আল কুরআন


সূরা ইবরাহীম (আয়াত: 27)

সূরা ইবরাহীম (আয়াত: 27)



হরকত ছাড়া:

يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء ﴿٢٧﴾




হরকত সহ:

یُثَبِّتُ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا بِالْقَوْلِ الثَّابِتِ فِی الْحَیٰوۃِ الدُّنْیَا وَ فِی الْاٰخِرَۃِ ۚ وَ یُضِلُّ اللّٰهُ الظّٰلِمِیْنَ ۟ۙ وَ یَفْعَلُ اللّٰهُ مَا یَشَآءُ ﴿۲۷﴾




উচ্চারণ: ইউছাব্বিতুল্লা-হুল্লাযীনা আ-মানূবিলকাওলিছছা-বিতি ফিল হায়া-তিদদুনইয়া-ওয়া ফিল আ-খিরাতি ওয়া ইউদিল্লুল্লা-হুজ জা-লিমীনা ওয়াইয়াফ ‘আলুল্লাহু মাইয়াশাউ।




আল বায়ান: আল্লাহ অবিচল রাখেন ঈমানদারদেরকে সুদৃঢ় বাণী দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে। আর আল্লাহ যালিমদের পথভ্রষ্ট করেন এবং আল্লাহ যা ইচ্ছা তা করেন।




আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ২৭. যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে সুদৃঢ় বাক্যের দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন(১) এবং যারা যালিম আল্লাহ তাদেরকে বিভ্রান্তিতে রাখবেন। আর আল্লাহ যা ইচ্ছে তা করেন(২)।




তাইসীরুল ক্বুরআন: যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত বাণীর অবলম্বনে দুনিয়ার জীবনে ও আখেরাতে প্রতিষ্ঠিত রাখবেন আর যালিমদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। তিনি যা ইচ্ছে করেন তাই করেন।




আহসানুল বায়ান: (২৭) যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ শাশ্বত বাণী দ্বারা ইহজীবনে ও পরজীবনে সুপ্রতিষ্ঠিত রাখেন[1] এবং যারা সীমালংঘনকারী আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করেন; আল্লাহ যা ইচ্ছা তা করেন।



মুজিবুর রহমান: যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে ইহজীবনে ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন এবং যারা যালিম, আল্লাহ তাদেরকে বিভ্রান্তিতে রাখবেন; আল্লাহ যা ইচ্ছা তা করেন।



ফযলুর রহমান: আল্লাহ দৃঢ় কথা (তওহীদের কলেমা) দ্বারা মুমিনদেরকে পার্থিব জীবন ও পরকালে দৃঢ় রাখেন। আল্লাহ জালেমদেরকে বিপথগামী করেন। আল্লাহ যা চান তাই করে থাকেন।



মুহিউদ্দিন খান: আল্লাহ তা’আলা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন। পার্থিবজীবনে এবং পরকালে। এবং আল্লাহ জালেমদেরকে পথভ্রষ্ট করেন। আল্লাহ যা ইচ্ছা, তা করেন।



জহুরুল হক: যারা ঈমান এনেছে আল্লাহ্ তাদের প্রতিষ্ঠিত করেন শাশ্বত বাণীর দ্বারা এই দুনিয়ার জীবনে ও পরকালে, আর আল্লাহ্ পথহারা করেন অন্যায়কারীদের, আর আল্লাহ্ যা ইচ্ছে করেন তাই করেন।



Sahih International: Allah keeps firm those who believe, with the firm word, in worldly life and in the Hereafter. And Allah sends astray the wrongdoers. And Allah does what He wills.



তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।


তাফসীরে যাকারিয়া

অনুবাদ: ২৭. যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে সুদৃঢ় বাক্যের দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন(১) এবং যারা যালিম আল্লাহ তাদেরকে বিভ্রান্তিতে রাখবেন। আর আল্লাহ যা ইচ্ছে তা করেন(২)।


তাফসীর:

(১) এ আয়াত থেকে আমরা আরো যে শিক্ষা পাই তা হলো, মুমিনের ঈমান ও কালেমায়ে তাইয়্যেবার একটি বিশেষ প্রতিক্রিয়া রয়েছে, তা হলোঃ মুমিনের কালেমায়ে তাইয়্যেবা মজবুত ও অনড় বৃক্ষের মত একটি প্রতিষ্ঠিত উক্তি। একে আল্লাহ তা'আলা চিরকাল কায়েম ও প্রতিষ্ঠিত রাখেন দুনিয়াতেও এবং আখেরাতেও। শর্ত এই যে, এ কালেমা আন্তরিকতার সাথে বলতে হবে এবং লা-ইলাহা ইল্লাল্লাহ-এর মর্ম পূর্ণরূপে বুঝতে হবে এবং সে অনুসারে আমল করতে হবে। এ কালেমায় বিশ্বাসী ব্যক্তিকে দুনিয়াতে আল্লাহ তা'আলার পক্ষ থেকে শক্তি যোগানো হয়। যখন কোন সন্দেহ আসে তাদেরকে সে সন্দেহ থেকে উত্তরণ করে দৃঢ় বিশ্বাসের প্রতি পথনির্দেশ দেয়া হয়। অনুরূপভাবে প্রবৃত্তির তাড়নায় মানুষ যখন দিশেহারা হয়ে যায়, তখনও তাদেরকে নিজের আত্মার অনিষ্টতা ও খারাপ ইচ্ছাশক্তির বিরুদ্ধে আল্লাহ ও তার রাসূলের ভালবাসাকে সবকিছুর উপর স্থান দেয়ার তাওফীক দেয়া হয়।

আখেরাতেও মৃত্যুর পূর্বমূহুর্তে দ্বীনে ইসলামীর উপর প্রতিষ্ঠিত রাখার মাধ্যমে তাকে উত্তম পরিসমাপ্তির ব্যাপারে সহযোগিতা করা হয়। তারপর কবরে তাকে ফেরেশতাদ্বয়ের প্রশ্নের সঠিক উত্তর প্রদানের সহযোগিতা করা হয়, ফলে সে উত্তর দিতে পারে যে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী। [সা’দী] অধিকাংশ মুফাসসির ও মুহাদ্দিস বলেন, এ আয়াত কবরের ফিতনা তথা প্রশ্নোত্তরের সাথে সংশ্লিষ্ট। বস্তুত: কবরের শাস্তি ও শান্তি কুরআন ও হাদীসের দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মুসলিমকে যখন কবরে প্রশ্ন করা হবে, তখন সে সাক্ষ্য দিবে যে, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এটাও বলবে যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল। আর এটাই হচ্ছে আল্লাহর বাণী- (يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ) এর উদ্দেশ্য। [বুখারীঃ ৪৬৯৯, মুসলিম: ২৮৭১] এছাড়া আরো প্রায় চল্লিশ জন সাহাবী থেকে এ বিষয়ে বহু হাদীস বর্ণিত আছে। ইবনে কাসীর স্বীয় তাফসীর গ্রন্থে এগুলো উল্লেখ করেছেন। হাদীসগুলো মুতাওয়াতির পর্যায়ের। [সা’দী] সাহাবাগণ তাদের তাফসীরে আলোচ্য আয়াতে আখেরাতের অর্থ কবর এবং আয়াতটিকে কবরের আযাব সওয়াব সম্পর্কিত বলে সাব্যস্ত করেছেন। [বিস্তারিত দেখুন, ইবন কাসীর; আত-তাফসীরুস সহীহ]


