সূরা আল-আহযাব (আয়াত: 13)
হরকত ছাড়া:
وإذ قالت طائفة منهم يا أهل يثرب لا مقام لكم فارجعوا ويستأذن فريق منهم النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا ﴿١٣﴾
হরকত সহ:
وَ اِذْ قَالَتْ طَّآئِفَۃٌ مِّنْهُمْ یٰۤاَهْلَ یَثْرِبَ لَا مُقَامَ لَکُمْ فَارْجِعُوْا ۚ وَ یَسْتَاْذِنُ فَرِیْقٌ مِّنْهُمُ النَّبِیَّ یَقُوْلُوْنَ اِنَّ بُیُوْتَنَا عَوْرَۃٌ ؕۛ وَ مَا هِیَ بِعَوْرَۃٍ ۚۛ اِنْ یُّرِیْدُوْنَ اِلَّا فِرَارًا ﴿۱۳﴾
উচ্চারণ: ওয়া ইযকা-লাততাইফাতুম মিনহুম ইয়াআহলা ইয়াছরিবা লা-মুকা-মা লাকুম ফারজি‘ঊ ওয়া ইয়াছতা’যিনুফারীকুম মিনহুমুন নাবিইইয়া ইয়াকূলূনা ইন্না বুইঊতানা‘আওরাতুওঁ ওয়ামা-হিয়া বি‘আওরাতিইঁ ইয়ঁইউদূ না ইল্লা-ফিরা-রা-।
আল বায়ান: আর যখন তাদের একদল বলেছিল, ‘হে ইয়াসরিববাসী, এখানে তোমাদের কোন স্থান নেই, তাই তোমরা ফিরে যাও’। আর তাদের একদল নবীর কাছে অনুমতি চেয়ে বলছিল, আমাদের বাড়ি-ঘর অরক্ষিত, অথচ সেগুলো অরক্ষিত ছিল না। আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য।
আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ১৩. আর যখন তাদের একদল বলেছিল, হে ইয়াসরিববাসী!(১) (এখানে রাসূলের কাছে প্রতিরোধ করার) তোমাদের কোন স্থান নেই সুতরাং তোমরা (ঘরে) ফিরে যাও এবং তাদের মধ্যে একদল নবীর কাছে অব্যাহতি প্রার্থনা করে বলছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত; অথচ সেগুলো অরক্ষিত ছিল না, আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য।
তাইসীরুল ক্বুরআন: স্মরণ কর, যখন তাদের একদল বলেছিল- হে ইয়াসরিববাসী! তোমরা (শত্রুর আক্রমণের বিরুদ্ধে) দাঁড়াতে পারবে না, কাজেই তোমরা ফিরে যাও। আর তাদের একদল এই বলে নবী (সা)র কাছে অব্যাহতি চাচ্ছিল যে, আমাদের বাড়ীঘর অরক্ষিত অথচ ওগুলো অরক্ষিত ছিল না, আসলে পালিয়ে যাওয়াই তাদের ছিল একমাত্র উদ্দেশ্য।
আহসানুল বায়ান: (১৩) ওদের একদল বলেছিল, ‘হে ইয়াসরিব (মদীনা)বাসিগণ![1] এখানে তোমাদের কোন স্থান নেই; তোমরা ফিরে চল।’[2] আর ওদের মধ্যে একদল নবীর নিকট অব্যাহতি প্রার্থনা করে বলেছিল, ‘আমাদের বাড়ী-ঘর অরক্ষিত।’[3] যদিও ওগুলি অরক্ষিত ছিল না। আসলে পলায়ন করাই ছিল ওদের উদ্দেশ্য। [4]
মুজিবুর রহমান: আর তাদের এক দল বলেছিলঃ হে ইয়াসরিববাসী! তোমাদের কোন স্থান নেই, তোমরা ফিরে চল। এবং তাদের মধ্যে একদল নাবীর নিকট অব্যাহতি প্রার্থনা করে বলেছিলঃ আমাদের বাড়ী ঘর অরক্ষিত, অথচ ওগুলি অরক্ষিত ছিলনা, আসলে পলায়ন করাই ছিল তাদের উদ্দেশ্য।
