আল কুরআন


সূরা আন-নাহাল (আয়াত: 78)

সূরা আন-নাহাল (আয়াত: 78)



হরকত ছাড়া:

والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون ﴿٧٨﴾




হরকত সহ:

وَ اللّٰهُ اَخْرَجَکُمْ مِّنْۢ بُطُوْنِ اُمَّهٰتِکُمْ لَا تَعْلَمُوْنَ شَیْئًا ۙ وَّ جَعَلَ لَکُمُ السَّمْعَ وَ الْاَبْصَارَ وَ الْاَفْـِٕدَۃَ ۙ لَعَلَّکُمْ تَشْکُرُوْنَ ﴿۷۸﴾




উচ্চারণ: ওয়াল্লা-হু আখরাজাকুম মিম বুতূনি উম্মাহা-তিকুম লা-তা‘লামূনা শাইআওঁ ওয়া জা‘আলা লাকুমুছ ছাম‘আ ওয়াল আব সা-রা ওয়াল আফইদাতা লা‘আল্লাকুম তাশকুরূন।




আল বায়ান: আর আল্লাহ তোমাদেরকে বের করেছেন, তোমাদের মাতৃগর্ভ থেকে এমতাবস্থায় যে, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণশক্তি, চক্ষু ও অন্তর। যাতে তোমরা শুকরিয়া আদায় কর।




আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ৭৮. আর আল্লাহ তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় যে, তোমরা কিছুই জানতে না এবং তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।(১)




তাইসীরুল ক্বুরআন: আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেন, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে শোনার শক্তি, দেখার শক্তি আর অন্তর দান করেছেন যাতে তোমরা শোকর আদায় করতে পার।




আহসানুল বায়ান: (৭৮) আর আল্লাহ তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ হতে এমন অবস্থায় যে, তোমরা কিছুই জানতে না[1] এবং তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়; [2] যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর। [3]



মুজিবুর রহমান: আর আল্লাহ তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ হতে এমন অবস্থায় যে, তোমরা কিছুই জানতেনা, এবং তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।



ফযলুর রহমান: আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন। তখন তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কান, চোখ ও হৃদয় দিয়েছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।



মুহিউদ্দিন খান: আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন। তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কর্ণ, চক্ষু ও অন্তর দিয়েছেন, যাতে তোমরা অনুগ্রহ স্বীকার কর।



জহুরুল হক: আর আল্লাহ্ তোমাদের নির্গত করেছেন তোমাদের মায়েদের গর্ভ থেকে, তোমরা কিছুই জানতে না, আর তোমাদের জন্য তিনি দিয়েছেন শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।



Sahih International: And Allah has extracted you from the wombs of your mothers not knowing a thing, and He made for you hearing and vision and intellect that perhaps you would be grateful.



তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।


তাফসীরে যাকারিয়া

অনুবাদ: ৭৮. আর আল্লাহ তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় যে, তোমরা কিছুই জানতে না এবং তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।(১)


তাফসীর:

(১) অর্থাৎ এমন সব উপকরণ যার সাহায্যে তোমরা দুনিয়ার সব রকমের জ্ঞান ও তথ্য সংগ্রহ করে দুনিয়ার যাবতীয় কাজ কর্ম চালাবার যোগ্যতা অর্জন করতে পেরেছো। জন্মকালে মানব সন্তান যত বেশী অসহায় ও অজ্ঞ হয় এমনটি অন্য কোন প্রাণীর ক্ষেত্রে হয় না। কিন্তু শুধুমাত্র আল্লাহ প্রদত্ত জ্ঞানের উপকরণাদির (শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, বিবেক ও চিন্তাশক্তি) সাহায্যেই সে উন্নতি লাভ করে পৃথিবীর সকল বস্তুর ওপর প্রাধান্য বিস্তার এবং তাদের ওপর রাজত্ব করার যোগ্যতা অর্জন করে। আয়াতের শেষে কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থ, এগুলোকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিতে কাজে লাগানো। সুতরাং আল্লাহর সন্তুষ্টি যাতে হয় তাই শুধু সে করবে।

