আল কুরআন


সূরা ইউনুস (আয়াত: 105)

সূরা ইউনুস (আয়াত: 105)



হরকত ছাড়া:

وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ﴿١٠٥﴾




হরকত সহ:

وَ اَنْ اَقِمْ وَجْهَکَ لِلدِّیْنِ حَنِیْفًا ۚ وَ لَا تَکُوْنَنَّ مِنَ الْمُشْرِکِیْنَ ﴿۱۰۵﴾




উচ্চারণ: ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ্দীনি হানীফাওঁ ওয়ালা-তাকূনান্না মিনাল মুশরিকীন।




আল বায়ান: আর (এ নির্দেশ) যে, ‘তুমি নিজেকে দীনের উপর প্রতিষ্ঠিত রাখ একনিষ্ঠভাবে এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না’।




আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ১০৫. আর এটাও যে, আপনি একনিষ্ঠভাবে নিজেকে দ্বীনে প্রতিষ্ঠিত রাখুন(১) এবং কখনই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না(২),




তাইসীরুল ক্বুরআন: আর আমাকে এও আদেশ দেয়া হয়েছে যে, তুমি দ্বীনের দিকে তোমার মুখ প্রতিষ্ঠিত কর একনিষ্ঠভাবে, আর তুমি কক্ষনো মুশরিকদের মধ্যে শামিল হয়ো না।




আহসানুল বায়ান: (১০৫) (আর আল্লাহ আমাকে এও আদেশ করেছেন যে), তুমি নিজেকে ধর্মের উপর একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত রাখ[1] এবং কখনই অংশীবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না।



মুজিবুর রহমান: আর এটাও যে, নিজকে নিজে এই ধর্মের প্রতি এভাবে নিবিষ্ট করে রাখবে যে, অন্যান্য সকল তরীকা হতে পৃথক হয়ে যাও, আর কখনও মুশরিকদের অন্তর্ভুক্ত হয়োনা।



ফযলুর রহমান: “আর এই (নির্দেশও আমাকে দেওয়া হয়েছে) যে, তুমি একনিষ্ঠ হয়ে দ্বীনের প্রতি তোমার মুখমণ্ডল স্থির রাখ (অর্থাৎ স্থীরভাবে দ্বীনমুখী থাক) এবং কিছুতেই মুশরিকদের দলভুক্ত হয়ো না।”



মুহিউদ্দিন খান: আর যেন সোজা দ্বীনের প্রতি মুখ করি সরল হয়ে এবং যেন মুশরেকদের অন্তর্ভুক্ত না হই।



জহুরুল হক: আর তোমার মুখ ধর্মের প্রতি একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত রাখো, আর কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।



Sahih International: And [commanded], 'Direct your face toward the religion, inclining to truth, and never be of those who associate others with Allah;



তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।


তাফসীরে যাকারিয়া

অনুবাদ: ১০৫. আর এটাও যে, আপনি একনিষ্ঠভাবে নিজেকে দ্বীনে প্রতিষ্ঠিত রাখুন(১) এবং কখনই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না(২),


তাফসীর:

(১) অর্থাৎ “নিজের চেহারাকে স্থির করে নিন।” এর অর্থ, আপনি এদিক ওদিক, সামনে, পেছনে, ডানে, বাঁয়ে মুড়ে যাবেন না। একেবারে বরাবর সোজা পথে দৃষ্টি রেখে চলুন, যেপথ আপনাকে দেখানো হয়েছে। তারপর বলা হয়েছে - অর্থাৎ সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধুমাত্র একদিকে মুখ করে থাকুন। কাজেই দাবী হচ্ছে, এ দ্বীন, আল্লাহর বন্দেগীর এ পদ্ধতি এবং জীবন যাপন প্রণালীর ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের ইবাদত-বন্দেগী, দাসত্ব, আনুগত্য করতে ও হুকুম মেনে চলতে হবে। এমন একনিষ্ঠভাবে করতে হবে যে, অন্য কোন পদ্ধতির দিকে সামান্যতম ঝুঁকে পড়াও যাবে না। অন্য আয়াতেও সে নির্দেশ এসেছে, যেমন, “কাজেই আপনি একনিষ্ঠ হয়ে নিজ চেহারাকে দ্বীনে প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহর ফিতরাত (স্বাভাবিক রীতি বা দ্বীন ইসলাম), এর উপর (চলার যোগ্য করে) তিনি মানুষ সৃষ্টি করেছেন; আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই। এটাই প্রতিষ্ঠিত দ্বীন; কিন্তু অধিকাংশ মানুষ জানে না [সূরা আর-রুম: ৩০]


