আল কুরআন


সূরা আল-হজ্জ (আয়াত: 37)

সূরা আল-হজ্জ (আয়াত: 37)



হরকত ছাড়া:

لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين ﴿٣٧﴾




হরকত সহ:

لَنْ یَّنَالَ اللّٰهَ لُحُوْمُهَا وَ لَا دِمَآؤُهَا وَ لٰکِنْ یَّنَالُهُ التَّقْوٰی مِنْکُمْ ؕ کَذٰلِکَ سَخَّرَهَا لَکُمْ لِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىکُمْ ؕ وَ بَشِّرِ الْمُحْسِنِیْنَ ﴿۳۷﴾




উচ্চারণ: লাইঁ ইয়ানা-লাল্লা-হা লুহূমুহা-ওয়ালা-দিমাউহা-ওয়ালা-কিইঁ ইয়ানা-লুহুততাকওয়ামিনকুম কাযা-লিকা ছাখখারাহা-লাকুম লিতুকাববিরুল্লা-হা ‘আলা-মা-হাদা-কুম ওয়া বাশশিরিল মুহছিনীন।




আল বায়ান: আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশ্ত ও রক্ত; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সে সবকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পার, এজন্য যে, তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন; সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও।




আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ৩৭. আল্লাহর কাছে পৌছায় না সেগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌছায় তোমাদের তাকওয়া।(১) এভাবেই তিনি এদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এজন্য যে, তিনি তোমাদেরকে হেদায়াত করেছেন; কাজেই আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদেরকে।(২)




তাইসীরুল ক্বুরআন: আল্লাহর কাছে ওগুলোর না গোশত পৌঁছে, আর না রক্ত পৌঁছে বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবে তিনি ওগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পার এজন্য যে, তিনি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, কাজেই সৎকর্মশীলদেরকে তুমি সুসংবাদ দাও।




আহসানুল বায়ান: (৩৭) আল্লাহর কাছে কখনোও ওগুলির গোশত পৌঁছে না এবং রক্তও না; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাক্বওয়া (সংযমশীলতা); এভাবে তিনি ওগুলিকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এই জন্য যে, তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। আর তুমি সুসংবাদ দাও সৎকর্মশীলদেরকে।



মুজিবুর রহমান: আল্লাহর কাছে পৌঁছেনা ওগুলির গোশত এবং রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবে তিনি ওগুলিকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এ জন্য যে, তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্মশীলদেরকে।



ফযলুর রহমান: তাদের মাংস কিংবা রক্ত (কিছুই) আল্লাহর কাছে পৌঁছাবে না, বরং তাঁর কাছে পৌঁছাবে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি তাদেরকে তোমাদের বশীভূত করেছেন, যাতে তোমরা আল্লাহর গৌরব বর্ণনা করো, যেহেতু তিনি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আর সৎকর্মশীলদের সুসংবাদ দাও।



মুহিউদ্দিন খান: এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তাঁর কাছে তোমাদের মনের তাকওয়া। এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর মহত্ত্ব ঘোষণা কর এ কারণে যে, তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন।



জহুরুল হক: তাদের মাংস কখনো আল্লাহ্‌র কাছে পৌঁছায় না আর তাদের রক্তও নয়, বরং তোমাদের থেকে ধর্মনিষ্ঠাই তাঁর কাছে পৌঁছায়। এইভাবেই তিনি তাদের তোমাদের অধীন করে দিয়েছেন যেন তোমরা আল্লাহ্‌র শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো এজন্য যে তিনি তোমাদের পথ দেখিয়ে দিয়েছেন। আর সুসংবাদ দাও সৎকর্মপরায়ণদের।



Sahih International: Their meat will not reach Allah, nor will their blood, but what reaches Him is piety from you. Thus have We subjected them to you that you may glorify Allah for that [to] which He has guided you; and give good tidings to the doers of good.



তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।


তাফসীরে যাকারিয়া

অনুবাদ: ৩৭. আল্লাহর কাছে পৌছায় না সেগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌছায় তোমাদের তাকওয়া।(১) এভাবেই তিনি এদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এজন্য যে, তিনি তোমাদেরকে হেদায়াত করেছেন; কাজেই আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদেরকে।(২)


তাফসীর:

(১) এখানে একথা বলা উদ্দেশ্য যে, হাদঈ যবেহ করা বা কুরবানী করা একটি মহান ইবাদাত; কিন্তু আল্লাহর কাছে এর গোশত ও রক্ত পৌছে না। কারণ তিনি অমুখাপেক্ষী। আর হাদঈ ও কুরবানীর উদ্দেশ্যও এগুলো নয়; বরং আসল উদ্দেশ্য জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারণ করা এবং পূর্ণ আন্তরিকতা সহকারে পালনকর্তর আদেশ পালন করা। তাকে যথাযথভাবে স্মরণ করা। [ইবন কাসীর]


(২) অর্থাৎ অন্তরে তাঁর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব মেনে নাও এবং কাজে তার প্রকাশ ঘটাও ও ঘোষণা দাও। এরপর কুরবানীর হুকুমের উদ্দেশ্য ও কারণের প্রতি ইংগিত করা হয়েছে। পশুদের উপর আল্লাহ মানুষকে কর্তৃত্ব দান করেছেন, শুধুমাত্র এ নিয়ামতের বিনিময়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই যথেষ্ট নয়। বরং এ জন্য ওয়াজিব করা হয়েছে যে, এগুলো যার পশু এবং যিনি এগুলোর উপর আমাদের কর্তৃত্ব দান করেছেন, আমরা অন্তরে ও কাজে-কর্মেও তাঁর মালিকানা অধিকারের স্বীকৃতি দেবো, যাতে আমরা কখনো ভুল করে একথা মনে করে না বসি যে, এগুলো সবই আমাদের নিজেদের সম্পদ। কুরবানী করার সময় যে বাক্যটি উচ্চারণ করা হয় তার মধ্য দিয়ে এ বিষয়বস্তুটিরই প্ৰকাশ ঘটে। যেমন সেখানে বলা হয় “হে আল্লাহ! তোমারই সম্পদ এবং তোমারই জন্য উপস্থিত”। [আবু দাউদঃ ২৭৯৫]


তাফসীরে আহসানুল বায়ান

অনুবাদ: (৩৭) আল্লাহর কাছে কখনোও ওগুলির গোশত পৌঁছে না এবং রক্তও না; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাক্বওয়া (সংযমশীলতা); এভাবে তিনি ওগুলিকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এই জন্য যে, তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। আর তুমি সুসংবাদ দাও সৎকর্মশীলদেরকে।


তাফসীর:

-


তাফসীরে ফাতহুল মাজীদ


তাফসীর: ৩৭-৩৮ নং আয়াতের তাফসীর:



কুরবানী করা একটি ইবাদত যা একমাত্র আল্লাকে খুশি করার জন্য করতে হবে। আল্লাহ তা‘আলাকে খুশি করার উদ্দেশ্যে না হয়ে যদি মানুষের প্রশংসা পাওয়া, এভাবে যে, অমুক এত বড় কুরবানী করছে, অমুক এতটা কুরবানী করেছে বা এত টাকার পশু কুরবানী দিয়েছে বা না করলে মানুষ কী বলবে এ উদ্দেশ্য থাকে, তাহলে তা কুরবানী হবে না, সে ব্যক্তির কেবল গোশত খাওয়া হবে। কারণ তার উদ্দেশ্য হল মানুষের প্রশংসা পাওয়া। সে জন্য আল্লাহ তা‘আলা বলছেন: তোমরা কত বড় কুরবানী করছো, কত দামের কুরবানী করছো সেটা দেখার বিষয় নয়, কারণ আল্লাহ তা‘আলার কাছে সে কুরবানীর গোশত পৌঁছে না এবং রক্তও পৌঁছে না, বরং তোমরা কোন্ উদ্দেশ্যে কুরবানী করেছ সেটা দেখার বিষয়। মানুষের প্রশংসা পাওয়া বা মানুষের নিন্দা থেকে বাঁচার জন্য কুরবানী করেছো, নাকি আল্লাহ তা‘আলার সন্তুষ্টি পাওয়ার জন্য কুরবানী করেছো। সুতরাং আল্লাহ তা‘আলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানী করলে তা কবূল হবে অন্যথায় হবে না। তাই কুরবানীসহ সকল ইবাদত আল্লাহ তা‘আলাকে খুশী করার জন্য করতে হবে, আল্লাহ ব্যতীত কোন মাযার, দরগাহ, ওরশ ও পীর বাবার জন্য উৎসর্গ করা বা তাদের খুশীর জন্য করা যাবে না, করলে শির্ক হবে। আল্লাহ তা‘আলা বলেন:



