফিরিশতাদেরকে দেখতে পাবে যে, ওরা আরশের চারিপাশ ঘিরে ওদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে।[1] ন্যায়ের সঙ্গে সকলের বিচার করা হবে; আর বলা হবে, ‘সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর প্রাপ্য।’[2]
মুজিবুর রহমান: এবং তুমি মালাইকা/ফেরেশতাদেরকে দেখতে পাবে যে, তারা আরশের চতুস্পার্শ্বে ঘিরে তাদের রবের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। আর তাদের বিচার করা হবে ন্যায়ের সাথে। বলা হবেঃ প্রশংসা জগতসমূহের রাব্ব আল্লাহর প্রাপ্য।
ফযলুর রহমান: তুমি ফেরেশতাদেরকে আরশের চারপাশ ঘিরে তাদের প্রভুর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করতে দেখবে। তাদের মধ্যে ন্যায়বিচার করা হবে। আর বলা হবে, “সকল প্রশংসা নিখিল জগতের প্রভু আল্লাহর।”
মুহিউদ্দিন খান: আপনি ফেরেশতাগণকে দেখবেন, তারা আরশের চার পাশ ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষনা করছে। তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে। বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর।
জহুরুল হক: আর তুমি দেখতে পাবে যে ফিরিশ্তারা আরশের চতুর্দিক ঘিরে রয়েছে, তাদের প্রভুর প্রশংসায় জপতপ করে চলেছে, আর তাদের মধ্যে বিচার-মীমাংসা করা হবে সততার সাথে, আর বলা হবে -- "সকল প্রশংসা আল্লাহ্রই জন্য যিনি বিশ্বজগতের প্রভু।"
Sahih International: And you will see the angels surrounding the Throne, exalting [Allah] with praise of their Lord. And it will be judged between them in truth, and it will be said, "[All] praise to Allah, Lord of the worlds."
তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।
তাফসীরে যাকারিয়া
অনুবাদ: ৭৫. আর আপনি ফেরেশতাদেরকে দেখতে পাবেন যে, তারা আরাশের চারপাশে ঘিরে তাদের রবের সপ্ৰশংস পবিত্ৰতা ও মহিমা ঘোষণা করছে। আর তাদের মধ্যে বিচার করা হবে ন্যায়ের সাথে এবং বলা হবে, সকল প্ৰশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর প্রাপ্য।
তাফসীর:
-
তাফসীরে আহসানুল বায়ান
অনুবাদ: (৭৫) তুমি ফিরিশতাদেরকে দেখতে পাবে যে, ওরা আরশের চারিপাশ ঘিরে ওদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে।[1] ন্যায়ের সঙ্গে সকলের বিচার করা হবে; আর বলা হবে, ‘সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর প্রাপ্য।”[2]
তাফসীর:
[1] আল্লাহর বিচার-ফায়সালার পর ঈমানদাররা জান্নাতে এবং কাফের ও মুশরিকরা জাহান্নামে চলে যাওয়ার পরের চিত্র আয়াতে এইভাবে তুলে ধরা হয়েছে যে, ফিরিশতাগণ আল্লাহর আরশকে পরিবেষ্টিত রাখা অবস্থায় তাঁর পবিত্রতার ঘোষণা ও গুণবর্ণনায় ব্যস্ত থাকবেন।
[2] এখানে প্রশংসার সম্পর্ক কোন এক সৃষ্টির সাথে জোড়া হয়নি, যা থেকে জানা যায় যে, প্রতিটি জিনিস (কথা বলতে সক্ষম ও অক্ষম)এর মুখে থাকবে আল্লাহর হামদের সুর।
তাফসীরে ফাতহুল মাজীদ
তাফসীর: ৭১-৭৫ নম্বর আয়াতের তাফসীর :
কিয়ামতের মাঠে বিচারকার্য সম্পন্ন হওয়ার পর কাফির-মুশরিকদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এ সম্পর্কে আল্লাহ তা‘আলা অন্যত্র বলেন :
(يَوْمَ يُدَعُّوْنَ إِلٰي نَارِ جَهَنَّمَ دَعًّا)
“সেদিন তাদেরকে চরমভাবে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের অগ্নির দিকে” (সূরা আত্ তূর ৫২ : ১৩)