ফযলুর রহমান: এবং যখন তাদের একদল বলেছিল, “হে ইয়াছ্রিববাসী (মদীনার আগের নাম ইয়াছ্রিব)! তোমাদের তো অবস্থানের কোন জায়গা নেই (এখানে তোমরা শত্রুর সামনে টিকতে পারবে না); অতএব, ফিরে চল।” তাদের মধ্যে একদল (ফিরে যাবার জন্য) নবীর কাছে অনুমতি চাচ্ছিল। তারা বলছিল, “আমাদের ঘরগুলো অরক্ষিত”, অথচ তা অরক্ষিত নয়; আসলে তারা পালাতেই চাচ্ছিল।
মুহিউদ্দিন খান: এবং যখন তাদের একদল বলেছিল, হে ইয়াসরেববাসী, এটা টিকবার মত জায়গা নয়, তোমরা ফিরে চল। তাদেরই একদল নবীর কাছে অনুমতি প্রার্থনা করে বলেছিল, আমাদের বাড়ী-ঘর খালি, অথচ সেগুলো খালি ছিল না, পলায়ন করাই ছিল তাদের ইচ্ছা।
জহুরুল হক: আর স্মরণ করো! তাদের মধ্যের একদল বলেছিল -- "হে ইয়াছরিব-এর বাসিন্দারা! তোমাদের জন্য দাঁড়াবার জায়গা নেই, সেজন্য ফিরে যাও।" আর তাদের মধ্যের কোনো দল নবীর কাছে অনুমতি চাইছিল এই বলে -- "আমাদের বাড়িঘর নিশ্চয়ই অনাবৃত।" কিন্তু সেগুলো অনাবৃত ছিল না। তারা তো চাইছিল কেবল পালিয়ে যেতে।
Sahih International: And when a faction of them said, "O people of Yathrib, there is no stability for you [here], so return [home]." And a party of them asked permission of the Prophet, saying, "Indeed, our houses are unprotected," while they were not exposed. They did not intend except to flee.
তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।
তাফসীরে যাকারিয়া
অনুবাদ: ১৩. আর যখন তাদের একদল বলেছিল, হে ইয়াসরিববাসী!(১) (এখানে রাসূলের কাছে প্রতিরোধ করার) তোমাদের কোন স্থান নেই সুতরাং তোমরা (ঘরে) ফিরে যাও এবং তাদের মধ্যে একদল নবীর কাছে অব্যাহতি প্রার্থনা করে বলছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত; অথচ সেগুলো অরক্ষিত ছিল না, আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য।
তাফসীর:
(১) ইয়াসরিববাসী বলে এখানে মদীনাবাসীদের বুঝানো হয়েছে। এটা মদীনার ইসলাম পূর্ব নাম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে পরিবর্তন করে মদীনা রাখেন। [দেখুন: কুরতুবী, মুয়াস্সার, ফাতহুল কাদীর] তিনি বলেন, “আমাকে এমন এক জনপদের দিকে হিজরত করার নির্দেশ দেয়া হয়েছে যা সমস্ত জনপদকে গ্রাস করবে (করায়ত্ব করবে) লোকেরা সেটাকে বলে ইয়াসরিব, প্রকৃতপক্ষে সেটা হলো মদীনা। সেখান থেকে খারাপ লোককে এমনভাবে নির্বাসিত করে যেমন কামারের হাপর লোহার ময়লা দূর করে।’ [বুখারী: ১৮৭১, মুসলিম: ১৩৮২]
তাফসীরে আহসানুল বায়ান
অনুবাদ: (১৩) ওদের একদল বলেছিল, ‘হে ইয়াসরিব (মদীনা)বাসিগণ![1] এখানে তোমাদের কোন স্থান নেই; তোমরা ফিরে চল।”[2] আর ওদের মধ্যে একদল নবীর নিকট অব্যাহতি প্রার্থনা করে বলেছিল, ‘আমাদের বাড়ী-ঘর অরক্ষিত।”[3] যদিও ওগুলি অরক্ষিত ছিল না। আসলে পলায়ন করাই ছিল ওদের উদ্দেশ্য। [4]