(قُلْ إِنَّ صَلَاتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَ وَمَمٰتِيْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ)



“বল:‎ ‘আমার সলাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ শুধুমাত্র জগতসমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে।’’ (সূরা আন‘আম ৬:১৬২)



কুরবানীর ক্ষেত্রে তাক্বওয়ার অন্যতম একটি বহিঃপ্রকাশ হল কুরবানী করে শুধু নিজে না খাওয়া বরং আত্মীয়-স্বজন, গরীব ও মিসকিনদের হক আদায় করা। যেমন সহীহ হাদীসে বলা হয়েছে:



রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন:



إِنَّ اللّٰهَ لَا يَنْظُرُ إِلَي صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَي قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ



নিশ্চয়ই আল্লাহ তা‘আলা তোমাদের চেহারা ও সম্পদের দিকে লক্ষ্য করেন না, তিনি লক্ষ্য করেন তোমাদের অন্তর এবং আমলের দিকে। (সহীহ মুসলিম হা: ২৫৬৪)



সুতরাং আল্লাহ তা‘আলার নৈকট্য অর্জন করতে হলে প্রথমে অন্তর বিশুদ্ধ ও একনিষ্ঠ করতে হবে। অন্যথায় মোটা তাজা কুরবানী এবং পাহাড় সমান আমল করেও কোনই লাভ হবে না।



(سَخَّرَهَا لَكُمْ)



অর্থাৎ এ বিশাল বড় বড় প্রাণী তোমাদের অধীন করে দিয়ে তোমাদের ওপর অনুগ্রহ করেছেন। নচেৎ এ বড় প্রাণীগুলো যারা তোমাদের চেয়ে শক্তিশালী তাদেরকে কিভাবে জবাই করতে পারতে।



(لِتُكَبِّرُوا اللّٰهَ) ‘তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর’‎ পূর্বে ৩৬ নং আয়াতে আলোচনা করা হয়েছে।



এসব পশু জবাই করার সময় যাতে আল্লাহ তা‘আলার নাম উচ্চারণ কর। এখানে বললেন যাতে আল্লাহ তা‘আলার শ্রেষ্ঠত্ব ঘোষণা কর। এ দুয়ের সমন্বয় করে ইবনু উমার (রাঃ) বলেন: যখন কুরবানী করবে তখন বলবে: (بِسْمِ اللّٰهِ وَاللّٰهُ أَكْبَرُ) আনাস (رضي الله عنه) বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মিশ্রিত রঙের শিংবিশিষ্ট দুটি দুম্বা কুরবানী করলেন। বর্ণনাকারী বলছেন: আমি তাঁকে দেখেছি, তিনি স্বহস্তে তা জবাই করছেন, আরো দেখেছি, জবাই করার সময় তাঁর পা পশুর পার্শ্বে রাখা ছিল। আল্লাহ তা‘আলার নাম নিলেন এবং তাকবীর বলে জবাই করলেন। (সহীহ বুখারী হা: ৫৫৬৪, সহীহ মুসলিম হা: ১৯৬৬)



এরপর আল্লাহ তা‘আলা বলছেন, তিনি তাঁর মু’মিন বান্দা হতে দুঃখ-কষ্ট, শত্র“র আক্রমণ, অনিষ্টতা ইত্যাদি প্রতিহত করবেন। যেমন আল্লাহ তা‘আলা বলেন:



(وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِيْنَ)