(২) অর্থাৎ যারা আল্লাহর সত্তা, তাঁর গুণাবলী, অধিকার ও ক্ষমতা-ইখতিয়ারে কোনভাবে অন্য কাউকে শরীক করে কখনো তাদের অন্তর্ভুক্ত হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “আমি তোমাদের উপর দাজ্জালের চেয়েও যা বেশী ভয় করছি তা কি বলে দিবনা? আমরা বললামঃ হ্যাঁ, তিনি বললেনঃ ‘শির্কে খফী’। আর তা হলোঃ কোন মানুষ অপরের সন্তুষ্টি লাভের জন্য কোন নেক আমল করা। [মুসনাদে আহমাদ ৩/৩০]


তাফসীরে আহসানুল বায়ান

অনুবাদ: (১০৫) (আর আল্লাহ আমাকে এও আদেশ করেছেন যে), তুমি নিজেকে ধর্মের উপর একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত রাখ[1] এবং কখনই অংশীবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না।


তাফসীর:

[1] حنيف শব্দের অর্থ হল, একনিষ্ঠ। অর্থাৎ, সকল ধর্ম ত্যাগ করে একমাত্র ইসলাম ধর্ম অবলম্বন করা এবং সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর অভিমুখী হওয়া।


তাফসীরে ফাতহুল মাজীদ


তাফসীর: ১০৪-১০৭ নং আয়াতের তাফসীর:



এই আয়াতে আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে নির্দেশ দিচ্ছেন যে, তুমি সকল মানুষকে পরিষ্কারভাবে জানিয়ে দাও যে, তোমার তরীকা এবং মুশরিকদের তরীকা এক নয়, এক অপর থেকে ভিন্ন। আমি যে সঠিক দীন নিয়ে এসেছি, যদি তোমরা সে দীন সম্পর্কে সন্দেহ পোষণ কর, যে দীন এক আল্লাহ তা‘আলার ইবাদত করার নির্দেশ দেয় এবং সকল বাতিল মা‘বূদদেরকে বর্জন করার নির্দেশ দেয়, তাহলে জেনে রেখো, আমি তোমাদের সেই বাতিল মা‘বূদের ইবাদত করি না, যাদের উপাসনা তোমরা কর। আমি একমাত্র আল্লাহ তা‘আলারই ইবাদত করি, জীবন ও মৃত্যু তাঁরই হাতে। ফলে তিনি যখন ইচ্ছা তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন।



পরবর্তীতে আল্লাহ তা‘আলা বলছেন যে, সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র ইসলাম ধর্ম অবলম্বন করতে হবে এবং সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে একনিষ্ঠভাবে আল্লাহ তা‘আলার অনুগামী হতে হবে।



আল্লাহ তা‘আলার বাণী:



(فَأَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًا ط فِطْرَتَ اللّٰهِ الَّتِيْ فَطَرَ النَّاسَ عَلَيْهَا)



“অতএব তুমি একনিষ্ঠভাবে নিজেকে দীনের ওপর প্রতিষ্ঠিত রাখ; এটাই আল্লাহর ফিতরাত (প্রকৃতি) যার ওপর তিনি মানব সৃষ্টি করেছেন।” (সূরা রূম ৩০:৩০)



আল্লাহ তা‘আলা ছাড়া কেউ মানুষের কোন উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। মানুষের ভাল মন্দের মালিক একমাত্র আল্লাহ তা‘আলা। আল্লাহ তা‘আলা ইচ্ছা করলে কারো উপকার করতে পারেন এবং ইচ্ছা করলে কারো ক্ষতি করতে পারেন। মানুষকে যে বিষয়ে কোন উপকার বা ক্ষতি করার ক্ষমতা দেয়া হয়নি সে বিষয়ে কোন পীর, গাউস, কবরে শায়িত ব্যক্তি বা ওলী-আওলিয়া কারো উপকার বা ক্ষতি করতে পারে না। তাই আল্লাহ তা‘আলা নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা‘আলা ব্যতীত যে সকল বাতিল মা‘বূদেরা কোন উপকার বা অপকার করতে পারে না তাদেরকে কোন উপকার নিয়ে আসার জন্য বা ক্ষতি প্রতিহত করার জন্য আহ্বান কর না। যদি তা করো তাহলে শির্কে লিপ্ত হবে ও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।



আল্লাহ তা‘আলা বলেন:



(وَلَا تَدْعُ مَعَ اللّٰهِ إلٰهًا اٰخَرَ ﻣ لَآ إِلٰهَ إِلَّا هُوَ قف كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَه۫ ط لَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُوْنَ)‏