আল্লাহ তা‘আলা আরো বলেন :
(وَّنَسُوْقُ الْمُجْرِمِيْنَ إِلٰي جَهَنَّمَ وِرْدًا)
“এবং অপরাধীদেরকে তৃষ্ণাতুর অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব।” (সূরা মারইয়াম ১৯ : ৮৫-৮৬)
অতঃপর যখন তারা জাহান্নামের দ্বারপ্রান্তে উপস্থিত হবে তখন তার দরজাসমূহ তাদের জন্য খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে : তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রাসূলগণ আসেননি যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত তেলাওয়াত করত এবং তোমাদেরকে এই দিনের সাক্ষাত সম্বন্ধে সতর্ক করত? তারা বলবে : অবশ্যই এসেছিল।
আল্লাহ তা‘আলার বাণী,
( كُلَّمَآ أُلْقِيَ فِيْهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَآ أَلَمْ يَأْتِكُمْ نَذِيْرٌ - قَالُوْا بَلٰي قَدْ جَا۬ءَنَا نَذِيْرٌ ৫ لا فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللّٰهُ مِنْ شَيْءٍ ﺊإِنْ أَنْتُمْ إِلَّا فِيْ ضَلَالٍ كَبِيْرٍ - وَقَالُوْا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِيْٓ أَصْحٰبِ السَّعِيْرِ )
“যখনই তাতে কোন দলকে নিক্ষেপ করা হবে, তখনই তাদেরকে জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে : তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসেনি? তারা উত্তরে বলবে : হ্যাঁ আমাদের নিকট সতর্ককারী এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম এবং বলেছিলাম : আল্লাহ কিছুই নাযিল করেননি, তোমরা তো মহা গুমরাহীতে রয়েছ। এবং তারা আরো বলবে : যদি আমরা শুনতাম অথবা বিবেক-বুদ্ধি দিয়ে অনুধাবন করতাম, তবে আমরা জাহান্নামবাসী হতাম না।” (সূরা আল মুল্ক ৬৭ : ৮-১০) কারণ আল্লাহ তা‘আলা কোন জাতিকে সতর্ক করার পূর্বে শাস্তি দেন না। আল্লাহ তা‘আলা বলেন :
(وَمَا كُنَّا مُعَذِّبِيْنَ حَتّٰي نَبْعَثَ رَسُوْلًا)
আমি রাসূল না পাঠান পর্যন্ত কাউকে শাস্তি দেই না। (সূরা ইসরা ১৭ : ১৫)
তখন তারা তাদের অপরাধের কথা স্বীকার করবে এবং লজ্জিত হবে। যেমন আল্লাহ তা‘আলা বলেন,
(فَاعْتَرَفُوْا بِذَنْۭبِھِمْﺆ فَسُحْقًا لِّاَصْحٰبِ السَّعِیْرِ)
“অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। সুতরাং অভিশাপ জাহান্নামবাসীদের জন্য!” (সূরা মুল্ক ৬৭ : ১১)
কিন্তু তথায় লজ্জিত হয়ে কোনই লাভ হবে না, তাদেরকে বলা হবে তোমরা আজ চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করো। আর এটা কতই না নিকৃষ্ট আবাসস্থল।
পক্ষান্তরে যারা মুত্তাকী তাদেরকেও হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের দ্বারপ্রান্তে এসে উপস্থিত হবে তখন তার প্রহরীরা জান্নাতীদেরকে জান্নাতের দরজাসমূহ খুলে দেবে এবং বলবে : তোমাদের প্রতি সালাম- শান্তি তোমরা সুখী হও এবং এ চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো। তখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে বলবে : প্রশংসা ঐ আল্লাহ তা‘আলার যিনি আমাদেরকে দেয়া ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির অধিকারী বানিয়েছেন। আমরা জান্নাতে যেখানে খুশি বসবাস করব। জান্নাতী ও জাহান্নামীদের এ সকল অবস্থা সূরা আ‘রাফ এর ৪৪-৫০ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে।