“আর মু’মিনদের সাহায্য করা আমার কর্তব্য।” (সূরা রূম ৩০:৪৭) বর্ণিত আছে, এ আয়াতটি নাযিল হয় মক্কার মু’মিনদেরকে কেন্দ্র করে। যখন তাদের ওপর কাফিররা অধিকহারে অত্যাচার চালাতে লাগল তখন কিছু মু’মিন হাবশায় হিজরত করল। আর যারা মক্কায় ছিল তারা পরিকল্পনা করল যে, আমরা যে সকল কাফিরদেরকে করায়ত্ত করতে পারব তাদেরকে হত্যা করব, তাদেরকে ধোঁকা ও প্রতারণা দিব। তখন এ আয়াত নাযিল হয়। তখন আল্লাহ তা‘আলা ওয়াদা দেন যে, তিনি তাদের পক্ষ থেকে সকল নির্যাতন প্রতিহত করবেন। মু’মিনদেরকে খিয়ানত ও প্রতারণা করা থেকে বারণ করলেন।



হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন:



إِنَّ الغَادِرَ يُرْفَعُ لَهُ لِوَاءٌ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ: هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ



কিয়ামতের দিন খিয়ানতকারীর কোমরে একটি ঝাণ্ডা লাগিয়ে দেয়া হবে। এটা হবে, তার খিয়ানতের পরিচয়। বলা হবেন এ ব্যক্তি অমুকের সাথে খিয়ানত করেছে। (সহীহ বুখারী হা: ১)



সুতরাং মু’মিনরা যদি আল্লাহ তা‘আলার প্রতি সঠিকভাবে ঈমান আনে, সৎ আমলের ওপর প্রতিষ্ঠিত থাকে তাহলে আল্লাহ তা‘আলা তাদেরকে সকল বিপদাপদ থেকে রক্ষা করবেন, কাফিরদের ওপর বিজয় দান করবেন। “خوان” শব্দের অর্থ বিশ্বাসঘাতকতা।



আয়াত হতে শিক্ষণীয় বিষয়:



১. আল্লাহ তা‘আলার নৈকট্য পেতে হলে নিয়ত বিশুদ্ধ করতে হবে।

২. অন্যকে খুশী করার জন্য কোন আমল করলে তা আল্লাহ তা‘আলার কাছে কবুল হবে না।

৩. কোন মাযার, দরগাহ, ওলী-আওলিয়া ও পীর বাবার নামে বা তাদের সন্তুষ্টির জন্য কুরবানী করলে বা পশু দান করলে শির্ক হবে।

৪. সঠিক ঈমান ও আমলের ওপর প্রতিষ্ঠিত থাকলে আল্লাহ তা‘আলা মু’মিনদের শত্র“কে প্রতিহত করবেন।


তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)


তাফসীর: ইরশাদ হচ্ছেঃ কুরবানী করার সময় খুব বড় রকমভাবে আল্লাহর নাম ঘোষণা করতে হবে। এজন্যেই তো কুরবানীকে নির্দিষ্ট করা হয়েছে যে, তাঁকে সৃষ্টি কর্তা ও আহার্য দাতা স্বীকার করে নেয়া হবে। কুরবানীর গোশত ও রক্ত আল্লাহর নিকট পৌঁছে না। এতে তার কোন উপকার নেই। তিনি তো সারা মাখলূক হতে বেপরোয়া ও অভাবমুক্ত। বান্দাদের হতে তিনি সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী। অজ্ঞতা যুগের এটাও একটা বড় বোকামি ছিল যে, তারা তাদের মূর্তিগুলি সামনে রেখে দিতো এবং ওগুলির উপর রক্তের ছিটা দিতো। এই প্রচলনও ছিল যে, তারা বায়তুল্লাহ শরীফের উপর রক্ত ছিটিয়ে দিতো। মুসলমান সাহাবীগণ এই সম্পর্কে প্রশ্ন করলে এই আয়াতটি অবতীর্ণ হয়)।