(২) অর্থাৎ আল্লাহ তা'আলা যা চান, তাই করেন। তিনি চাইলে কাউকে তাওফীক দেন, কাউকে তাওফীক থেকে বঞ্চিত করেন। কাউকে সুদৃঢ় রাখেন। কাউকে পদস্থলিত করেন। [বাগভী] কাউকে আযাব দেন, কাউকে পথভ্রষ্ট করেন। [কুরতুবী] তাঁর ইচ্ছাকে রুখে দাঁড়ায়, এমন কোন শক্তি নেই। উবাই ইবনে কা’ব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হুযাইফা ইবন ইয়ামান প্রমুখ সাহাবী বলেনঃ মুমিনের এরূপ বিশ্বাস রাখা অপরিহার্য যে, তার যা কিছু অর্জিত হয়েছে, তা আল্লাহর ইচ্ছায়ই অর্জিত হয়েছে। এটা অর্জিত না হওয়া অসম্ভব ছিল। এমনিভাবে যে বস্তু অর্জিত হয়নি, তা অর্জিত হওয়া সম্ভব ছিল না। তারা আরো বলেনঃ যদি তুমি এরূপ বিশ্বাস না রাখ, তবে তোমার আবাস হবে জাহান্নাম। কারণ, এটাই মূলতঃ তাকদীরের উপর ঈমান। আর যে কেউ তাকদীরের ভাল বা মন্দ হওয়ার উপর ঈমান আনবে না তার ঈমানই শুদ্ধ হবে না। তার আবাস জাহান্নাম হবেই। [ইবনুল কাইয়্যেম, তরীকুল হিজরাতাইন: ১/৮২]


তাফসীরে আহসানুল বায়ান

অনুবাদ: (২৭) যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ শাশ্বত বাণী দ্বারা ইহজীবনে ও পরজীবনে সুপ্রতিষ্ঠিত রাখেন[1] এবং যারা সীমালংঘনকারী আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করেন; আল্লাহ যা ইচ্ছা তা করেন।


তাফসীর:

[1] এর ব্যাখ্যা হাদীসে এরূপ এসেছে যে, মৃত্যুর পর কবরে মুসলিমকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন সে উত্তরে এ কথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত কোন (সত্য) মা‘বূদ নেই এবং মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রসূল। সুতরাং এটাই অর্থ হচ্ছে আল্লাহর এই বাণীর ﴿يُثَبِّتُ اللّهُ الَّذِينَ آمَنُواْ﴾ (বুখারীঃ তাফসীর সূরা ইবরাহীম, মুসলিমঃ কিতাবুল জান্নাতি ওয়া সিফাতি নাঈমিহা) অন্য এক হাদীসে আছে যে, যখন বান্দাকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা চলে আসে, তখন সে তাদের জুতার আওয়াজ শোনে। অতঃপর তার নিকট দু’জন ফিরিশতা আসেন এবং তাকে উঠিয়ে (নবী (সাঃ)-এর প্রতি ইঙ্গিত করে) জিজ্ঞেস করেন যে, ‘এই ব্যক্তি সম্পর্কে তোমার মত কি?’ সে মু‘মিন হলে উত্তর দেয় যে, তিনি আল্লাহর বান্দা এবং তাঁর রসূল। ফিরিশতাগণ তাকে জাহান্নামের ঠিকানা দেখিয়ে বলেন যে, আল্লাহ এর পরিবর্তে তোমার জন্য জান্নাতে ঠিকানা বানিয়ে দিয়েছেন। সে উক্ত উভয় ঠিকানা দেখে এবং তার কবর সত্তর হাত প্রশস্ত করে দেওয়া হয় এবং তার কবরকে কিয়ামত অবধি নিয়ামত সম্ভার দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। (মুসলিম, উপরোক্ত পরিচ্ছেদ) আরেক হাদীসে আছে, তাকে জিজ্ঞেস করা হয়, ‘তোমার রব কে? তোমার দ্বীন কী? তোমার নবী কে?’ সুতরাং আল্লাহ তাআলা অটলতা দান করেন এবং সে উত্তর দেয়, ‘আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম এবং আমার নবী মুহাম্মাদ (সাঃ)।’ (তাফসীর ইবনে কাসীর)


তাফসীরে ফাতহুল মাজীদ


তাফসীর: ২৪-২৭ নং আয়াতের তাফসীর:



ইবনু আব্বাস বলেন; (كَلِمَةً طَيِّبَةً) দ্বারা উদ্দেশ্য لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ তথা ‘আল্লাহ তা‘আলা ছাড়া সত্য কোন মা‘বূদ নেই’ এ সাক্ষ্য দেয়া। এ কালেমা তায়্যিবাকে উপমা দেয়া হয়েছে একটি উৎকৃষ্ট গাছের সাথে, আর সে (شَجَرَةٍ طَيِّبَةٍ) বা উৎকৃষ্ট গাছটি হল খেজুর গাছ।



একটু খেয়াল করলে আমরা দেখতে পাব সাধারণত ঝড় তুফানে অনেক গাছ-পালা পড়ে যায় ভেঙ্গে যায়, উপড়ে যায়। কিন্তু খেজুর গাছ জমিনে এত মজবুতভাবে থাকে যে, যত শক্তিশালী ঝড় আসুক না কেন সহজেই তা ভেঙ্গে পড়ে না এবং উপড়েও পড়ে না। আল্লাহ তা‘আলা কালেমা তায়্যিবাকে এ খেজুর গাছের সাথে তুলনা করেছেন। অর্থাৎ খেজুর গাছের গোড়া ও ভিত্তি যেমন মজবুত এবং উপরের শাখা-প্রশাখা আকাশে ছড়ানো ছিটানো, তার ফল-মূল দিয়ে সবাই উপকৃত হয় তেমনি কালেমা তায়্যিবাহ যার অন্তরে প্রবেশ করেছে সে মু’মিনের ঈমানের বিরুদ্ধে যতই ঝড় তুফান আসুক না কেন তার অন্তর থেকে কখনো ঈমান দূরভিত হয় না আর তার শাখা-প্রশাখা সৎ আমলগুলো আকাশের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ তা‘আলা তা সাদরে গ্রহণ করেন।



ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন: আমরা একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে ছিলাম, তিনি আমাদেরকে বললেন: আমাকে এমন একটি গাছের সংবাদ দাও যার পাতা শীত-গ্রীষ্ম কোন কালেই ঝড়ে পড়ে না এবং সব মওসুমেই ফল দেয়, ওই গাছের মতই মু’মিনের উদাহরণ। ইবনু উমার (রাঃ) বললেন আমার ইচ্ছা হল যে বলে দিই তা খেজুর গাছ। কিন্তু সেখানে আমার পিতা উমার, আবূ বকর রয়েছেন। তারা চুপ আছেন, তাই আমিও চুপ রইলাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন: সেটা হল খেজুর গাছ। (সহীহ বুখারী হা: ৪৬৯৮)



খেজুর গাছের সাথে মু’মিনের দৃষ্টান্ত হল উপকারীতা ও বরকতের দিক থেকে। এভাবে আল্লাহ তা‘আলা উদাহরণ পেশ করেন যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে।



(كَلِمَةٍ خَبِيثَةٍ)



বা কুবাক্য দ্বারা কুফরীকে বুঝানো হয়েছে। যারা আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূলের সাথে কুফরী করে তাদের তুলনা হল ঐ তিক্ত মাকাল ফলের বৃক্ষের সাথে যার শিকড় জমিনের ওপরে থাকে। একটু টান দেয়া মাত্রই এটা উঠে যায়, যার কোন স্থায়ীত্ব নেই। কাফিরদের দৃষ্টান্তও অনুরূপ। তারা যে আমল করে তা আকাশে পৌঁছায় না এবং আল্লাহ তা‘আলার দরবারেও গৃহীত হয় না। তাদের আমল সম্পূর্ণ বাতিল। তারা এ আমল দ্বারা কোন উপকার লাভ করতে পারে না।



(يُثَبِّتُ اللّٰهُ الَّذِينَ...)