তাফসীর:
[1] পুরো একটা এলাকার নাম ছিল ইয়াসরিব, মদীনা তারই একটি অংশ ছিল। যাকে এখানে ইয়াসরিব বলা হয়েছে। কথিত আছে যে, কোন এক যুগে (শাম দেশের আদ বংশের) আমালেকা গোত্রের ইয়াসরিব বিন আমীল নামক এক ব্যক্তি এখানে বসবাস করেছিল। যার ফলে তার নাম ইয়াসরিব পড়ে যায়।
[2] অর্থাৎ, মুসলিমদের বাহিনীতে তো থাকা বড় বিপজ্জনক; সুতরাং নিজ নিজ ঘরে ফিরে চল।
[3] অর্থাৎ, বানু কুরাইযার পক্ষ থেকে আক্রমণ হওয়ার আশঙ্কা আছে। সুতরাং ঘরের লোকদের জান, মাল, ইজ্জত-আবরু সবই অরক্ষিত বিপদের মুখে আছে।
[4] অর্থাৎ, তারা যে বিপদের কথা প্রকাশ করছে, তা মিথ্যা। আসলে এরা এই বাহানা দিয়ে (যুদ্ধের ময়দান থেকে) পালিয়ে যেতে চায়। عَورَة এর আভিধানিক ও প্রসিদ্ধ অর্থের জন্য দেখুন সূরা নূর ৫৮নং আয়াতের টীকা।
তাফসীরে ফাতহুল মাজীদ
তাফসীর: ১২-২০ নং আয়াতের তাফসীর:
এ আয়াতগুলোতে আহযাব অর্থাৎ খন্দকের যুদ্ধের কঠিন মুর্হূতে মুনাফিকরা ও যাদের অন্তরে ইসলামের ব্যাপারে সন্দেহ ছিল তারা আল্লাহ তা‘আলার এবং তাঁর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দেয়া সাহায্যের প্রতিশ্র“তিকে মিথ্যা মনে করেছিল এবং যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন টাল-বাহানা, ওজর পেশ করেছিল সে কথাই আলোচনা করা হয়েছে। এটা ছিল তাদের অভ্যন্তরীণ কুফরীর বহিঃপ্রকাশ। পরবর্তী পর্যায়ে যেসব মুনাফিক কার্যতঃ বাহ্যিকভাবে মুসলিমদের সাথে যুদ্ধে শরীক ছিল তারা দুশ্রেণির; প্রথম শ্রেণিন যারা কিছু না বলেই পালাতে লাগল এবং বলতে লাগল
(وَإِذْ قَالَتْ طَّآئِفَةٌ مِّنْهُمْ يٰٓأَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوْا)
“তাদের মধ্য থেকে এক দল বলেছিল: হে ইয়াস্রিববাসী! এখানে তোমাদের কোন স্থান নেই, অতএব তোমরা ফিরে যাও”। আরেক শ্রেণিন যারা ছল-চাতুরী করে বাড়ি ফিরে যাওয়ার জন্য নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আবেদন করল। তাদের প্রসঙ্গে আল্লাহ তা‘আলা বলেন:
(وَيَسْتَأْذِنُ فَرِيْقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُوْلُوْنَ إِنَّ بُيُوْتَنَا عَوْرَةٌ)
“আর তাদের মধ্যে এক দল নাবীর কাছে অব্যাহতি চেয়ে বলেছিল: আমাদের বাড়ি-ঘর অরক্ষিত।” আল্লাহ তা‘আলা তাদের এসব ছল-চাতুরীর স্বরূপ উদঘাটন করে দিয়েছেন যে, এসব মিথ্যা। আসলে এরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে চায় । পরবর্তী কয়েক আয়াতে তাদের কুকর্ম ও মুসলিমদের সাথে শত্র“তা অতঃপর এদের করুণ ও মর্মন্তুদ পরিণতির বর্ণনা দেয়া হয়েছে।