এক হাদীসে এ ব্যাপারটি স্পষ্ট করে বলা হয়েছে, “মহান আল্লাহ বলেনঃ যে ব্যক্তি আমার কোন অলীর সাথে শক্রতা পোষণ করে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আমার বান্দার উপর যা আমি ফরয করেছি তা ছাড়া আমার কাছে অন্য কোন প্রিয় বস্তু নেই যার মাধ্যমে সে আমার নৈকট্য লাভ করতে পারে। আমার বান্দা আমার কাছে নফল কাজসমূহ দ্বারা নৈকট্য অর্জন করতেই থাকে, শেষ পর্যন্ত আমি তাকে ভালবাসি। তারপর যখন আমি তাকে ভালবাসি তখন আমি তার শ্রবণশক্তি হয়ে যাই যার দ্বারা সে শুনে, তার দৃষ্টি শক্তি হয়ে যাই যার দ্বারা সে দেখে, তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধারণ করে আর তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে। তখন আমার কাছে কিছু চাইলে আমি তাকে তা অবশ্যই দেব, আমার কাছে আশ্রয় চাইলে আমি তাকে অবশ্যই উদ্ধার করব।” [বুখারীঃ ৬৫০২]

হাদীসের অর্থ হচ্ছে, বান্দাহ যখন একমাত্র আল্লাহর আনুগত্য করে এবং যাবতীয় কাজ আল্লাহর জন্যই করে, তখন তার সমস্ত কর্মকাণ্ড একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। সে তখন এর বাইরে চলতে পারে না। সে যা শোনে তা কেবলমাত্র আল্লাহর জন্যই শোনে। যা দেখে তা কেবলমাত্র আল্লাহর জন্যই দেখে, অর্থাৎ তার শরীআতের অনুমোদন ছাড়া কিছুই দেখে না। অনুরূপভাবে তার যাবতীয় চলা-ফেরা, ধর-পাকড় কেবলমাত্র আল্লাহর আনুগত্য অনুসারে হয়। তার সাহায্যেই অনুষ্ঠিত হয়। আর যখন বান্দা এরকম হয়, তখন আল্লাহও তার ডাকে সাড়া দেন। তার যাবতীয় কাজ সফল হতে থাকে।

বস্তুত: আল্লাহ তা'আলা বান্দার কাছে সবসময়ই চায় তার বান্দাগণ তার কাছে কৃতজ্ঞ থাকবে। অন্য আয়াতেও সে কথা বর্ণনা করা হয়েছে। যেমন, “বলুন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও অন্তকরণ। তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর। বলুন, তিনিই যমীনে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন এবং তারই কাছে তোমাদেরকে সমবেত করা হবে। [সূরা আল-মুলকঃ ২৩–২৪] [ইবন কাসীর]


তাফসীরে আহসানুল বায়ান

অনুবাদ: (৭৮) আর আল্লাহ তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ হতে এমন অবস্থায় যে, তোমরা কিছুই জানতে না[1] এবং তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়; [2] যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর। [3]


তাফসীর:

[1] شيئا অনির্দিষ্ট। অর্থাৎ, তোমরা কিছুই জানতে না। না ভাল-মন্দ, আর না লাভ-নোকসান।

[2] যাতে কান দ্বারা তোমরা শব্দ শুনতে পারো, চোখ দ্বারা সকল জিনিস দেখতে পারো। আর অন্তর অর্থাৎ, জ্ঞান (কেননা অন্তর জ্ঞানের কেন্দ্রস্থল) দান করেছেন, যাতে নানা জিনিসের মধ্যে পার্থক্য করতে পারো, লাভ-ক্ষতি বুঝতে পারো। মানুষ ধীরে ধীরে যত বড় হয়, তার জ্ঞান-বুদ্ধি ও শক্তি বাড়তে থাকে। এমন কি যখন সে পূর্ণ বয়সে (পূর্ণ যৌবনে) পদার্পণ করে, তখন তার ঐ সকল শক্তিও পরিপূর্ণতা লাভ করে।