সহীহ হাদীসে রয়েছেঃ “আল্লাহ তাআলা তোমাদের দৈহিক রূপের দিকে দেখেন না এবং তোমাদের দিকেও তাকান না। বরং তার দৃষ্টি তো থাকে তোমাদের অন্তরের উপর এবং তোমাদের আমলের উপর।” অন্য হাদীসে রয়েছেঃ “দান-খয়রাত ভিক্ষুকের হাতে পড়ার পূর্বেই আল্লাহর হাতে চলে যায়। কুরবানীর পশুর রক্তের ফেঁটা যমীনে পড়ার পূর্বেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়। ভাবার্থ এই যে, রক্তের ফোটা পৃথক হওয়া মাত্রই কুরবানী ককূল। হয়ে যায়। এ সব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভাল জানেন।

হযরত আমির শাবীকে (রঃ) কুরবানীর পশুর চামড়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে, তিনি বলেনঃ “আল্লাহ তাআলার কাছে কুরবানীর পশুর রক্ত ও গোশত পৌঁছে না। সুতরাং তোমার ইচ্ছা হলে বেচে দাও, ইচ্ছা হলে নিজের কাছে রেখে দাও এবং ইচ্ছা হলে আল্লাহর পথে দান কর।”

মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ এই চতুষ্পদ জন্তুগুলিকে আল্লাহ এইভাবে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা তাঁর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এই জন্যে যে, তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন।

যে সমস্ত সৎ প্রকৃতির লোক আল্লাহর বেঁধে দেয়া সীমার মধ্যে থাকে, শরীয়ত মুতাবেক আমল করে এবং রাসূলদেরকে সত্যবাদী রূপে বিশ্বাস করে তারাই হলো ধন্যবাদ পাওয়ার ও (জান্নাতের সুসংবাদ পাওয়ার যোগ্য।

মাসআলাঃ ইমাম আবূ হানীফা (রঃ), ইমাম মালিক (রঃ) এবং ইমাম সাওরীর (রঃ) উক্তি এই যে, যার কাছে যাকাতের নেসাব পরিমাণ মাল থাকে তার উপর কুরবানী ওয়াজিব। ইমাম আবূ হানীফার (রঃ) মতে কুরবানীর জন্যে মুকীম হওয়াও শর্ত।

একটি সহীহ হাদীসে রয়েছেঃ “যে ব্যক্তির কুরবানী করার শক্তি আছে। অথচ কুরবানী করলো না, সে যেন আমার ঈদ গাহের নিকটবর্তীও না হয়।” (এ হাদীসে অস্বাভাবিকতা রয়েছে এবং ইমাম আহমাদ (রঃ) এটাকে মুনকার বা অস্বীকার্য বলেছেন)

হযরত ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) পর্যায়ক্রমে দশ বছরের মধ্যে প্রতি বছরই কুরবানী করেছেন। (এটা ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন)

ইমাম শাফেয়ী (রঃ) এবং ইমাম আহমাদের (রঃ) মাযহাব এই যে, কুরবানী ওয়াজিব নয়, বরং মুসতাহাব। কেননা, হাদীস শরীফে আছে যে, মালে যাকাত ছাড়া অন্য কিছুই ফরজ নয়। ইতিপূর্বে এ রিওয়াইয়াতটিও গত হয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) তাঁর সমস্ত উম্মতের পক্ষ থেকে কুরবানী করেছেন। সুতরাং ওয়াজিব উঠে গেছে।

হযরত আবূ শুরাইহা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমি হযরত আবু বকর (রাঃ) ও হযরত উমারের (রাঃ) প্রতিবেশী ছিলাম। এই দু’মহান ব্যক্তি কুরবানী করতেন না। তাদের এই ভয় ছিল যে, না জানি হয়তো লোকেরা তাদের অনুসরণ করবে।”

কেউ কেউ বলেন যে, কুরবানী সুন্নাতে কিফায়া। যখন মহল্লার মধ্য হতে বা অলি গলির মধ্য হতে অথবা বাড়ীর মধ্য হতে কোন একজন করলো তখন বাকী সবারই উপর হতে ওটা উঠে গেল। কেননা, উদ্দেশ্য হলো শুধু ইসলামের চিহ্ন বা রীতিনীতি প্রকাশ করা।