এ আয়াতের ব্যখ্যায় ইমাম বুখারী (রহঃ) বলেন: বারা বিন আযেব (রাঃ) হতে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুসলিম ব্যক্তিকে যখন কবরে জিজ্ঞাসা করা হয় তখন সে সাক্ষ্য দেয় যে, আল্লাহ তা‘আলা ব্যতীত (সত্য) কোন মা‘বূদ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহ তা‘আলার রাসূল। এটাই হল আল্লাহ তা‘আলার বাণী, যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ তা‘আলা শাশ্বত বাণী দ্বারা দুনিয়াতে ও আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখেন। (সহীহ বুখারী হা: ৪৬৯৯)



অর্থাৎ মু’মিনরা যেমন দুনিয়াতে কালেমা তায়্যিবাহর ওপর সুপ্রতিষ্ঠিত, তারা যখন কবরে যাবে আর তাদেরকে রব, দীন ও নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন সঠিক উত্তরের ওপর প্রতিষ্ঠিত থাকবে। সহীহ বুখারী ও মুসলিমসহ অনেক হাদীসের কিতাবে রয়েছে একজন ব্যক্তিকে যখন কবরস্থ করা হয় তখন তার কাছে দুুজন ফেরেশতা আগমন করে এবং তাকে উঠিয়ে বসানোর পর জিজ্ঞাসা করে, তোমার রব কে? সে মু’মিন হলে উত্তর দিবে, আমার রব আল্লাহ তা‘আলা। তারপর জিজ্ঞাসা করা হবে, তোমার দীন কী? সে মু’মিন হলে বলবে: ইসলাম। তারপর বলবে, ইনি কে? সে বলবে, আমাদের নাবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)।



অতঃপর আকাশ থেকে আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দিকে দরজা খুলে দাও। পক্ষান্তরে কাফির হলে অবস্থা সম্পূর্ণ বিপরীত হবে।



কবরের আযাব ও মু’মিনদের পরিত্রাণ সম্পর্কিত আয়াত ও হাদীসসহ বিস্তারিত আলোচনা তাফসীর ইবনু কাসীরে রয়েছে। সুতরাং যারা দুনিয়াতে সঠিক ঈমান ও আমলের ওপর প্রতিষ্ঠিত থাকবে তারা কবরেও ঈমানের ওপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারবে।



আয়াত হতে শিক্ষনীয় বিষয়:



১. উত্তম কথার উপমা উত্তম জিনিসের সাথেই হয়।

২. মু’মিনদেরকে খেজুর গাছের সাথে উপকার ও বরকতের দিক থেকে তুলনা করা হয়েছে ।

৩. মু’মিনদের আমল সর্বদা আকাশে নিয়ে যাওয়া হয়।

৪. কবরের আযাব প্রমাণিত হল, মু’মিনরা ঈমানের ওপর প্রতিষ্ঠিত থাকতে পারবে, অন্যরা পারবে না।


তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)


তাফসীর: সহীহ বুখারীতে হযরত বারা ইবনু আযিব (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “মুসলমানকে যখন তার কবরে প্রশ্ন করা হয় তখন সে সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই এবং মুহাম্মদ (সঃ) আল্লাহর রাসূল। এই আয়াত দ্বারা এটাই বুঝানো হয়েছে।”

মুসনাদে আহমদে হযরত বারা ইবনু আযিব (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ “একজন আনসারীর জানাযায় আমি রাসূলুল্লাহর (সঃ) সাথে বের হই এবং গোরস্তানে পৌছি। তখন পর্যন্ত কবর তৈরীর কাজ শেষ হয় নাই। রাসূলুল্লাহ (সঃ) বসে পড়লেন এবং আমরাও তাঁর পাশে এমনভাবে বসে পড়লাম যে, যেন আমাদের মাথার উপর পাখী রয়েছে। তাঁর হাতে যে খড়িটি ছিল তা দিয়ে তিনি মাটিতে রেখা টানছিলেন। অতঃপর তিনি মাথা উঠিয়ে দু তিন বার বললেনঃ “কবরের শাস্তি হতে তোমরা আশ্রয় প্রার্থনা কর। বান্দা যখন দুনিয়ার শেষ এবং আখেরাতের প্রথম মুহুর্তে অবস্থান করে তখন তার কাছে আকাশ হতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতাগণ আগমন করেন, যেন তাঁদের চেহারাগুলি সূর্য। তাদের সাথে থাকে জান্নাতী কাফন ও জান্নাতী সুগন্ধি। তার পাশে তাঁরা এতো দূর নিয়ে বসে যান যত দূর তার দৃষ্টি যায়। এরপর মালাকুল মাওত (মৃত্যুর ফেরেশতা) এসে তার শিয়রে বসে পড়েন এবং বলেনঃ “হে পবিত্র রূহ! আল্লাহর ক্ষমা ও তাঁর সন্তুষ্টির দিকে চল।” তখন রূহ এমন সহজে বেরিয়ে আসে যেমন কোন মশক থেকে পানি ফোঁটা ফোঁটা হয়ে এসে থাকে। চক্ষুর পলক ফেলার সময় পর্যন্তই ঐ রূহকে ফেরেশতাগণ। তাঁর হাতে থাকতে দেন না,বরং তৎক্ষণাৎ তাঁর হাত থেকে নিয়ে নেন এবং জান্নাতী কাফন ও জান্নাতী সুগন্ধির মধ্যে রেখে দেন। স্বয়ং ঐ রূহ থেকেও মিশ আম্বরের চাইতেও বেশী সুগন্ধ বের হয়, যার চাইতে উত্তম সুগন্ধি দুনিয়ায় কখনো শুকা হয় নাই। তাঁরা ঐ রূহকে নিয়ে আকাশের দিকে উঠে যান। ফেরেশতাদের যে দলের পার্শ্ব দিয়ে তাঁরা গমন করেন তাঁরা তাঁদেরকে জিজ্ঞেস করেনঃ “এই পবিত্র রূহ কোন ব্যক্তির?” তারা তখন তার যে উত্তম নামে সে পরিচিত ছিল সেই নাম বলে দেন এবং তার পিতার নামও বলেন। দুনিয়ার আকাশে পৌছে তাঁরা আকাশের দরজা খুলে দিতে বলেন। তখন আকাশের দরজা খুলে দেয়া হয় এবং সেখান হতে ফেরেশতাগণ ঐ রূহকে নিয়ে দ্বিতীয় অকাশে, দ্বিতীয় আকাশ হতে তৃতীয় আকাশে এবং এইভাবে সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে যান। মহামহিমান্বিত আল্লাহ তখন বলেনঃ “আমার বান্দার কিতাব ইল্লীনে লিখে নাও এবং তাকে যমীনে ফিরিয়ে নিয়ে যাও। আমি তাকে ওটা থেকেই সৃষ্টি করেছি এবং ওটা থেকেই দ্বিতীয় বার বের করবো।” অতঃপর তার রূহ তার দেহে ফিরিয়ে দেয়া হয়। তার কাছে দ’জন ফেরেশতা আগমন করেন। তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করেনঃ “তোমার প্রতিপালক কে?” সে উত্তরে বলেঃ “আমার প্রতিপালক আল্লাহ।” আবার তারা প্রশ্ন করেনঃ “তোমার দ্বীন কি?” সে জবাবে বলেঃ “আমার দ্বীন ইসলাম।” আবার তারা প্রশ্ন করেনঃ “যে ব্যক্তিকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল তিনি কে?” সে উত্তর দেয়ঃ “তিনি আল্লাহর রাসূল (সঃ)।” তাঁরা পুনরায় জিজ্ঞেস করেনঃ তুমি কিরূপে জেনেছো?” সে জবাব দেয়ঃ “আমি আল্লাহর কিতাব পড়েছিলাম ও ওর উপর ঈমান এনেছিলাম এবং ওটাকে সত্য বলে জেনেছিলাম।” ঐ সময়েই আকাশ থেকে একজন আহবানকারী ডাক দিয়ে বলেনঃ “আমার বান্দা সত্য বলেছে। সুতরাং তার জন্যে জান্নাতী বিছানা। বিছেয়ে দাও, জান্নাতী পোষাক পরিয়ে দাও এবং জান্নাতের দিকের দরজাটি খুলে দাও।” তখন জান্নাত থেকে সুগন্ধপূর্ণ বাতাস তার কবরে আসতে থাকে। যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তার কবরটি প্রশস্ত করে দেয়া হয়। তার কাছে একজন নূরানী চেহারা বিশিষ্ট সুন্দর লোক আগমন করে এবং তাকে বলেঃ “তুমি খুশী হয়ে যাও। এই দিনেরই ওয়াদা তোমাকে দেয়া হয়েছিল।” সে তখন তাকে জিজ্ঞেস করেঃ তুমি কে? তোমার চেহারায় তো শুধু ভালই পরিলক্ষিতহচ্ছে।” সে উত্তরে বলেঃ “আমি তোমার সৎ আমল।” ঐ সময় ঐ মুসলমান ব্যক্তি বলেঃ “হে আমার প্রতিপালক! সত্বরই কিয়ামত সংঘটিত করে দিন, যাতে আমি আমার পরিবার বর্গ ও ধনমালের দিকে ফিরে যেতে পারি।”