“يثرب” দ্বারা মদীনাকে বুঝানো হয়েছে। অর্থাৎ মদীনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। হাদীসে এসেছে: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন “স্বপ্নে আমাকে তোমাদের হিজরতের স্থান দেখানো হয়েছে। তা দুটি কঙ্করময় ভূমির মধ্যস্থলে অবস্থিত। আমার মনে হয়েছিল যে, ওটা হিজর হবে। কিন্তু না তা ইয়াসরিব। (সহীহ বুখারী হা: ৭/২৬৭, সহীহ মুসলিম হা: ৪/২০/১৭৭৯)
“الفتنة” দ্বারা দুটো অর্থ হতে পারে:
১. শির্ক:
অর্থাৎ মদীনা বা ওদের ঘরে যদি চারদিক থেকে শত্র“বাহিনী প্রবেশ করত এবং তাদের নিকট (মুনাফিকী) প্রস্তাব রাখত যে, তোমরা পুনরায় কুফরী ও শির্কের দিকে ফিরে এসো, তাহলে ওরা সামান্যও দেরী করত না এবং সে সময় ঘর অরক্ষিত হওয়ার কোন ওজর দেখাত না। বরং অবিলম্বে শির্কের প্রস্তাবকে গ্রহণ করত। উদ্দেশ্য এই যে, কুফর ও শির্কের প্রতি ওরা বড় আসক্ত এবং তার দিকে ওরা দ্রুত ধাবিত হয়।
২. বিদ্রোহ ও অন্ধ পক্ষপাতিত্ব করে যুদ্ধ:
অর্থাৎ শত্র“বাহিনী প্রবেশ করে ওদের সাথে মিলিত হয়ে ওদেরকে বিদ্রোহের জন্য প্ররোচিত করত, তাহলে ওরা অবশ্যই বিদ্রোহ করে বসত।
তবে এখানে ফিতনা অর্থ শির্ক এটাই অধিক গ্রহণযোগ্য।
(وَلَقَدْ كَانُوْا عَاهَدُوا اللّٰهَ مِنْ قَبْلُ)
‘অথচ এরাই পূর্বে আল্লাহ্র সাথে শপথ করেছিল’ এ আয়াতে যে অঙ্গীকারের কথা বলা হয়েছে তা হল, মুসলিম বাহিনী যখন বদর প্রান্তরে বিজয়ী হয়েছিল এবং প্রচুর গনীমত লাভ করেছিল। তখন এ মুনাফিকরা অঙ্গীকারাবদ্ধ হয়েছিল যে, তারা আর কখনো যুদ্ধ থেকে পিছপা হবে না। কিন্তু খন্দকের যুদ্ধের কঠিন মুহূর্তে সে ওয়াদা ঠিক রাখতে পারেনি। মুনাফিকরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়। আল্লাহ তা‘আলা নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ঐ সকল পলায়নকারী মুনাফিকদেরকে তিরস্কারের সাথে বলতে বলছেন যে, বলে দাও; তোমরা নিহত হবে বা মারা যাবে এ ভয়ে পলায়ন করলেও কোন উপকার হবে না, হয়তো দুনিয়াতে বেশ কয়েকদিন বেঁচে থাকতে পারবে কিন্তু তারপরও মৃত্যু বরণ করতে হবে, তখন বুঝতে পারবে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা ও ওয়াদা দিয়ে তা ভঙ্গ করার পরিণাম কী।
তারপর নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে আরো জানিয়ে দিতে বলছেন: যদি আল্লাহ তা‘আলা তোমাদের কোন ক্ষতি চান বা কোন কল্যাণ চান তাহলে কেউ কি আছে, যে তা হতে রক্ষা করতে পারবে বা তা ঠেকাতে পারবে? না কক্ষনো নয়। সুতরাং কেন তোমরা মৃত্যুর ভয়ে জিহাদের ময়দান থেকে পলায়ন করছ?