হযরত মুহনাফ ইবনু সুলাইম (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি আরাফার মাঠে রাসূলুল্লাহকে (সঃ) বলতে শুনেছেনঃ “প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর কুরবানী ও আতীরা রয়েছে। আতীরা কি তা তোমরা জান কি? ওটা হলো ঐ জিনিস যাকে তোমরা রাজবিয়্যাহ বলে থাকো।” (এ হাদীসটি মুসনাদে আহমাদ ও সুনান গ্রন্থে বর্ণিত হয়েছে। এর সনদের ব্যাপারে সমালোচনা করা হয়েছে)

হযরত আবু আইয়ুব (রাঃ) বলেনঃ “সাহাবীগণ (রাঃ) রাসূলুল্লাহর (সঃ) বিদ্যমানতায় পুরো বাড়ীর পক্ষ হতে একটি বকরীকে আল্লাহর পথে কুরবানী করতেন। তা হতে তারা নিজেরাও খেতেন এবং অন্যদেরকেও খাওয়াতেন। লোকেরা এখন এব্যাপারে ঐ সব পন্থা অবলম্বন করেছে যা তোমরা দেখতে পাচ্ছ। (এটা ইমাম তিরমিযী ও ইমাম ইবনু মাজাহ্ বর্ণনা করেছেন)

হযরত আবদুল্লাহ ইবনু হিশাহ (রঃ) নিজের এবং নিজের পরিবার বর্গের পক্ষ হতে একটি বকরী কুরবানী করতেন।” (এটা ইমাম বুখারী (রঃ) বর্ণনা করেছেন)

এখন কুরবানীর পশুর বয়স সম্পর্কে আলোচনাঃ

হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “(কুরবানী হিসেবে) তোমরা মুসিন্না (যে বকরী বা ভেড়ার বয়স এক বছর পূর্ণ হয়েছে অথবা দাত বেরিয়েছে ওকে মুসিন্না বলে) ছাড়া যবাহ্ করো না। তবে যদি তোমাদের পক্ষে মুসিন্না’ কুরবানী করা কষ্টকর হয় তবে জাহ্আহ্ ব্য মেষের ছয় মাসের বাচ্ছা কুরবানী করতে পার। ইমাম যুহরী (রঃ) বলেন যে, জাআহ্ অর্থাৎ ছয় মাসের পশুর কুরবানী কোন কাজে আসবে না। পক্ষান্তরে ইমাম আওযায়ীর (রঃ) মাযহাব এই যে, প্রত্যেক পশুর জাআহ বা ছয় মাসের বাই কুরবানীর জন্যে যথেষ্ট। কিন্তু এই দুটো উক্তিই যথাক্রমে অতি কড়াকড়ি ও অতি শিথিলতা পূর্ণ বটে।

জমহুরের মাযহাব এই যে, উট, গরু ও বকরীর কুরবানী ওটারই জায়েয যা সনি হয়। আর মেষের ছয় মাসের বাচ্চাই কুরবানীর জন্যে যথেষ্ট। উট সনি হয় তখন যখন ওটা পাঁচ বছর পর হয়ে ছয় বছরে পড়ে। গরু যখন দু বছর পার হয়ে তিন বছরে পড়ে। আর এটাও বলা হয়েছে যে, যখন তিন বছর পার হয়ে চতুর্থ বছরে পড়েছে। আর বকরীর ‘সনি’ হলো ওটাই যেটার বয়স এক বছর হয়েছে। জাযআহ্ ওটাকে বলে যেটার বয়স এক বছর। হয়েছে। একটি উক্তি আছে যে, যার বয়স হয়েছে দশ মাস। অন্য একটি উক্তিতে আছে আট মাস এবং আর একটিতে রয়েছে ছয় মাস। এর চেয়ে কম বয়সের কোন উক্তি নেই। এর চেয়ে কম বয়সের বাচ্চাকে বলা হয় হামল, যখন পর্যন্ত ওর পিঠের লোম খাড়া অবস্থায় থাকে আর যখন ওর পিঠের উপর লোম পড়ে থাকে এবং দু'দিকে ঝুঁকে যায় তখন ওকে জাযআহ্ বলা হয়। এ সব ব্যাপারে আল্লাহ তাআলাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী।





সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।