“তুমি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডেক না, তিনি ব্যতীত অন্য কোন সত্যিকার মা‘বূদ নেই। আল্লাহর সত্তা ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল। বিধান তাঁরই এবং তাঁরই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে।” (সূরা কাসাস ২৮:৮৮)



প্রকৃতপক্ষে সকল কল্যাণ লাভের জন্য বা অকল্যাণ প্রতিহতের জন্য আল্লাহ তা‘আলাকেই ডাকতে হবে, তাঁর কাছেই চাইতে হবে। স্বয়ং আল্লাহ তা‘আলার রাসূলকে যদি কোন অকল্যাণ আক্রান্ত করে তাহলে আল্লাহ তা‘আলা ছাড়া কেউ তা দূরীভূত করতে পারে না, আর তাঁকে কল্যাণ দিতে চাইলে কেউ তা প্রতিহত করতে পারে না। সুতরাং আপনি-আমি কেন আল্লাহ তা‘আলা ছাড়া অন্য কারো কাছে চাইতে যাবো, কেন আল্লাহ তা‘আলা ছাড়া অন্যকে ডাকতে যাবো। তাই প্রতিটি মু’মিন মুসলিম ব্যক্তিকে আপদে-বিপদে আল্লাহ তা‘আলাকেই ডাকা উচিত, তিনি যদি আমার জন্য কল্যাণ চান তাহলে কেউ প্রতিহত করতে পারবে না এবং তিনি অকল্যাণ চাইলেও কেউ রদ করতে পারবে না।



আয়াত হতে শিক্ষণীয় বিষয়:



১. আল্লাহ তা‘আলা ব্যতীত অন্য কোন সত্য উপাস্য নেই।

২. আল্লাহ তা‘আলা ব্যতীত অন্য কেউ উপকার ও অপকার করতে পারে না।


তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)


তাফসীর: ১০৪-১০৭ নং আয়াতের তাফসীর:

আল্লাহ তা'আলা স্বীয় রাসূল মুহাম্মাদ (সঃ)-কে বলেনঃ তুমি বলে দাও-- হে লোক সকল! আমি যে দ্বীনে হানীফ (একনিষ্ঠ ধর্ম) নিয়ে এসেছি, যার অহী আমার উপর অবতীর্ণ হয়েছে, যদি এর সঠিকতা ও সত্যতার ব্যাপারে তোমাদের সন্দেহ হয়ে থাকে তবে জেনে রেখো যে, আমি তোমাদের উপাস্যদের কখনো উপাসনা করবো না। আমি এক ও অংশীবিহীন আল্লাহরই বান্দা, যিনি তোমাদের মৃত্যু ঘটিয়ে থাকেন এবং যিনি তোমাদের জীবন দান করেছেন। নিঃসন্দেহে তোমাদের সকলকেই তারই নিকট ফিরে যেতে হবে। আচ্ছা, যদি ধরে নেয়া হয় যে, তোমাদের মা’রূদ সত্য, তবে তাদেরকে আমার কোন ক্ষতি করতে বলতো? জেনে রেখো যে, তাদের কারো লাভ বা ক্ষতি করার কোনই ক্ষমতা নেই। লাভ ও ক্ষতি করার হাত তো শরীকবিহীন আল্লাহর। হে নবী (সঃ)! তুমি কাফিরদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সম্পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদতে লেগে যাও। শিরকের দিকে একটুও ঝুঁকে পড়ো না। যদি আল্লাহ তোমাকে ক্ষতির মধ্যে পরিবেষ্টন করেন, তবে কে এমন আছে যে, তোমাকে তা থেকে বের করতে পারে? লাভ ও ক্ষতি, কল্যাণ ও অকল্যাণ তো তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।

আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমরা সারা জীবন কল্যাণ অনুসন্ধান কর এবং আল্লাহর নিয়ামতসমূহ কামনা কর। আল্লাহর করুণার হাওয়া যে সৌভাগ্যবানকে স্পর্শ করেছে সে ভাগ্যবান। বটে। তিনি যাকে চান তার উপর নিজের করুণা বর্ষণ করেন। আল্লাহ পাকের নিকট প্রার্থনা কর যে, তিনি যেন তোমাদের দোষত্রুটি গোপন রাখেন এবং তোমাদেরকে যুগের বিপদাপদ এবং নফসের বিপদাপদ থেকে নিরাপত্তা দান করেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু। তোমাদের যত বড়ই পাপ হাক না কেন, যদি তাওবা করে নাও, তবে তিনি তা ক্ষমা করে দেবেন। এমন কি শিরক করেও যদি তাওবা কর, তবে তাও তিনি ক্ষমা করবেন।





সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।