[3] এই সকল শক্তি মহান আল্লাহ এই জন্য দান করেছেন, যাতে মানুষ এই সব অঙ্গপ্রত্যঙ্গ এমনভাবে ব্যবহার করবে, যাতে আল্লাহ খুশি হন। তা দিয়ে আল্লাহর আনুগত্য ও ইবাদত করবে। এটিই হল আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা। হাদীসে কুদসীতে বর্ণিত, মহান আল্লাহ বলেন, ‘‘আমার বান্দা যে সব জিনিস দিয়ে আমার নৈকট্য লাভ করে তার মধ্যে সবচেয়ে প্রিয় হল আমি যা তাদের উপর ফরয করেছি। তাছাড়া নফল ইবাদত দ্বারাও সে আমার অধিক নৈকট্য লাভে সচেষ্ট হয়। পরিশেষে আমি তাকে ভালবাসতে শুরু করি। আর যখন আমি তাকে ভালবাসতে শুরু করি, তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে চাইলে তাকে দান করি, আশ্রয় চাইলে তাকে আশ্রয় দিই।’’ (বুখারীঃ কিতাবুর রিক্বাক) কিছু লোক এই হাদীসের ভুল অর্থ নিয়ে আল্লাহর অলীদেরকে আল্লাহ প্রদত্ত শক্তির মালিক বলে মনে করে। অথচ হাদীসের স্পষ্ট অর্থ হল যে, যখন বান্দা আল্লাহর ইবাদত ও আনুগত্যে নিষ্ঠাবান হয়। তখন তার প্রতিটি কর্ম আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে। সে তার কান দিয়ে ঐ কথাই শোনে, চোখ দিয়ে ঐ জিনিসই দেখে, যাতে আল্লাহর অনুমতি আছে। যে জিনিস হাত দিয়ে ধরে বা যে পথে চলে, তা শরীয়ত সমর্থিত। আল্লাহর অবাধ্যতায় তা ব্যবহার করে না; বরং তা একমাত্র তাঁর আনুগত্যে ব্যবহার করে।


তাফসীরে ফাতহুল মাজীদ


তাফসীর: b> ৭৩-৭৯ নং আয়াতের তাফসীর:



অত্র আয়াতগুলোতে কাফির-মুশরিকদের বাতিল মা‘বূদের দুর্বলতা ও অক্ষমতার পরিচয় তুলে ধরা হয়েছে। তারা এমন মা‘বূদের ইবাদত করে যারা আকাশ-জমিন কোথাও থেকে একটু রিযিকের ব্যবস্থা করতে সক্ষম নয়। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে না, কোন খাদ্য নিয়ে আসতে পারে না। জমিন থেকে কোন ফসল উৎপন্ন করতে পারে না, কোন খাদ্য সরবরাহ করতে পারে না। বরং সকল রিযিকের ব্যবস্থা করে থাকেন একমাত্র আল্লাহ তা‘আলা।



আল্লাহ বলেন:



(إِنَّ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَمْلِكُوْنَ لَكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ)



“তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজো কর তারা তোমাদের জীবনোপকরণের ক্ষমতা রাখে না, তোমরা রিযিক কামনা কর আল্লাহর নিকট এবং তাঁরই ‘ইবাদত কর ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর।” (সূরা আনকাবুত ২৯:১৭)



তাই আল্লাহ তা‘আলার জন্য কোন উপমা, শরীক ও মাধ্যম সাব্যস্থ কর না। কারণ আল্লাহ তা‘আলা একাই সকলকে সৃষ্টি করেছেন, রিযিক দিয়ে থাকেন এবং পরিচালনা করে থাকেন। তাই তার কোন সহযোগী, শরীক ও মাধ্যমের প্রয়োজন হয় না।



আল্লাহ তা‘আলার বাণী:



(لَيْسَ كَمِثْلِه۪ شَيْءٌ)



“কোন কিছুই তাঁর সদৃশ নয়।” (সূরা শুরা ৪২:১১)



আল্লাহ তা‘আলা আরো বলেন:



(وَلَمْ يَكُنْ لَّه۫ كُفُوًا أَحَدٌ)‏



“আর তাঁর সমতুল্য কেউ নেই।” (সূরা ইখলাস ১১২:৪)



অনেকে বলে থাকে বান্দা পাপ করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে, আল্লাহ তা‘আলার কাছে সরাসরি চাইলে তিনি তা কবূল করেন না, বা তাঁর কাছে পৌঁছা সম্ভব নয়। সুতরাং কোন বুযুর্গ বা ওলী-আওলীয়াকে ধরতে হবে যেমন কোন রাজা বা বড় ধরণের ব্যক্তির কাছে যেতে পিয়ন বা নৈকট্যশীল ব্যক্তির প্রয়োজন হয়। এরূপ বিশ্বাস ও কর্ম সম্পূর্ণ শিরক ও কুফরী কাজ। বান্দা সরাসরি আল্লাহ তা‘আলার কাছে চাইবে এ নির্দেশ কুরআনে আল্লাহ তা‘আলাই দিয়েছেন। যেমন সূরা মু’মিন ৬০ নং, সূরা বাকারাহ ১৮৬ নং-সহ অনেক আয়াত রয়েছে। হাদীসে এসেছে রাতের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আল্লাহ তা‘আলা স্বয়ং বলেন: কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেবো, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করে দেবো, কে আছো আমার কাছে সম্পদ চাইবে তাকে আমি দেবো। এভাবে ফজর হওয়া পর্যন্ত বলতে থাকেন। (সহীহ বুখারী হা: ১১৪৫, সহীহ মুসলিম হা: ৭৫৮)



আল্লাহ তা‘আলার কাছে চাইতে কোন পীর-ফকীর বা মাজারে শায়িত ব্যক্তিসহ কারো মাধ্যম লাগে না, বরং সরাসরি আল্লাহ তা‘আলার কাছে চাইলেই আল্লাহ তা‘আলা খুশি হন ও তা পাওয়া যায়।



রিযিকের মালিক একমাত্র আল্লাহ তা‘আলা। তাই সকলের উচিত সব কিছু ছেড়ে একমাত্র আল্লাহ তা‘আলার কাছে চাওয়া।



(ضَرَبَ اللّٰهُ مَثَلًا عَبْدًا)



অত্র আয়াতে আল্লাহ তা‘আলার ও যারা আল্লাহ তা‘আলা ব্যতীত অন্যের ইবাদত করে তাদের দুটি উপমা বর্ণিত হয়েছে:



একটি উপমা হল-

১. কৃতদাস, যে দুনিয়ার কোন কিছু তো দূরের কথা নিজেরও মালিক না।

২. স্বাধীন ধনী ব্যক্তি যাকে আল্লাহ তা‘আলা অনেক সম্পদ দান করেছেন এবং সম্মানিত করেছেন। সে তার সম্পদ থেকে প্রকাশ্যে-অপ্রকাশ্যে আল্লাহ তা‘আলার পথে দান করে। এ দু’জন ব্যক্তি কি সমান? না, কখনো সমান হতে পারে না, অথচ দু’জনেই মাখলুক। তাহলে কিভাবে আল্লাহ তা‘আলা ও বান্দা সমান হতে পারে, যে বান্দার কোন ক্ষমতা ও সামর্থ্য নেই, সব দিক থেকে আল্লাহ তা‘আলার মুখাপেক্ষী। এজন্য আল্লাহ তা‘আলা নিজের প্রশংসা করেছেন।



দ্বিতীয় উপমা হল দু’জন ব্যক্তির একজন কোন কিছু শুনতে পায় না এবং কোন কথা বলতে পারে না, এমনকি কোন কিছু করতে সক্ষম নয়, সে তার মালিকের বোঝাস্বরূপ। এ ব্যক্তি কি ঐ ব্যক্তির মত হবে যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে নিজে সঠিক পথে প্রতিষ্ঠিত। তাঁর কথাগুলো ন্যায়সঙ্গত এবং কাজগুলো সঠিক। এ দু’জন যেমন সমান হতে পারে না তেমনি যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে আর যারা এক আল্লাহ তা‘আলার ইবাদত করে তারা কক্ষনো সমান হতে পারে না ।



(وَلِلّٰهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ....)