পক্ষান্তরে কাফির বান্দা যখন দুনিয়ার শেষ সময় ও আখেরাতের প্রথম সময়ে অবস্থান করে তখন তার কাছে কালো ও কুৎসিত চেহারা বিশিষ্ট আসমানী ফেরেশতাগণ আগমন করেন এবং তাঁদের সাথে থাকে জাহান্নামী চট। যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তাঁরা বসে পড়েন। তারপর মালাকুল মাউত এসে তার শিয়রে বসে পড়েন এবং বলেনঃ “হে কলুষিত রূহ! আল্লাহর গযব ও ক্রোধের দিকে চল” তার রূহ দেহের মধ্যে লুকিয়ে থাকে, যাকে অতি কষ্টে বের করে আনা হয়। তৎক্ষণাৎ চোখের পলকে ঐ ফেরেশতাগণ রূহকে তাঁর হাত হতে নিয়ে নেন এবং জাহান্নামী ছালায় জড়িয়ে নেন। তার থেকে এমন দুর্গন্ধ বের হয় যে, ভূ-পৃষ্ঠে এর চেয়ে বেশী দুর্গন্ধময় জিনিস কখনো পাওয়া যায় নাই। তাঁরা ওটা নিয়ে আকাশে উঠে যান। ফেরেশতাদের যে দলের পার্শ্ব দিয়ে তাঁরা গমন করেন তাঁরা জিজ্ঞেস করেনঃ “এই কলুষিত রূহ কোন ব্যক্তির?” দুনিয়ায় তার যে খারাপ নামটি ছিল তারা তার সেই নাম বলে দেন। তার পিতার নামও বলেন। দুনিয়ার আকাশ পর্যন্ত দরজা খুলে দিতে বলেন। কিন্তু দরজা খোলা হয় না। অতঃপর রাসূলুল্লাহ (সঃ) (আরবি) এই আয়াতটি তিলাওয়াত করেন। অর্থাৎ “তাদের জন্যে আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না। এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। যতক্ষণ না সূচের ছিদ্র পথে উষ্ট্র প্রবেশ করে।” (৭:৪০) আল্লাহ তাআলা তখন বলেনঃ “তার কিতাব সিজ্জীনে লিখে নাও, যা যমীনের সর্বনিম্ন স্তরে রয়েছে।” তার রূহকে তখন তথায় নিক্ষেপ করা হয়। তারপর তিনি (আরবি) এই আয়াতটি পাঠ করেন (আরবি) অর্থাৎ-যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে সে যেন আকাশ থেকে পড়ে গেল, হয় পাখি তাকে ছো মেরে নিয়ে যাবে অথবা ধুলি ঘূর্ণি ঝঞ্জা তাকে কোন দুরের গর্তে নিক্ষেপ করবে।” (২২:৩১) অতঃপর তার রূহ দেহে ফিরিয়ে দেয়া হয়। তার কাছে দু'জন ফেরেশতা আগমন করেন। তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করেনঃ “তোমার প্রতিপালক কে?” সে উত্তরে বলেঃ “হায়, হায়! আমি তো জানি না!” আবার তাঁরা জিজ্ঞেস করেনঃ “তোমার দ্বীন কি?” এবারও সে জবাব দেয়ঃ হায়, হায়! আমি তো এটাও অবগত নই।” পুনরায় তারা প্রশ্ন করেনঃ “তোমাদের কাছে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে?” সে জবাবে বলেঃ “হায়, হায়! এ খবরও আমার জানা নেই!” ঐ সময়েই আকাশ থেকে ঘোষণাকারীর ঘোষণা শোনা যায়ঃ “আমার বান্দা মিথ্যাবাদী। তার জন্যে জাহান্নামের আগুনে বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দিকে দরজা খুলে দাও।” সেখান থেকে তার কাছে জাহান্নামের বাতাস ও বাম্প আসতে থাকে। তার কবর এতো সংকীর্ণ হয়ে যায় যে, তার দেহের এক পাঁজর অপর পাঁজরের মধ্যে ঢুকে পড়ে। বড় জঘন্য ও ভয়ানক আকৃতির এবং ময়লাযুক্ত খারাপ পোশাক পরিধানকারী অত্যন্ত দুর্গন্ধ বিশিষ্ট একটি লোক তার কাছে আসে এবং বলেঃ “এখন তুমি দুঃখিত ও চিন্তিত হয়ে যাও। এই দিনের তোমাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।” সে তাকে জিজ্ঞেস করেঃ “তুমি কে? তোমার চেহারায় শুধু মন্দই পরিলক্ষিত হচ্ছে।” সে উত্তর দেয় “আমি তোমার খারাপ আমলেরই আকৃতি বা রূপ।” সে তখন প্রার্থনা করেঃ “হে আমার প্রতিপালক! (দয়া করে) কিয়ামত সংঘটিত করবেন না।” (এ হাদীসটি ইমাম আবু দাউদ (রঃ), ইমাম নাসায়ী (রঃ) এবং ইমাম ইবনু মাজাহও (রঃ) বর্ণনা করেছেন)

মুসনাদে আহমদে এটাও বর্ণিত হয়েছে যে, সবান্দার রূহ বহির্গত হওয়ার সময় আসমান ও যমীনের মধ্যবর্তী জায়গায় ফেরেশতাগণ এবং আকাশের সমস্ত ফেরেশতা তার উপর করুণা বর্ষণ করে। আর আকাশের দরজা তার জন্যে খুলে যায়। প্রত্যেক দরজার ফেরেশতাগণ প্রার্থনা করেন যে, তার রূহ যেন তাদেরই দরজা দিয়ে উপরে উঠে যায়। (শেষ পর্যন্ত) ।

আর খারাপ লোকের ব্যাপারে রয়েছে যে, তার কবরে একজন অন্ধ, বধির ও বোবা ফেরেশতাকে নিয়োজিত করা হয়। তাঁর হাতে এমন একটা লোহার হাতুড়ি থাকে যে, যদি তা দিয়ে কোন এক বিরাট পর্বতে আঘাত করা হয় তবে তা মাটি হয়ে যাবে। এ হাতুড়ি দ্বারা ঐ ফেরেশতা তাকে প্রহার করেন। তখন সে মাটি হয়ে যায়। মহামহিমান্বিত আল্লাহ আবার তাকে পুর্বাবস্থায় ফিরিয়ে আনেন। ফেরেশতা আবার তাঁকে ঐ হাতুড়ি দ্বারা মারেন। সে তখন এমন জোরে চীৎকার করে যে, তার চীৎকার ধ্বনি মানব ও দানব ছাড়া সবাই শুনতে পায়। হযরত বারা ইবনু আযিব (রাঃ) বলেন যে, (আরবি) এই আয়াত দ্বারাই কবরের আযাব প্রমাণিত হয়। হযরত আবদুল্লাহ (রাঃ) এই আয়াতেরই তাফসীরে বলেন যে, এর দ্বারা কবরের প্রশ্নের উত্তরে মুমিনের প্রতিষ্ঠিত থাকা বুঝানো হয়েছে।

হযরত আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যখন বান্দাকে তার কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা (তাকে সমাধিস্থ করে) চলে যায়, আর তাদের চলে যাবার সময় তাদের জুতোর শব্দ তার কানে আসতে থাকে এমতাবস্থায়ই দু’জন ফেরেশতা তার কাছে পৌছে যান এবং তাকে উঠিয়ে বসিয়ে জিজ্ঞেস করেনঃ “এই লোকটি সম্পর্কে তোমার বক্তব্য কি?” সে মু'মিন হলে বলেঃ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর বান্দা ও রাসূল।” তখন তাকে বলা হয়ঃ “দেখো, জাহান্নামে এটা তোমার বাসস্থান ছিল। কিন্তু আল্লাহ এটাকে পরিবর্তন করে জান্নাতের এই বাসস্থানটি তোমাকে দান করেছেন। সে তখন দুটি জায়গায়ই দেখতে পায়।” (এ হাদীসটি আবদ ইবনু হামীদ (রঃ) তাঁর মুসনাদে বর্ণনা করেছন)

হযরত কাতাদা (রঃ) বলেন, তার কবর সত্তরগজ প্রশস্ত করে দেয়া হয় এবং কিয়ামত পর্যন্ত তা সবুজ শ্যামলে ভরপুর থাকে।