বিচারকার্য সম্পন্ন হওয়ার পর যখন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তখন ফেরেশতারা আরশের চারপাশ ঘিরে আল্লাহ তা‘আলার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করবে। সকলেই সেদিন মহান আল্লাহর প্রশংসা করতে থাকবে। আল্লাহ তা‘আলা বলেন :
(وَنَزَعْنَا مَا فِيْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِيْ مِنْ تَحْتِهِمُ الْأَنْهٰرُ ج وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ هَدٰنَا لِهٰذَا قف وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَآ أَنْ هَدٰنَا اللّٰهُ ج لَقَدْ جَا۬ءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ط وَنُوْدُوْآ أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ)
“আমি তাদের অন্তর হতে হিংসা-বিদ্বেষ দূর করে দেব, তাদের পাদদেশে প্রবাহিত হবে নদী এবং তারা বলবে, ‘সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে এর পথ দেখিয়েছেন। ‘আল্লাহ আমাদেরকে পথ না দেখালে আমরা কখনও পথ পেতাম না। আমাদের প্রতিপালকের রাসূলগণ তো সত্যবাণীই নিয়ে এসেছিল,’ এবং তাদেরকে আহ্বান করে বলা হবে, ‘তোমরা যা করতে তারই জন্য তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে।’ (সূরা আ‘রাফ ৭ : ৪৩)
আয়াত হতে শিক্ষণীয় বিষয় :
১. কিয়ামতের মাঠে জান্নাতী এবং জাহান্নামীদের কিরূপ অবস্থা হবে সে সম্পর্কে জানা গেল।
২. আল্লাহ তা‘আলা জান্নাতে এবং জাহান্নামে প্রহরী নিযুক্ত রেখেছেন।
৩. জান্নাতে এবং জাহান্নামে দরজা রয়েছে।
৪. জান্নাতীদেরকে সালাম সম্ভাষণের মাধ্যমে জান্নাতে স্থান দেয়া হবে।
তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)
তাফসীর: আল্লাহ তা'আলা যখন জান্নাতবাসী ও জাহান্নামবাসীদের ফায়সালা শুনিয়ে দেয়া এবং তাদেরকে তাদের আবাসস্থলে পৌঁছিয়ে দেয়ার অবস্থা বর্ণনা করা হতে ফারেগ হলেন এবং তাতে নিজের আদল ও ইনসাফ প্রমাণ করলেন, তখন এই আয়াতে তিনি স্বীয় নবী (সঃ)-কে সংবাদ দিলেন যে, হে নবী (সঃ)! কিয়ামতের দিন তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে যে, তারা আরশের চতুষ্পর্শ্বে ঘিরে তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। আর সমস্ত মাখলুকের মধ্যে ন্যায়ের সাথে বিচার করা হবে। এই সরাসরি ন্যায় ও করুণাপূর্ণ ফায়সালায় খুশী হয়ে সারা বিশ্বজগত আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করতে শুরু করবে এবং প্রাণী ও নির্জীব বস্তু হতে শব্দ উঠবেঃ (আরবী) অর্থাৎ “সমুদয় প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য।” যেহেতু ঐ সময় প্রত্যেক শুষ্ক ও সিক্ত জিনিস আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করবে সেই হেতু এখানে (আরবী) বা কর্মবাচ্যের রূপ আনয়ন করে কর্তাকে (আরবী) বা সাধারণ করা হয়েছে। হযরত কাতাদা (রঃ) বলেন যে, মাখলুককে সৃষ্টি করার সূচনাও হয়েছে আল্লাহর প্রশংসা দ্বারা। যেমন মহান আল্লাহ বলেনঃ (আরবী) অর্থাৎ “সমস্ত প্রশংসা আল্লাহরই প্রাপ্য যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন।” (৬:১) আর মাখলুকের পরিসমাপ্তিও হয়েছে প্রশংসা দ্বারা। যেমন মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ (আরবী) অর্থাৎ তাদের মধ্যে বিচার করা হবে ন্যায়ের সাথে; বলা হবে- প্রশংসা জাতসমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য।”
সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।