অর্থাৎ আকাশ ও জমিনে যত গায়েবের বিষয় রয়েছে সব আল্লাহ তা‘আলা জানেন, অন্য কেউ নয়। এসব গায়েবের বিষয়ের মধ্যে অন্যতম হল কিয়ামত দিবস সংঘটিত হওয়ার সময়কাল আল্লাহ তা‘আলা ছাড়া কেউ জানে না।



কিয়ামতের বিষয়টি আল্লাহ তা‘আলার কাছে একটি পলকের ন্যায় বরং তার চেয়েও সত্বর। তা সংঘটিত করতে আল্লাহ তা‘আলার এক মূহুর্তের ব্যাপার নয়।



অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন:



(وَمَآ أَمْرُنَآ إِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍۭ بِالْبَصَرِ)



“আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন, চক্ষুর পলকের মত।” (সূরা ক্বামার ৫৪:৫০)



আল্লাহ তা‘আলা আরো বলেন:



(إِنَّهُمْ يَرَوْنَه۫ بَعِيْدًا - وَّنَرَاهُ قَرِيْبًا)



“নিশ্চয়ই তারা ঐ দিনকে অনেক দূরে মনে করে, কিন্তু আমি তা দেখছি নিকটে।” (সূরা মায়া‘রিজ ৭০:৬-৭)



সুতরাং বুঝা গেল যে, কিয়ামত অতি সন্নিকটে, তা যেকোন মুহূর্তে সংঘটিত হতে পারে।



(وَاللّٰهُ أَخْرَجَكُمْ مِنْ.....)



অর্থাৎ আল্লাহ তা‘আলা মানুষকে মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করে আনেন যে,সে অবস্থায় তার কোন জ্ঞান থাকে না। কোনটা ভাল-মন্দ, কোন্টা সঠিক, কোন্টা বেঠিক ইত্যাদি সম্পর্কে থাকে একেবারেই অজ্ঞ। কিন্তু সৃষ্টির সময় আল্লাহ তা‘আলা কান, চোখ ও অন্তর দিয়ে দিয়েছেন যাতে কান দ্বারা শোনে, চোখ দ্বারা দেখে এবং অন্তর দ্বারা উপলদ্ধি করে জ্ঞান অর্জন করতে পারে। মানুষ যখন ধীরে ধীরে বড় হয় তখন তার সব কিছু বাড়তে থাকে এবং দৈহিক শক্তি ও জ্ঞানের পরিমাণও বাড়তে থাকে।



আল্লাহ তা‘আলা বলেন:



(قُلْ هُوَ الَّذِيْٓ أَنْشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ط قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ -‏ قُلْ هُوَ الَّذِيْ ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُوْنَ)



“বল: তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাক। বল: তিনিই পৃথিবীব্যাপী তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন এবং তাঁরই কাছে তোমাদেরকে একত্রিত করা হবে।” (সূরা মুলক ৬৭:২৩-২৪)



(أَلَمْ يَرَوْا إِلَي....)



উক্ত আয়াতে আল্লাহ তা‘আলা মানুষকে আবারো তাঁর ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে, তিনিই আকাশের এই শূন্য গর্ভে পাখিকে উড়ার ক্ষমতা দিয়েছেন, তাদেরকে স্থির রাখেন, কোন ইঞ্জিন নেই, কোন সংযোগ নেই। এসব কে করেন, একমাত্র আল্লাহ তা‘আলা। তাই নয় কী?