(قَدْ يَعْلَمُ اللّٰهُ الْمُعَوِّقِيْنَ مِنْكُمْ)
‘আল্লাহ খুব ভাল করেই জানেন তোমাদের মধ্যে কারা যুদ্ধে অংশগ্রহণ করতে বাধা দেয়’ الْمُعَوِّقِيْنَ অর্থ বাধাদানকারী, প্রতিহতকারী। অর্থাৎ যে সকল মুনাফিকরা মানুষকে যুদ্ধে যেতে বাধা দেয় আর যারা তাদের ভাইদেরকে যুুদ্ধের ময়দান থেকে চলে আসতে বলে তাও আল্লাহ তা‘আলা জানেন। মুকাতিল বলেন: তারা হল মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনু উবাই ও তার সাথীরা।
এতে তিনটি বর্ণনা রয়েছে:
(১) এরা হল মুনাফিক, মু’মিনদেরকে তারা বলেছিল: মুহাম্মাদ ও তাঁর সাথীরা ধ্বংস হয়ে যাবে, অতএব আমাদের দলে চলে আসো।
(২) এরা হল বানু কুরাইযার ইয়াহূদী, তাদের মুনাফিক ভাইদেরকে বলেছিল: মুহাম্মাদকে ছেড়ে আমাদের কাছে চলে আসো, কেননা সে ধ্বংস হয়ে যাবে। আবূ সুফিয়ান জয়ী হলে তোমাদের কাউকে জীবিত রাখবে না।
(৩) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জনৈক সাহাবী যিনি যুদ্ধের ময়দানে তরবারী ও তিরন্দাজদের মাঝে ছিলেন তাকে তার সহোদর ভাই বলল: আমার কাছে চলে আসো, চারদিক থেকে তোমাদেরকে শত্র“রা বেষ্টন করে নিয়েছে। সে সাহাবী বলছিলেন: তুমি মিথ্যা বলেছ, আল্লাহ তা‘আলার শপথ আমি এ কথা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জানিয়ে দেব। সে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জানিয়ে দিতে গিয়ে দেখে ওয়াহীর মাধ্যমে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে আগেই জানিয়ে দেয়া হয়েছে। (কুরতুবী)
“اَشِحَّةٌ” শব্দের অর্থ হল কৃপণ। অর্থাৎ তারা ছিল নফসের দিক দিয়ে, চেষ্টার দিক দিয়ে, ভালবাসার দিক দিয়ে এবং মু’মিনদেরকে সাহায্য করার দিক দিয়ে কৃপণ। আর তারা ছিল দুনিয়া প্রিয় ও মৃত্যুকে অপছন্দকারী।
(يَحْسَبُوْنَ الْأَحْزَابَ لَمْ يَذْهَبُوْا)
‘তারা ধারণা করে যে, এখনও সম্মিলিত শত্র“বাহিনী চলে যায়নি’ অর্থাৎ মুনাফিকরা তাদের কাপুরুষতার কারণে ধারণা করেছিল যে, শত্র“ বাহিনী এখনো চলে যায়নি। কিন্তু তারা চলে গিয়েছিল তবে বেশি দূর যায়নি। তারা মনে মনে কামনা করছিল যদি আবার আসে তাহলে তারা মারামারি থেকে বাঁচার জন্য পল্লী এলাকায় চলে যাবে। ফলে নিরাপদে থেকে যাবে, কোন সমস্যা হবে না, সেখানে বসে বসে পরিবেশ-পরিস্থিতির খবর নেবে ।
ওপরের আলোচনা থেকে সুস্পষ্ট হয়ে যাচ্ছে, মুনাফিকরা ইসলামের জন্য যত ক্ষতিকর, কাফিরাও তত ক্ষতিকর নয়। তাই তাদের থেকে সাবধান থাকতে হবে, কারণ মুসলিমদের আভ্যন্তরীণ ক্ষতি করার জন্য তারাই যথেষ্ট।
আয়াত হতে শিক্ষণীয় বিষয়:
১. যত বড় বিপদই আসুক না কেন ঈমানের ওপর ধৈর্যধারণ করে অটল থাকতে হবে। ঈমান হারা হওয়া যাবে না।
২. যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না এবং এর জন্য কোন ওজর পেশ করা যাবে না।
২. কেবল মুনাফিকরাই জিহাদের ময়দান থেকে পলায়ন করে থাকে।
৩. অঙ্গীকার ভঙ্গ করা মুনাফিকের আলামত।
৪. মানুষকে একদিন না একদিন অবশ্যই মৃত্যু বরণ করতে হবে। কোন প্রাণীই চিরস্থায়ী নয়।
৬. সর্বপ্রকার কৃপণতা থেকে বেঁচে থাকতে হবে।
৭. মুনাফিকরা ইসলাম ও মুসলিমদের আভ্যন্তরীণ শত্র“, এরা কাফিরদের চেয়ে বেশি ক্ষতিকর।
তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)
তাফসীর: ১১-১৩ নং আয়াতের তাফসীর
আহযাবের যুদ্ধে মুসলমানরা যে ভীতি-বিহ্বলতা ও উদ্বেগপূর্ণ অবস্থার সম্মুখীন হয়েছিল এখানে তারই বর্ণনা দেয়া হচ্ছে। বাহির হতে আগত শত্রুরা পূর্ণ শক্তি ও বিপুল সংখ্যক সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে, আর ভিতরে শহরের মধ্যে বিদ্রোহের অগ্নি দাউ দাউ করে জ্বলে উঠেছে। ইয়াহূদীরা হঠাৎ করে সন্ধিচুক্তি ভঙ্গ করে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে দিয়েছে। মুসলমানরা খাদ্য ও পানীয়ের অভাবে পতিত হয়েছে। মুনাফিকরা প্রকাশ্যভাবে পৃথক হয়ে গেছে। দুর্বল মনের লোকেরা বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করেছে। তারা একে অপরকে বলছেঃ “পাগল হয়েছো না কি? দেখতে পাচ্ছ না যে, অতি অল্পক্ষণের মধ্যে পট পরিবর্তন হতে যাচ্ছে? চলো, পালিয়ে যাই।”
ইয়াসরিব দ্বারা মদীনাকে বুঝানো হয়েছে। যেমন সহীহ হাদীসে এসেছে যে, নবী (সঃ) বলেছেনঃ “স্বপ্নে আমাকে তোমাদের হিজরতের স্থান দেখানো হয়েছে। তা দু’টি কংকরময় ভূমির মধ্যস্থলে অবস্থিত। প্রথম আমার ধারণা হয়েছিল যে, ওটা বোধহয় হিজর হবে। কিন্তু না, তা ইয়াসরিব।” আর একটি রিওয়াইয়াতে আছে যে, ঐ স্থানটি হলো মদীনা। অবশ্য একটি দুর্বল রিওয়াইয়াতে আছে যে, যে ব্যক্তি মদীনাকে ইয়াসরিব বলে সে যেন তা হতে তাওবা করে। মদীনা তো হলো তাবা, ওটা তাবা। (এ হাদীসটি শুধু মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে। এর ইসনাদে দুর্বলতা রয়েছে)
বর্ণিত আছে যে, আমালীকের মধ্যে যে লোকটি এখানে এসে অবস্থান করেছিল তার নাম ছিল ইয়াসরিব ইবনে আবীদ ইবনে মাহবীল ইবনে আউস ইবনে আমলাক ইবনে লাআয ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ (আঃ)। তার নামানুসারেই এ শহরটিও ইয়াসরিব নামে প্রসিদ্ধি লাভ করে।
একটি উক্তি এও আছে যে, তাওরাত শরীফে এর এগারোটি নাম রয়েছে। ওগুলো হলো: মদীনা, তাবা, তায়্যেবাহ্, সাকীনা, জাবিরাহ, মুহিব্বাহ, মাহবুবাহ, কাসিমাহ, মাজরূরাহ, আযরা এবং মারহ্মাহ্।
কা’ব আহ্বার (রঃ) বলেন, আমরা তাওরাতে একথাগুলো পেয়েছি যে, আল্লাহ তা'আলা মদীনা শরীফকে বলেনঃ “হে তাইয়্যেবা, হে তাবা এবং হে মাসকীনা! ধন-ভাণ্ডারে জড়িত হয়ে পড়ো না। সমস্ত জনপদের মধ্যে তোমার মর্যাদা সমুন্নত হবে। কিছু লোক খন্দকের যুদ্ধের সময় বলেছিলঃ “হে ইয়াসরিববাসী! এখানে তোমাদের কোন স্থান নেই, তোমরা ফিরে চল।' বানু হারিসা গোত্র বলতে শুরু করেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমাদের বাড়ীতে চুরি হওয়ার আশংকা রয়েছে। ওগুলো জনহীন অবস্থায় পড়ে আছে। সুতরাং আমাদেরকে বাড়ী ফিরে যাবার অনুমতি দিন।” আউস ইবনে কায়সী বলেছিলঃ “আমাদের বাড়ীতে শত্রুদের ঢুকে পড়ার ভয় রয়েছে। সুতরাং আমাদেরকে বাড়ী ফিরে যাওয়ার অনুমতি দেয়া হালে।” আল্লাহ তা'আলা তাদের অন্তরের কথা বলে দিলেন যে, আসলে পলায়ন করাই ছিল তাদের উদ্দেশ্য, তাদের ঘরবাড়ী অরক্ষিত ছিল না।
সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।