হযরত জাবির ইবনু আবদিল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহকে (সঃ) বলতে শুনেছেনঃ “কবরে এই উম্মতের পূরীক্ষা নেয়া হয়ে থাকে। যখন মু'মিনকে তার কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা সেখান থেকে প্রস্থান করে তখন একজন কঠিন ভয়ানক আকৃতির ফেরেশতা তার কাছে আগমন করেন। তাকে জিজ্ঞেস করেনঃ “তুমি এই লোকটি সম্পর্কে কি বলতে?” তখন সেই মুমিন উত্তরে বলেঃ “তিনি আল্লাহর রাসূল ও তাঁর বান্দা (সঃ)।” তখন ফেরেশতা তাকে বলেনঃ “তোমার ঐ বাসস্থানটি দেখে যা জাহান্নামে তোমার জন্যে নির্দিষ্ট করা হয়েছিল। কিন্তু আল্লাহ তোমাকে এর থেকে মুক্তি দান করেছেন এবং তোমার এই বাসস্থানের পরিবর্তে তিনি তোমাকে জান্নাতের ঐ বাসস্থানটি দান করেছেন। সে তখন দু'টোই দেখতে পায়। ঐ মু'মিন তখন বলেঃ “আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার বর্গকে এই সুসংবাদ প্রদান করি।” তাকে বলা হয়ঃ “থামো (এবং এখানেই অবস্থান কর)।” আর মুনাফিককে উঠিয়ে বসানো হয় যখন তার নিকট থেকে। তার পরিবারবর্গ ও আত্মীয় স্বজন বিদায় গ্রহণ করে। অতঃপর তাকে বলাহয়ঃ “তুমি এই লোকটি সম্পর্কে কি বলতে?” সে উত্তরে বলেঃ “আমি জানি না, লোকেরা যা বলতো আমিও তাই বলতাম।” তাকে তখন বলা হয় “তুমি জান নাই। এটা জান্নাতে তোমার বাসস্থান ছিল, কিন্তু তা পরিবর্তন করে জাহান্নামে তোমার বাসস্থান নির্ধারণ করা হয়েছে।” হযরত জাবির (রাঃ) বলেনঃ “আমি নবীকে (সঃ) বলতে শুনেছিঃ “কবরে প্রত্যেক বান্দাকে সেই ভাবেই উঠানো হয় যে ভাবে সে মৃত্যু বরণ করে। মু'মিনকে তার ঈমানের উপর এবং মুনাফিককে তার নিফাকের উপর। (এ হাদীসটি ইমাম আহমদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন। এর ইসনাদ ইমাম মুসলিমের (রঃ) শর্তের উপর সহীহ। তারা দু'জন এটা তাখরীজ করেন নি)

হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমরা রাসূলুল্লাহর (সঃ) সাথে এক জানাযায় হাযির হই। রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “হে জনমণ্ডলী! নিশ্চয় এই উম্মতকে কবরে পরীক্ষা করা হয়। যখন মানুষকে দাফন করা হয় এবং তার সঙ্গীরা তার থেকে পৃথক হয়ে পড়ে তখন তার কাছে একজন ফেরেশতা আসেন যার হাতে থাকে লোহার হাতুড়ি। তাকে তিনি বসিয়ে দিয়ে বলেনঃ “তুমি এই লোকটি সম্পর্কে কি বল!” যদি সে মু'মিন হয় তবে বলেঃ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সঃ) তাঁর বান্দা ও রাসূল।” তখন তিনি তাকে বলেঃ “তুমি সত্য বলেছো।” অতঃপর তার জন্যে জাহান্নামের দর খুলে দেয়া হয়। এ সময় ফেরেশতা তাকে বলেনঃ “এটাই হতো তোমার বাসস্থান যদি তুমি তোমার প্রতিপালকের সাথে কুফরী করতে। কিন্তু তুমি ঈমান এনেছো বলেই এটা হয়েছে তোমার বাসভবন।” অতঃপর তার জন্যে জান্নাতের দরজা খুলে দেয়া হয়। সে তখন ওর মধ্যে প্রবেশের ইচ্ছা করে। তখন তাকে বলা হয়ঃ “এখন এখানেই থাকো।” তারপর তার কবরের দিকে ওটা খুলে দেয়া হয়। আর যদি সে কাফির বা মুনাফিক হয়, তবে যখন ফেরেশতা তাকে জিজ্ঞেস করেনঃ “তুমি এই লোকটি সম্পর্কে কি বল?” সে উত্তরে বলেঃ “তাঁর সম্পর্কে আমি লোকদেরকে কিছু বলতে শুনতাম।” তখন ফেরেশতা তাকে বলেনঃ “তুমি জান নাই এবং পড় নাই, আর হিদায়াতও লাভ কর নাই।” তারপর তার জন্যে জান্নাতের দরজা খুলে দেয়া হয় তখন ফেরেশতা তাকে বলেনঃ “এটাই তো তোমার বাসস্থান যদি তুমি তোমার প্রতিপালকের প্রতি ঈমান আনতে। কিন্তু তুমি কুফরী করেছে বলে মহামহিমান্বিত আল্লাহ এ ঘরের পরিবর্তে এই ঘরকে তোমার জন্যে নির্ধারিত করে দিয়েছেন। এরপর তার জন্যে জাহান্নামের দরজা খুলে দেয়াহয়। তারপর ফেরেশতা তাকে হাতুড়ি দ্বারা প্রহার করতে থাকেন। তখন সে এতো জোরে চীৎকার করে যে, মহামহিমান্বিত আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সবাই তার চীৎকার শুনতে পায়, শুধুমাত্র মানব ও দানব ব্যতীত। তখন কওমের কেউ জিজ্ঞেস করলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! কারো সামনে যদি ফেরেশতা হাতে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকেন তবে কি তার স্বাভাবিক জ্ঞান থাকে?” উত্তরে রাসূলুল্লাহ (সঃ) কুরআন কারীমের (আরবি) এই আয়াতটিই পড়ে শুনান। অর্থাৎ “যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে আল্লাহ ইহজীবনে ও পরজীবনে সুপ্রতিষ্ঠিত রাখবেন।” (এ হাদীসটিও ইমাম আহমদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন)

হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “যার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তার কাছে ফেরেশতাগণ হাযির হন। সে সৎ লোক হলে তাঁরা বলেনঃ “(হে পবিত্র রূহ! তুমি পবিত্র দেহের মধ্যে ছিলে, প্রশংসিত হয়ে বেরিয়ে এসো আরাম, উত্তম জীবনোপকরণ এবং পরম দয়ালু ও দাতা আল্লাহর করুণাসহ।” তাকে এটা বলা হতেই থাকে, শেষ পর্যন্ত রূহ বেরিয়ে আসে। তখন তারা তাকে আকাশে উঠিয়ে নিয়ে যান। আকাশের দরজা খুলে দেয়া হয় এবং বলা হয়ঃ “এটা কে?” উত্তরে বলা হয়ঃ “অমুক।” তখন ফেরেস্তারা বলেনঃ “বাহঃ! বাহঃ! এটা হচ্ছে পবিত্র রূহ যা পবিত্র দেহের মধ্যে ছিল। তুমি প্রশংসিত অবস্থায় প্রবেশ কর এবং আরাম, জীবনোপকরণ এবং রাহীম ও কারীম আল্লাহর রহমত নিয়ে খুশী হয়ে যাও।” আর যদি দুষ্ট ও পাপী লোক হয় তবে ফেরেশতাগণ বলেনঃ “হে কলুষিত নফস! তুমি কলুষিত দেহের ভিতরে ছিলে। তুমি নিন্দনীয় অবস্থায় বেরিয়ে এসো এবং ফুটন্ত গরম, রক্ত পুঁজ খাওয়ার জন্যে এবং এ ধরনের আরো বহু শাস্তি গ্রহণের জন্যে প্রস্তুত হয়ে যাও।” এরূপ কথা তাকে বলা হতেই থাকে, শেষ পর্যন্ত সে বেরিয়ে আসে। তারপর তাকে আকাশে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞেস করা হয়ঃ “এটা কে?” উত্তরে বলা হয়ঃ “অমুক।” তখন বলা হয়ঃ “কলুষিত দেহের মধ্যে ছিল। তুমি নিন্দনীয় হয়ে ফিরে যাও। তোমার জন্যে আসমানের দরজা খোলা হবে না।” অতঃপর তাকে আকাশ থেকে নীচে নামিয়ে দেয়া হয় এবং কবরে নিয়ে আসা হয়। সৎ ব্যক্তি (কবরের মধ্যে) বসে পড়ে। তখন তাকে ঐ সব কথা জিজ্ঞেস করা হয় যা প্রথম হাদীসে বলা হয়েছে। পাপী লোকও উঠে বসে এবং তাকেও ঐ কথা জিজ্ঞেস করা হয় যা প্রথম হাদীসে বলা হয়েছে। (এ হাদীসটিও ইমাম আহমদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন)