আল্লাহ তা‘আলা বলেন:



(اَوَ لَمْ یَرَوْا اِلَی الطَّیْرِ فَوْقَھُمْ صٰ۬فّٰتٍ وَّیَقْبِضْنَﺔ مَا یُمْسِکُھُنَّ اِلَّا الرَّحْمٰنُﺚ اِنَّھ۫ بِکُلِّ شَیْءٍۭ بَصِیْرٌﭢ)‏



“তারা কি লক্ষ্য করে না তাদের উপরে পাখিসমূহের প্রতি, যারা ডানা বিস্তার করে ও সঙ্কুচিত করে? দয়াময় আল্লাহই তাদেরকে শূন্যে স্থির রাখেন। তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা।” (সূরা মুলক ৬৭:১৯)



উপরোক্ত আয়াতগুলোতে আল্লাহ তা‘আলা তাঁর একচ্ছত্র আধিপত্যের কথাই বর্ণনা করছেন যে, তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা এবং তিনি তাদের রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব পালন করেন। সুতরাং ইবাদত পাবার যোগ্য একমাত্র তিনিই, অন্য কেউ নয়। তাই সকলের উচিত তাঁরই উপাসনা করা।



আয়াত হতে শিক্ষণীয় বিষয়:



১. রিযিকের মালিক একমাত্র আল্লাহ।

২. আল্লাহ তা‘আলার রাস্তায় দান করতে হবে।

৩. আল্লাহ তা‘আলার নিকট সকল কিছুর জ্ঞান রয়েছে।

৪. মানুষকে অস্তিত্বহীন থেকে সৃষ্টি করা হয়েছে।

৫. আল্লাহ তা‘আলা প্রদত্ত ক্ষমতায় পাখিরা শূন্য আকাশে উড়ে বেড়ায়।


তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)


তাফসীর: ৭৭-৭৯ নং আয়াতের তাফসীর

আল্লাহ তাআলা স্বীয় পূর্ণজ্ঞান ও পূর্ণ ক্ষমতার বর্ণনা দিচ্ছেন যে, যমীন ও আসমানের অদৃশ্যের খবর তিনিই রাখেন। কেউ এমন নেই যে, অদৃশ্যের খবর জানতে পারে। তিনি যাকে যে জিনিসের খবর অবহিত করেন সে তখন তা জানতে পারে। প্রত্যেক জিনিসই তার ক্ষমতার মধ্যে রয়েছে। কেউ তাঁর বিপরীত করতে পারে না, কেউ তাকে বাধা প্রদানও করতে পারে না। যখন যে কাজের তিনি ইচ্ছা করেন তখনই তা করতে পারেন। হে মানুষ! তোমাদের চক্ষু বন্ধ করার পর তা খুলতে তো কিছু সময় লাগে, কিন্তু আল্লাহর হুকুম পুরো হতে ততটুকুও সময় লাগে না। কিয়ামত আনয়নও তাঁর কাছে এরূপই সহজ ওটাও হুকুম হওয়া মাত্রই সংঘটিত হয়ে যাবে। একজনকে সৃষ্টি করা এবং অনেককে সৃষ্টি করা তাঁর কাছে সমান।