অন্য এক রিওয়াইয়াতে আছে যে, আকাশের ফেরেশতা পবিত্র রূহকে বলেনঃ “আল্লাহ তোমার উপর করুণা বর্ষণ করুন! আর ঐ দেহের উপরও যার মধ্যে তুমি ছিলে। শেষ পর্যন্ত তারা ঐ রূহকে মহামহিমান্বিত আল্লাহর কাছে পৌছিয়ে দেন। সেখান হতে ইরশাদ হয়ঃ “তাকে শেষ মুদ্দত পর্যন্ত সময়ের জন্যে নিয়ে যাও।” তাতে রয়েছে যে, কাফিরের রূহের দুর্গন্ধের বর্ণনা করতে গিয়ে রাসুলুল্লাহ (সঃ) তাঁর চাদর খানা তার নাকের উপর রাখেন।

হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “মুমিনের রূহ্ যখন কব করা হয় তখন তার কাছে রহমতের ফেরেশতাগণ জান্নাতী সাদা রেশম নিয়ে আগমন করেন। অতঃপর তারা বলেনঃ “আল্লাহর আরাম ও শান্তির দিকে বেরিয়ে এসো।” তখন মিস্ক আম্বরের মত অতি উত্তম সুগন্ধিরূপে ওটা বেরিয়ে আসে। এমনকি ফেরেশতাগণ একে অপরের নিকট হতে নেয়ার ইচ্ছা করেন। যখন এটা পূর্ববর্তী মু'মিনদের রূহের সথে মিলিত হয় তখন যেমন কোন নতুন লোক সফর থেকে আসলে তার পরিবারের লোকেরা খুবই খুশী হয়, ঐ রূহগুলি এই রূহের সঙ্গে মিলিত হওয়ার কারণে তাদের চাইতেও বেশী খুশী হয়। তারপর পূর্বের রূহগুলি এই রূহকে জিজ্ঞেস করেঃ “অমুকের অবস্থা কি?” কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেঃ “এখন ওকে প্রশ্ন করো না। ওকে কিছু বিশ্রাম তো। গ্রহণ করতে দাও। এতো দুঃখ-কষ্ট হতে সবে মাত্র মুক্তি পেয়েছে। কিন্তু এই রূহ জবাব দেয়ঃ “সে তো মারা গেছে। সে কি তোমাদের কাছে পৌছে নাই?” তারা তখন বলেঃ “সে তা হলে তার স্থান জাহান্নামে চলে গেছে। আর কাফিরের রূহকে যখন যমীনের দরজার কাছে আনয়ন করা হয় তখন সেখানকার দারোগা ফেরেশতা তার দুর্গন্ধে খুবই অস্বস্তিবোধ করেন। অবশেষে তাকে যমীনের সর্বনিম্নস্তরে পেীছিয়ে দেয়া হয়।

হযরত আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত আছে যে, মু'মিনদের রূহগুলি জাবেঈনে একত্রিত করা হয়। আর কাফিরদের রূহগুলি হা মাউতের বারহৃত নামক জেলখানায় জমা করা হয়। তার কবর খুবই সংকীর্ণ হয়ে যায়।

হযরত আবু হুরাইরা হতে বর্ণিত, তিনি বলেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন তার কাছে কালো রঙ ও কড়া চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা আগমন করেন। একজনের নাম মুনকির এবং অপরজনের নাম নাকীর। তাঁরা তাকে জিজ্ঞেস করেনঃ “এই লোকটি সম্পর্কে তুমি কি বলতে?” জবাবে সে বলবে যা সে বলতোঃ “তিনি আল্লাহর বান্দা ও রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, এবং মুহাম্মদ (সঃ) তাঁর বান্দা ও রাসূল।” এ জবাব শুনে তাঁরা বলেনঃ “তুমি যে এটাই বলবে তা আমরা জানতাম।” অতঃপর তার কবর সত্তর গজ প্রশস্ত করে দেয়া হয় এবং তা আলোকোজ্জ্বল হয়ে যায়। আর তাকে বলা হয়ঃ “তুমি ঘুমিয়ে যাও।” সে তখন বলেঃ “আমি আমার পরিবার বর্গের কাছে ফিরে গিয়ে তাদেরকে এ খবর দিতে চাই।” তাঁরা বলেনঃ “তুমি সেই নব বধুর ন্যায় ঘুমিয়ে থাকো যাকে তার পরিবারের সেই জায়গায় যে তার কাছে সবচেয়ে বেশী প্রিয়। এভাবেই সে ঘুমিয়ে থাকে যে। পর্যন্ত না আল্লাহ নিজেই তাকে ঐ ঘুম থেকে জাগিয়ে তোলেন।” আর মুনাফিক ফেরেস্তাদের প্রশ্নের উত্তরে বলেঃ “মানুষেরা যা বলতো আমিও তাই বলতাম। কিন্তু আমি কিছুই জানি না।” ফেরেশতারা তখন বলবেনঃ “তুমি যে এই উত্তর দেবে তা আমরা জানতাম।” তৎক্ষণাৎ যমীনকে হুকুম দেয়া হয়ঃ “সংকীর্ণ হয়ে যাও।” তখন যমীন এমনভাবে সংকীর্ণ হয়ে যায় যে, তার এক পাঁজর অপর পাঁজরের সাথে মিশে যায়। অতঃপর তার উপর শাস্তি হতে থাকে যে পর্যন্ত না আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করেন এবং তাকে তার কবর থেকে উথিত করেন। (এ হাদীসী ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন এবং বলেছেন যে, এ হাদীসটি গারীব বা দুর্বল)

অন্য একটি হাদীসে আছে যে, কবরে মু’মিনকে যখন জিজ্ঞেস করা হয়ঃ “তোমার প্রতিপালক কে? তোমার দ্বীন কি? তোমার নবীকে?” তখন উত্তরে সে বলেঃ “আমার প্রতিপালক আল্লাহ, আমার দ্বীন ইসলাম এবং আমার নবী হযরত মুহাম্মদ (সঃ)। তিনি আমাদের কাছে আল্লাহ তাআলার নিকট থেকে দলীল-প্রমাণ নিয়ে এসেছিলেন। আমি তার উপর ঈমান এনেছি এবং তাঁর সত্যতা স্বীকার করেছি।” তাকে তখন বলা হয়ঃ “তুমি সত্য বলেছো। তুমি এরই উপর জীবিত থেকেছো, এরই উপর মৃত্যুবরণ করেছে এবং এরই উপর তোমাকে উঠানো হবে। (এই হাদীসটিও ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন)

হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “যার হাতে আমার প্রাণ রয়েছে তাঁর শপথ! যখন তোমরা মৃত ব্যক্তিকে দাফন করে ফিরে আসো তখন সে তোমাদের জুতার শব্দ শুনতে পায়। যদি সে মমিন হয়ে মরে থাকে তবে নামায় তার শিয়রে থাকে, যাকাত থাকে ডান পার্শ্বে, রোযা থাকে বাম পার্শ্বে আর অন্যান্য পুণ্য কাজ যেমন দান-খয়রাত, আত্মীয়তার সম্পর্ক যুক্ত করণ, লোকদের সাথে সদাচরণ ইত্যাদি থাকে তার পায়ের দিকে। যখন তার মাথার দিক থেকে কেউ আসে তখন নামায বলেঃ “এখান দিয়ে যাওয়ার জায়গা নেই।” ডান দিক থেকে বাধা দেয় যাকাত, বাম দিক থেকে বাধা দান করে রোযা এবং পায়ের দিক থেকে বাধা দেয় অন্যান্য পূণ্যের কাজ। অতঃপর তাকে বলা হয়ঃ “বসে যাও।” সে তখন বসে পড়ে এবং তার মনে হয় যে, সূর্য অস্তমিত হওয়ার নিকটবর্তী হয়েছে। ফেরেশতারা বলেনঃ “আমরা তোমাকে যে সব প্রশ্ন করবো তোমাকে উত্তর দিতে হবে।” সে বলেঃ “থামো, আমি আগে নামায আদায় করে নিই।” তাঁরা বলেনঃ “নামায তো আদায় করবেই, তবে আগে আমাদের প্রশ্নগুলির জবাব দাও।” সে তখন বলেঃ “আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন করতে চাও, কর।” তাঁরা প্রশ্ন করেনঃ “এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলছো এবং কি সাক্ষ্য দিচ্ছ?” সে জিজ্ঞেস করেঃ “হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে বলছো কি?” তারা উত্তরে বলেনঃ “হাঁ, তাঁর সম্পর্কেই বটে।” সে তখন বলেঃ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর রাসূল। তিনি আমাদের কাছে আল্লাহ তাআলার নিকট হতে দলীল নিয়ে এসেছিলেন। আমরা তাঁকে সত্যবাদী বলে বিশ্বাস করেছি।” তখন তাকে বলা হয়ঃ “তুমি এর উপরই জীবিত থেকেছে এবং এর উপরই মরেছো। আর এর উপরই ইনশা-আল্লাহ পুনরুত্থিত হবে।” অতঃপর তার কবরটি সত্তর গজ প্রশস্ত করে দেয়া হয় এবং তা আলোকোজ্জ্বল হয়ে যায়। আর জান্নাতের দিকে একটি দরজা খুলে দেয়া হয় এবং বলা হয়ঃ “দেখো, এটাই তোমার প্রকৃত বাসস্থান। সেখানে শুধু সুখ আর সুখ।” অতঃপর তার রূহ অন্যান্য পবিত্র রূহগুলির সাথে সবুজ রঙ এর পাখীর দেহে রেখে দেয়া হয় যা জান্নাতের গাছে রয়েছে। আর তার দেহ সেখানেই ফিরিয়ে দেয়া হয় যেখান থেকে তার সূচনা হয়েছে অর্থাৎ মাটিতে। এই আয়াতের ভাবার্থ এটাই। (এ হাদীসটি ইমাম ইবনু জারীর (রঃ) বর্ণনা করেছেন)

অন্য একটি রিওয়াইয়াতে আছে যে, মৃত্যুর সময়ের শান্তি ও নূর দেখে। মুমিন তার রূহ বের হয়ে যাওয়ার আকাংখা করে থাকে এবং আল্লাহ তাআলার কাছেও তার সাক্ষাৎ প্রিয় ও পছন্দনীয় হয়। যখন তার রূহ আকাশে উঠে যায় তখন তার কাছে মু'মিনদের রূহগুলি আগমন করে এবং তাদের পরিচিত লোকদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। যদি সে বলে যে, অমুক ব্যক্তি জীবিত আছে তবে তো ভালই, আর যদি বলে যে, অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে তবে তারা অসন্তষ্ট হয় এই কারণে যে, তার রূহ তাদের কাছে নিয়ে যাওয়া হয় নাই।

মুমিনকে তার কবরে বসিয়ে দেয়া হয়, অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়ঃ “তোমার প্রতিপালক কে?” উত্তরে সে বলেঃ “আমার প্রতিপালক আল্লাহ।” আবার জিজ্ঞেস করা হয়ঃ “তোমার নবী কে?” জবাবে সে বলেঃ “আমার নবী হযরত মুহাম্মদ (সঃ)।” ফেরেশতা পুনরায় জিজ্ঞেস করেনঃ “তোমার দ্বীন কি?” সে উত্তর দেয়ঃ “আমার দ্বীন ইসলাম।” তাতেই রয়েছে যে, আল্লাহর শত্রুর যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে এবং তাঁর অসন্তুষ্টির লক্ষণগুলি সে দেখে নেয় তখন তার রূহ বের হোক এটা সে চায় না। আল্লাহ তাআলাও তার সাক্ষাতে অসন্তুষ্ট হন। এই রিওয়াইয়াতে আরো রয়েছে যে, তার প্রশ্ন-উত্তর এবং মারপিটের পর তাকে বলা হয়ঃ “কর্তিত সাপের মত ঘুমিয়ে থাকো।” (এ হাদীসটি বাযাহ্ (রঃ) হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেছেন। ইমাম ইবনু কাছীরের মতে হযরত আবু হুরাইরা (রাঃ) এটা সম্ভবতঃ মারফুরূপেই বর্ণনা করেছেন)

আর একটি রিওয়াইয়াতে আছে যে, যখন মু'মিন রাসূলুল্লাহর (সঃ) রিসালাতের সাক্ষ্য দেয় তখন ফেরেশতা বলেনঃ “তুমি এটা কি করে জেনেছো? তুমি কি তাঁর যুগ পেয়েছিলে?” তাতে এটাও রয়েছে যে, কাফিরের কবরে শাস্তি দাতা ফেরেশতা এমন বধির হন যে, তিনি কখনো শুনতেও পান না এবং কখনো দয়াও করেন না।

হযরত ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, এই আয়াতের ব্যাপারে তিনি বলেনঃ মুমিনের যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন তার কাছে ফেরেশতাগণ উপস্থিত হন এবং তাঁকে সালাম দিয়ে জান্নাতের সুসংবাদ প্রদান করেন। যখন সে মারা যায় তখন তারা তার জানাযার সাথে চলেন এবং লোকদের সাথে তারাও তার জানাযার নামায় পড়েন। অতঃপর যখন তাকে দাফন করা হয় তখন তাকে তার কবরে উঠিয়ে বসানো হয় এবং জিজ্ঞেস করা। হয়ঃ “তোমার প্রতিপালক কে?” সে জবাবে বলেঃ “আমার প্রতিপালক আল্লাহ।” আবার তাকে প্রশ্ন করা হয়ঃ “তোমার রাসূল কে?” উত্তরে সে বলেঃ “মুহাম্মদ (সঃ)।” সে জবাব দেয়ঃ “তোমার সাক্ষ্য কি?” সে জবাব দেয়ঃ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সঃ) আল্লাহর রাসূল।” তখন যতদূর তার দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তার কবর প্রশস্ত করে দেয়া হয়। পক্ষান্তরে কাফিরের মৃত্যুর সময় ফেরেশতাগণ। অবতরণ করেন। তারা তাদের হাত বিছিয়ে দেন অর্থাৎ প্রহার করেন। তারা প্রহার করেন তার চেহারা ও নিতম্বের উপর তার মৃত্যুর সময়। অতঃপর যখন তাকে তার কবরে রাখা হয় তখন তাকে উঠিয়ে বসানো হয় এবং জিজ্ঞেস করা হয়ঃ “তোমার প্রতিপালক কে?” সে তাদেরকে কোন উত্তর দিতে পারে না। আল্লাহ ওটা তাকে বিস্মরণ করে দেন। যখন তাকে বলা হয়ঃ “তোমার কাছে যে রাসূলকে (সঃ) পাঠানো হয়েছিল তিনি কে?” সে এরও কোন উত্তর দিতে সক্ষম হয় না। এ ভাবেই আল্লাহ তাআলা যালিমদেরকে পথভ্রষ্ট করে থাকেন।