মহান আল্লাহ বলেনঃ “তোমরা আল্লাহর অনুগ্রহ সম্পর্কে চিন্তা করে দেখো, তিনি মানুষকে মায়ের গর্ভ হতে বের করেছেন। তখন তারা ছিল সম্পূর্ণরূপে শক্তিহীন। তারপর তিনি তাদেরকে শুনবার জন্যে কান দিলেন, দেখবার জন্যে দিলেন চক্ষু এবং বুঝবার জন্যে দিলেন জ্ঞান-বুদ্ধি। জ্ঞান-বুদ্ধির স্থান হচ্ছে। হৃদয়। কেউ কেউ মস্তিষ্কও বলেছেন। জ্ঞান ও বিবেক দ্বারাই লাভ ও ক্ষতি জানতে পারা যায়। এই শক্তি ও এই ইন্দ্রিয় মানুষকে ক্রমান্বয়ে অল্প অল্প করে দেয়া হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে এটাও বৃদ্ধি পেতে থাকে। শেষ পর্যন্ত পূর্ণতায় পৌঁছে যায়। মানুষকে এ সব এ জন্যেই দেয়া হয়েছে যে, তারা এ গুলোকে আল্লাহর মারেফাত ও ইবাদতে লাগিয়ে দেবে।” যেমন সহীহ বুখারীতে হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ আল্লাহ তাআলা বলেনঃ “যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা করে তারা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমার ফরজ আদায় করার মাধ্যমে বান্দা আমার যতটা নৈকট্য ও বন্ধুত্ব লাভ করে এতটা আর কিছুর মাধ্যমে করতে পারে না। খুব বেশী বেশী নফল আদায় করতে করতে বান্দা আমার নৈকট্য লাভে সমর্থ হয় এবং আমার বন্ধু হয়ে যায়। যখন আমি তাকে মুহব্বত করতে শুরু করি তখন আমিই তার কান হয়ে যাই যার দ্বারা শুনে, আমিই তার চক্ষু হয়ে যাই যার দ্বারা সে দেখে, আমিই তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধারণ করে এবং আমিই তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে-ফিরে। সে আমার কাছে চাইলে আমি তাকে দিয়ে থাকি। আশ্রয় চাইলে তাকে আশ্রয় দিয়ে থাকি। আমি কোন কাজে ততো ইতস্ততঃ করি না যতো ইতস্তত করি আমার মুমিন বান্দার রূহ কব করতে। সে মৃত্যুকে অপছন্দ করে এবং আমি তাঁকে অসন্তুষ্ট করতে চাই না। কিন্তু মৃত্যু এমনই যে, কোন প্রাণীই এর থেকে রেহাই পেতে পারে না।”

এই হাদীসের ভাবার্থ এই যে, মু'মিন যখন আন্তরিকতা ও আনুগত্যে পূর্ণতা লাভ করে তখন তার সমস্ত কাজ শুধুমাত্র আল্লাহরই জন্যে হয়ে থাকে। সে শুনে আল্লাহর জন্যে, দেখে আল্লাহর জন্যে। অর্থাৎ সে শরীয়তের কথা শুনে এবং শরীয়তে যেগুলি দেখা জায়েয রয়েছে সেগুলিই দেখে থাকে। অনুরূপ ভাবে তার হাত বাড়ানো এবং পা চালানোও আল্লাহর সন্তুষ্টির কাজের জন্যেই হয়ে থাকে। সে আল্লাহ তাআলার উপর ভরসা করে এবং তাঁরই কাছে সাহায্য প্রার্থনা করে। তার সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই হয়ে থাকে। কোন কোন গায়ের সহীহ হাদীসে এরপর নিম্নলিখিত কথাও এসেছেঃ “অতপর সে আমার জন্যেই শ্রবণ করে, আমার জন্যেই দর্শন করে , আমার জন্যেই ধারণ করে এবং আমার জন্যেই চলাফেরা করে।” এজন্যেই আল্লাহ তাআলা বলেনঃ “তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এবং হৃদয় যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।” যেমন অন্য আয়াতে তিনি বলেছেনঃ (আরবি) অর্থাৎ “তুমি বলঃ তিনিই (আল্লাহই) তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে কর্ণ, চক্ষু ও হৃদয় দিয়েছেন, তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। তুমি বলঃ তিনিই তোমারেকে ভূ-পৃষ্ঠে ছড়িয়ে দিয়েছেন এবং তোমাদেরকে তাঁরই কাছে একত্রিত করা হবে।” (৬৭:২৩-২৪)

এরপর মহামহিমান্বিত আল্লাহ স্বীয় বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেনঃ “তোমরা কি আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন পাখিগুলির দিকে লক্ষ্য কর না? আল্লাহ তাআলাই ওগুলিকে স্বীয় ক্ষমতা বলে স্থির রাখেন। তিনিই ওদেরকে এভাবে উড়বার শক্তি দান করেছেন এবং বায়ুকে ওদের অনুগত করে দিয়েছেন।” সূরায়ে মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেনঃ “তারা কি লক্ষ্য করে না, তাদের ঊর্ধ্বদেশে বিহঙ্গকুলের প্রতি যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে? তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা।” এখানেও আল্লাহ তাআলা সমাপ্তি টেনে বলেনঃ “এতে ঈমানদারদের জন্যে বহু নিদর্শন রয়েছে।”





সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।