হযরত আবু কাতাদা’ আনসারী (রঃ) হতেও এই রূপই বর্ণিত আছে। তাতে রয়েছে যে, মু'মিন বলেঃ “আমার নবী মুহাম্মদ (সঃ) ।” কয়েকবার তাকে প্রশ্ন করা হয় এবং সে এই জবাবই দেয়। তাকে জাহান্নামের ঠিকানা দেখিয়ে দিয়ে বলা হয়ঃ “তুমি বাঁকা পথে চললে এটাই তোমার ঠিকানাহতো। আবার জান্নাতের ঠিকানা দেখিয়ে বলা হয়ঃ “তোমার তাওবার কারণে এটা তোমার বাসস্থান হয়েছে।” আর যখন কাফির মারা যায় তখন কবরে তাকে উঠিয়ে বসানো হয়। অতঃপর তাকে বলা হয়ঃ “তোমার প্রতিপালক কে? তোমার নবী কে?” সে উত্তর দেয়ঃ “আমি জানি না, তবে লোকদের আমি বলতে শুনতাম।” তখন বলা হয়ঃ “তুমি জান নাই।” তারপর তার জন্যে জান্নাতের দরজা খুলে দিয়ে বলা হয়ঃ “তুমি চেয়ে দেখো, সুপথে প্রতিষ্ঠিত থাকলে তোমার বাসস্থান এটাই হতো।” তারপর তার জন্যে জাহান্নামের দরজা খুলে দেয়া হয় এবং বলা হয়ঃ “তুমি বক্র পথে চলে ছিলে বলে তোমার বাসস্থান।

আল্লাহ তাআলা বলেনঃ “যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে ইহজীবনে ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন।” (এটা ইবনু আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন)

হযরত তাউস (রঃ) বলেন, দুনিয়ায় প্রতিষ্ঠিত থাকা দ্বারা কালেমায়ে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকা বুঝানো হয়েছে। আর আখেরাতে প্রতিষ্ঠিত থাকার অর্থ হচ্ছে মুনকির ও নাকীরের প্রশ্নের জবাবে প্রতিষ্ঠিত থাকা। কাতাদা’ (রঃ) বলেন যে, পার্থিব জীবনে প্রতিষ্ঠিত রাখার অর্থ হচ্ছে কল্যাণ ও উত্তম কাজের উপর প্রতিষ্ঠিত রাখা। আর পরকালে প্রতিষ্ঠিত রাখার অর্থ হচ্ছে কবরে প্রতিষ্ঠিত রাখা।

হযরত আবদুর রহমান ইবনু সামরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “একদা রাসূলুল্লাহ (সঃ) আমাদের কাছে বেরিয়ে আসলেন। ঐ সময় আমরা মদীনার মসজিদে অবস্থান করছিলাম। তিনি বললেন, “গত রাত্রে আমি কয়েকটি বিস্ময়কর ঘটনা দেখেছি। দেখলাম যে, আমার এক উম্মতকে কবরের শাস্তি পরিবেষ্টন করে রেখেছে। অতঃপর তার অযু এসে তাকে তা থেকে ছাড়িয়ে নিলো। আমার উম্মতের আর একজন লোককে দেখলাম যে, শয়তান তাকে ভীতি বিহবল করে রেখেছে, কিন্তু আল্লাহর যিকর এসে তাকে এর থেকে মুক্তি দিলো। আমার উম্মতের আর একটি লোককে দেখি যে, শাস্তির ফেরেশতাগণ তাকে ঘিরে রেখেছেন, অতঃপর তার নামায এসে তাকে বাঁচিয়ে নিলো। আমার উম্মতের আর একজন লোককে দেখি যে, সে পিপাসায় ছটফট করছে। যখন সে হাউযের উপর যাচ্ছে তখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া হচ্ছে। তার রোযা এসে তাকে পানি পান করিয়ে দিলো এবং পরিতুষ্ট করলো। আমি আমার আর একজন উম্মতকে দেখি যে, নবীগণ বৃত্তাকারে বসে আছেন। এই লোকটি যে বৃত্তের কাছেই বসতে যাচ্ছে সেখান থেকেই তারা তাকে তাড়িয়ে দিচ্ছেন। তৎক্ষণাৎ তার অপবিত্রতার গোসল আসলো এবং তাকেহাত ধরে নিয়ে এসে আমার পার্শ্বে বসিয়ে দিলো। আমার আরো একজন উম্মতকে দেখলাম যে, তার চার দিকে থেকে অন্ধকার ছেয়ে গেছে এবং উপরেও নীচেও। সে ওরই মধ্যে পরিবেষ্টিত রয়েছে। এমতাবস্থায় তার হজ্জ ও উমরা আসলো এবং তাকে ঐ অন্ধকার থেকে বের করে আলোকের মধ্যে পৌছিয়ে দিলো। আর একটি উম্মতকে দেখলাম যে, সে মুমিনদের সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু তারা তার সাথে কথা বলছে না। ঐ সময় আত্মীয়তার সম্পর্ক আসলো এবং তাদেরকে বললোঃ এর সাথে আপনারা কথা বলুন।” তারা তখন তার সাথে কথাবার্তা বলতে থাকলো। আমার উম্মতের আর একটি লোককে দেখলাম যে, সে তার মুখের উপর হতে অগ্নিশিখা দূর করার জন্যে । হাত বাড়াচ্ছে, ইতিমধ্যে তার দান খায়রাত আসলো এবং তার মুখের উপর পর্দা এবং মাথার উপর ছায়া হয়ে গেল। আমার উম্মতের আরো একটি মানুষকে দেখলাম যে, শাস্তির ফেরেশতাগণ তাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন। কিন্তু এ সময় তার ভাল কাজের আদেশকরণ এবং মন্দ কাজ থেকে নিষেধকরণ (এই পূর্ণকর্ম) আসলো এবং তাকে শাস্তির ফেরেশতাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে রহমতের ফেরেশতাদের মধ্যে দাখিল করে দিলো। আমার উম্মতের আর একটা লোককে দেখলাম যে, সে হাঁটুর ভরে পড়ে আছে এবং আল্লাহ ও তার মধ্যে পর্দা রয়েছে। এমন সময় তার সৎ চরিত্র আসলো এবং তার হাত ধরে নিয়ে আল্লাহর কাছে পৌছিয়ে দিলো। আমার উম্মতের আর একটি লোককে দেখি যে, তার আমল নামা তার বাম দিক থেকে আসছে, কিন্তু তার আল্লাহ ভীতি ওটাকে তার সামনে করে দিলো। আমার উম্মতের আর একটি মানুষকে দেখি যে, সে জাহান্নামের ধারে দাঁড়িয়ে রয়েছে। তৎক্ষণাৎ তার আল্লাহ থেকে কম্পিত হওন আসলো ও তা থেকে তাকে বাঁচিয়ে নিলো এবং সে চলে গেল। আর একটি লোককে দেখলাম যে, তাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করার উপক্রম হচ্ছে এমন সময় আল্লাহর ভয়ে তার ক্রন্ধন করণ আসলো এবং ঐ অঞই তাকে তা থেকে বাঁচিয়ে নিলো। আর একজন। মানুষকে দেখলাম যে, পুলসিরাতের উপর সে নড়বড় ও হাড় বড় করছে, (এবং পুল সিরাতের উপর থেকে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে), এমন সময় আমার উপর তার দরূদ পাঠ আসলো এবং তার হাত ধরে নিয়ে পার করে দিলো। আর একজন কে দেখলাম যে, সে জান্নাতের দরজার কাছে পৌছেছে, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। তৎক্ষণাৎ তার “লা ইলাহা ইল্লাল্লাহ' -এর সাক্ষ্য প্রদান পৌছলো এবং দরজা খুলিয়ে দিয়ে জান্নাতে প্রবিষ্ট করলো। (এ হাদীসটি ইমাম তিরমিযী (রঃ) তাঁর নাওয়াদিরুল উসূল’ নামক গ্রন্থে বর্ণনা করেছেন। কুরতুবী (রঃ) এ হাদীসটি আনয়ন করে বলেন যে, এটা খুব বড় হাদীস। এতে বিশেষ বিশেষ আমলগুলি উল্লেখ করা হয়েছে, যে গুলি বিশেষ বিশেষ বিপদের সময় মুক্তিদানের কারণ হয়ে থাকে। (তাযকিরা) )

তামীমুদ্দারী (রাঃ) নবী (সঃ) হতে বর্ণনা করেছেন যে, মহামহিমান্বিত আল্লাহ মালাকুল মাউত (মৃত্যুর ফেরেশতা) কে বলেনঃ “তুমি আমার বন্ধুর কাছে যাও, আমি তাকে সর্ব প্রকারের আসমানী বিপদ আপদ দ্বারা পরীক্ষা করেছি। সর্বাবস্থায় আমি তাকে আমার সন্তুষ্টিতেই সন্তুষ্ট পেয়েছি। তুমি যাও এবং তাকে আম





সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।